Tuesday, March 11, 2008

নীড়ে ফেরাঃ গর্ভধারিণী পর্ব

প্রতীক্ষার প্রহর অনেক দিনের। চাইলেই আবেগগুলোর বল্গা ছেড়ে দেওয়া যেত। মুখোমুখি হতেই তবু দেওয়ালগুলো দাঁড়িয়ে গেল কীভাবে যেন।। কথাটা আমার মাকে বলা। ভুললো না দূরত্বের ছলে।। আমিও চিরচেনা বড় ছেলের মত করেই আলাদা হয়ে গেলাম, চোখ সরিয়ে নিলাম, গাড়ির বুট থেকে মালপত্র নামাতে ব্যস্ত হয়ে গেলাম। এভাবেই শুরু চার দিনের এক ঝটিকা সফরের গর্ভধারিণী পর্ব। দুষ্টুমিভরা বাঁকা হাসি মুখে নিয়ে বললাম, পঞ্চাশ হওয়ার আগেই আশি হয়ে গেলে দেখছি মাথাটা আলতো করে ঝাঁকিয়ে, একটু পেছনে হেলিয়ে, মুচকি হেসে এসে জড়িয়ে ধরলো, মাথায় হাত বুলালো

লুইজিয়ানা ছেড়েছি ঠিক সাত মাস আগে। স্প্রিং-ব্রেকে অনেকটা ধুম করেই বেড়াতে চলে আসা। মা অসুস্থ, মাঝে কিছু সময় হাসপাতালে ছিল।। ছোট ভাইটা ক্লাস আর কাজের ভাঁজে চিড়েচ্যাপ্টা অবস্থার মাঝেও যেটুকু পেরেছে করেছে। পুরুজিত তো বন্ধুর মাকে নিজের মায়ের মত করে আগলে রাখছে অনেক দিন ধরেই। একই দেশে আমি দূরে বসে কোন বেলায় মুড়ি-চানাচুর খাই, তো কোন বেলায় বসে বসে স্পেলবাইন্ডার দেখি। চোখের আড়াল হতে পারলে জীবন কী সহজ, অনাবিল। পড়তে ভাল লাগুক চাই না লাগুক, হোমওয়ার্ক শেষ হোক বা না-হোক, লেখাপড়াকে দায়িত্ব এড়ানোর উছিলা হিসেবে কী সহজে দাঁড় করিয়ে দেওয়া যায়। পড়শি বাঙালিরা কেউ খাবার দিয়ে গেছেন, কেউ ডাক্তারের কাছে নিয়ে গেছেন, কেউ দিনে কয়েক দফা করে খোঁজ নিয়ে গেছেন

এক বেডরুমের ছোট্ট বাসাটায় ঢুকতেই স্মৃতিগুলো আঁকড়ে ধরলো যেন। নাতিদীর্ঘ প্রবাসজীবনে একবার দেশে গিয়েছিলাম। নস্টালজিয়া তেমন একটা কাবু করেনি। শুধু কেমন যেন একটা অন্য রকম লাগা ছিল। এবার লুইজিয়ানা ফিরে বুঝলাম, নীড় মানে নিজের দেশ, ঘর, আলো, বা বাতাস না। মা যেখানে, নীড় সেখানেই; সর্বংসহা গর্ভধারিণীর স্মিত হাসি যেখানে, সেখানেই জীবন। গুড়ি গুড়ি তেলাপোকাগুলো দেখে কত্ত দিনের চেনা মনে হচ্ছিল। ফেলে যাওয়া শেভিং ক্রিমের কৌটায় তেলাপোকার ডিম, রংচটা কার্পেটে মশলার গন্ধ, পানির কলের বিকট আওয়াজ। মনে হচ্ছিল যেন এই গতকালই এখানে ছিলাম আমি।

হার্ভার্ড ব্র্যান্ডের আফটার শেভ’টা চোখে পড়ে গেলো। দেশ ছাড়ার আগে বাবার দেওয়া। ছেলে গায়ে-গতরে বেড়ে ওঠার প্রথম স্বীকৃতি ছিল সেটা।। সংসারের দায়িত্বের পালাবদল হতে হতে আজকের অবস্থা অনেক ভিন্ন। আমার এককালের জাঁদরেল বাবা আজকে ফোন করে বলে মাকে দেখে রাখতে, মায়ের সাথে ঝগড়া করে দুই তরফ থেকেই ফোন করে অনুযোগ করে। এমনতর কথা ভাবতে ভাবতে বসে পড়লাম ৩৫ ডলারে কেনা রিক্লাইনারটায়। মাত্র একটা বছর আগে এখানেই একা বসে কাটিয়েছি জীবনের সবচেয়ে কষ্টের সময়টুকু। পুরো দিন ঘুরে আমার প্রতীক্ষিতার জন্য বিয়ের আংটি কিনে এনে এই রিক্লাইনারে বসেই ফোন করে অঞ্জনের সুরে বলেছিলাম, আর মাত্র কয়েকটা মাস, ব্যাস্‌। এইতো সামনেই মা জিজ্ঞাসু চোখ নিয়ে বসেছিল। এখানে বসেই জবাবে শুনেছিলাম, তোমাকে বলা হয়নি, আমি আমার এক ক্লাসমেটের সাথে আছি এখন, বিদায়। সেই মুহূর্তটার আগ পর্যন্ত জানতাম আমাকে দিয়ে কোনদিন অভিনয় সম্ভব না। হায় রে জীবন। সেই দিনটায় সামান্য এক কৌটা ঝাঁঝালো সুগন্ধী পেয়েই কী খুশি হয়ে গিয়েছিলাম

আমার মাকে নিয়ে আমি কখনো লিখি না। শুধুমাত্র কোথায় শুরু করবো জানি না দেখেই। নানা পিএইচডি করার সময়টায় আমার মাকে গ্রামে থাকতে হয়েছে পাঁচ বছর। লেখাপড়ার সেই ছেদ উত্তরণ করে অনার্স সেরেও মাস্টার্স করতে পারেনি আমি পেটে চলে আসায়। মা-বাবা-ভাই বছর তিনেক আগে ডিভি পেয়ে আমেরিকা চলে এসেছে। মা সেই থেকে আমাদের দুই ভাইয়ের পড়ার খরচ যোগাচ্ছে হাড়কেপ্পন এক চাইনিজ রেস্তোরাঁয় অহর্নিশ কাজ করে। বকলে শুনে না, বারণ করলে মানে না। বাসা ভাড়া, প্লেনের টিকেট, হরেক রকম বিল, ভার্সিটির টিউশন, ইত্যাদির সবকিছু আমরা দেই আমার মায়ের মাংস বেঁচে।

বাবা দেশে আটকে আছে সরকারী চাকরি আর পেনশনের দুশ্চিন্তা নিয়ে। মায়ের শরীরের ভাঙনটা শুধু সময়ের ব্যাপার ছিল। শুকিয়ে আধখানা হয়ে যাওয়া আমার মাকে দেখে মনে পড়ছিল প্রথম দিকের দিনগুলোর কথা। হিসপ্যানিক ম্যানেজার এক বেলায় ষোল থেকে কুড়ি বালতি বরফ টানাতো, আমি কাউন্টারের ওপাশে বসে দেখতাম। ইংরেজি বলতে সংকোচের সুযোগ নিয়ে দাসের মত খাটাতো। আমার মাও নিঃশব্দে শ্রম দিয়ে যেতো, স্বামী-সন্তানের স্বাচ্ছন্দ্যের স্বপ্ন নিয়ে। রিৎজ্‌ কোম্পানির বিস্কুট ওয়ালমার্টগামী মাত্রই চেনেন। স্যাম্‌স ক্লাব থেকে রিৎজের প্যাকেট নিয়ে আসতাম।। মা আমার সকাল-সন্ধ্যা কামলা খাটতো সেই বিস্কুট খেয়ে। ভিড়ের দোহাই দিয়ে ম্যানেজার লাঞ্চ ব্রেক দিতো না, দোকানের খাবার খেলেও টাকা নিতো, মেপে মেপে ড্রিংক দিতো। পকেটে লুকানো বিস্কুটগুলোই ছিল ভরসা। আমরা দুই ভাই প্রেম আর বন্ধু নিয়ে মেতে থেকে জগৎ উদ্ধার করতাম। লন্ড্রি থেকে কাপড় এনে রাগ হতাম মায়ের উপর, পকেট থেকে বিস্কুট বের করতে ভুলে গেছে দেখে।। ছোট ছোট প্যাকেটে ছোট্ট, গোল বিস্কুটগুলো আমার সেই মা’টা কেমন ছোট্ট, শুকনো আজকে

বহুদিন পর সামনে পেয়ে আলাপচারিতাগুলোও যেন কেমন হয়ে গেল।

- না, বাবা। তেমন কষ্ট হয় নাই। এমনিই মাথা ঘুরাচ্ছিল খুব। তোমার লোপা আন্টি এসে বললো, এভাবে বসে থাকার মানে নেই। ইমার্জেন্সিতে নিয়ে গেল। ওরা দেখে হাই-প্রেশার, ফ্লু। ব্রেইনে স্ক্যান করে দেখলো সাইনাস ইন্‌ফেকশন। ভর্তি করে রেখে দিলো। কাজে যেতে পারলাম না সেদিন আর।। সাথে অ্যান্টিবায়োটিক। এরপর কী একটা ওষুধ দিলো, শুধু ঘুমালাম কয়দিন

- হুম, ভাল হয়েছে। দরকার ছিল বিশ্রামটা। আমাদের কথা তো শুনবা না, এভাবেই ঘুম দরকার ছিল। তোমার তো চিরকাল লো-প্রেশার ছিল, হঠাৎ উল্টাযাত্রা কেনো?

- আমি কী জানি! আমিও তো শুনে অবাক। চোখের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে সামনে। আমার একটা চোখ নাকি সরে যাচ্ছে, অপারেশন করতে হবে ঠিক রাখতে। দৃষ্টিশক্তি তেমন একটা ভাল হবে না আর। থাক, কী দরকার এখন এসব করে টাকা নষ্ট করার?

- দেখা যাক। আর কয়টা দিন সময় দাও, দেখি কী করা যায়। আহা, মানা করলাম তো এটা নিয়ে কথা বলতে। হাতের এই অবস্থা কীভাবে হল? রক্ত নিতে গিয়ে হাত এভাবে মোরব্বা বানানোর মানে কী? ধমকও দিতে পারলা না একটা। মুখচোরাই থেকে গেলা আজীবন। নিজের কথা মুখ ফুঁটে বলার সাহস কবে হবে তোমার?

- নতুন একটা নার্স, বলে ভেইন খুঁজে পায় না। অযথা ওদের উপর রাগ কোর না। ওরা অনেক যত্ন নিয়েছে আমার। বিনাপয়সায় এরচেয়ে ভাল চিকিৎসা আশা করা ঠিক না।

- কী করতে যে আমেরিকা আসলাম। পেলাম তো না-ই কিছু, বরং হারালাম সবকিছু। দেশের জীবন কত গোছানো ছিল। কোন ভূতের কামড়ে যে আমি আমেরিকা আসলাম। আমি না আসলে তুমিও সুরসুর করে এসে পড়তা না। যৎসামান্য যা-কিছু ছিল, তাও গেলো।

- এভাবে ভাবতে নাই। আর সবার মত ভাবতে পারো না? ঐ এক দুঃখ বুকে নিয়ে নিজের জীবনটা নষ্ট করে দিবা এভাবে?

- আমি কিন্তু কোন পুরানো কথা তুলি নাই, মা। আমি ভালই আছি।

- আমার কাছে লুকানোর চেষ্টা করছো? একটা মেয়ের জন্য এভাবে সব ছেড়ে দিচ্ছো? দেখিয়ে দেওয়ার জেদ কাজ করে না বুকের মধ্যে? মনে হয় না, কোন একদিন যেন ভুল বুঝতে পারে?

- আমি তো প্রতিশোধ-তাড়িত মানুষ না! আমাকে দিয়ে এরকম চিন্তা আসে না। আমার কষ্টটা শুধু আমি একা বুঝি। আমার মত করে ছেড়ে দাও, প্লিজ। আমি আমার জগৎটা একটু একটু করে আবার তৈরি করছি।

- মাত্র দু-তিন বছর ধরে চেনা একটা মেয়ের জন্য এত কিছু ছেড়ে দিচ্ছো, একবার এই মা’র কথা মনে পড়ে না? আমি যে পঁচিশ বছর ধরে তোমাকে একটু একটু করে বড় করলাম, সেটার কী হবে? আমি যে সেই চার বছর বয়স থেকে সাথে সাথে ঘুরে তোমাকে লেখাপড়া করালাম, তার কী হবে? তোমার উপর ঐ মেয়ের দাবি আছে, আমার দাবি নেই?

সেই সে রিক্লাইনারে বসে জীবনের দ্বিতীয় ঝাঁকিটা খেলাম। আমার মা আমার সামনে দাঁড়িয়ে তার পাওনাটুকু দাবি করছে, করতে হচ্ছে। আর কীই বা করবে? ভাল রেজাল্ট চাইতো, পেতো। অথচ কুসন্তান এই আমি তো কোনদিন মা-বাবাকে খুশি করার মানসে লেখাপড়া করিনি, করেছি ছেলেভুলানো এক সুন্দরীকে ঘরে তোলার স্বপ্নে বিভোর হয়ে। এভাবে কেটে গেল প্রথম রাত।

পরদিন ব্লাড টেস্ট করাতে নিয়ে গেলাম হাসপাতালে। অপেক্ষা করতে করতে এক কাল্লুমামার কায়কারবার দেখছিলাম। গাম চিবাচ্ছে, গাম বিলাচ্ছে, সবার কুশল জানতে চাচ্ছে, সবার সাথে হাত মেলাচ্ছে। নাহ, আমেরিকার সাউথ আসলেই আলাদা। দরজার ফাঁক দিয়ে উঁকি দিচ্ছিলাম, বললো ভয় পায় না আর। যাবার পথে মা বলছিলো গাড়ি চালানোর কথা।

- আজকে আমি চালাই, তুমি দেখো তো আমার চালানোটা কেমন এখন। আমি মাঝেমধ্যে একটু-আধটু শিখেছি।

- নাহ, হাতটা ঠিকমত ঘুরানো শিখবা না তুমি কোনদিন। এ কী, খালি পায়ে চালাচ্ছো কেন? পায়ে গরম লাগবে তো।

- আমার এভাবেই সুবিধা। আমাকে আমার মত একটু চালাতে দিয়েই দেখো না। আহারে, আজমীরের ঐ গাড়িটা আর নাই, না? খুব মনে পড়ে ওটার কথা। ওটায় করে আমাকে নিউ ইয়র্ক থেকে নিয়ে গিয়েছিল তোমাদের ওখানে।

- আর বোল না ঐ পাগলের কথা। আমারো খুব মন পড়ে ঐ গাড়িটার জন্য।

- আচ্ছা, এবার যে তুমি আমাকে তেমন বকা-ঝকা করছো না?

- দেই নাই, তবে দিতে কতক্ষণ? রাস্তার দিকে চোখ রাখো। আরেকটু জোরে চালাতে পারো, স্পিড লিমিট ৩৫ এখানে। ওহ, আজকে বিকেলে তোমাকে সমুদ্রের পাড়ে নিয়ে যাবো কিন্তু।

- জানো, সেদিন তোমার মঞ্জু আঙ্কেল একটা কথা বলছিল। মানুষ তো মিড্‌ল-ইস্ট থেকে কত কত দিনার পাঠায়, তবু সবাই আমেরিকা আসতে চায়।। দামী জিনিসপত্র সব দেশ থেকেই যায়, তবু লোকে আমেরিকা আসতে চায় সুন্দর সুন্দর ছবি দেখে, ঘুরে বেড়ানোর গল্প শুনে। ছবি দেখে দেশের লোক শুধু সমুদ্রের পাড়টাই জানবে, ভিতরের কষ্টগুলোকে জানবে না। এর জন্য আমরাই দায়ী

চলছিলো এভাবেই আমাদের সেই টয়োটা ক্যামরি – আমার দ্বিতীয় বৌ, আমার আদরের আদমজী জুট মিল। মা বলছিলো কুকুরের ডাক শুনে ভয় পেয়ে গাড়িটার রিয়ারভিউ মিররে ব্যাথা পাবার কথা। আমি আফসোস করছিলাম কাল্লুদের হাতে হেনস্তা হবার দিনে গাড়িটা না থাকা নিয়ে। হাঁটার সময় মা আর পিছিয়ে পড়ছিল না, হয়তো আমি তার তালে হাঁটার কারণেই। একসাথে বাজার সারলাম। শেষ বেলাটা কেটে গেল ঘরোয়া আলাপ করে।

- ঘরে শানের শিক কাবাব মশলা আছে? না থাকলে নিয়ে রাখো কিছু। গরুর মাংসে দিয়ো, কষানোর সময়। অন্যরকম মজা।

- বাসায় স্যামন ম্যারিনেট করে রেখেছি তোমাদের জন্য। শরীর ভাল না দেখে তেমন কিছু করতে পারলাম না এবার, বাবা। তোমার ছোট খালুর কাছ থেকে শিখেছি টেলিফোনে। লেমন-পেপার আর মধু দিয়ে ম্যারিনেট করে রাখা আছে। ঘরে গিয়ে বেক করবো।

- না করে ভাল করেছো। আমি তো এবার এসেছি তোমাকে খাওয়াতে। এত এত লোক আমার রাঁধা বিরিয়ানি খেয়ে যায়, অথচ তুমিই বাদ থেকে গেলে। শর্টকাট শিখেছি একটা। তন্দুরী মশলা দিয়ে মুরগি ওভেনে বসিয়ে দিবা, আর রাইস কুকারে সিন্ধি মশলা দিয়ে বিরিয়ানি। ৪৫ মিনিটে মামলা খতম। গন্ধ বা নোংরার বালাই নেই।

কোনদিন কি ভেবেছি এরকম ‘মেয়েলি’ আলাপ করবো আমি মায়ের সাথে? সাথে সাথেই মনে হল, অনুভূতিশূন্য হওয়ার মধ্যে আদতে কোন পৌরুষ নেই। পেছনের দিকে তাকালে আফসোস হয় আড়ালে থাকার দিনগুলো মনে করে। খেতে বসে মনে হচ্ছিল, কতদিন পর তিনজন একসাথে, কতদিন আব্বুসহ চারজন একসাথে খাই না। মা চোখে পানি এনে বললো যেন দারুর দুনিয়া থেকে দূরে থাকি। না, চেখে দেখার জন্যও না। ১% অ্যালকোহল থাকলেও না। অন্য সময় হলে আলাদা কথা ছিল, এখন তোমার মনে অনেক কষ্ট, এখন এটা নেশা হয়ে যাবে। কী আশ্চর্য যুক্তিবাদী হয়ে গেছে আমার আবেগপ্রবণ মা, কত বড় হয়ে গেছে আমার ছোট ভাইটা।

নীড়ে ফেরা বোধহয় একেই বলে।

(প্রায় শেষ)

নীড়ে ফেরাঃ দ্বিচল সম্মেলন পর্ব

অ্যালাবামার অবার্নে যাবার সৌভাগ্য হলে একবার কদম ফেলে যাবেন সহ-সচল দ্রোহীর বাসায়। যেকোন দিন, যেকোন সময় দ্রোহীর দরজায় টাক্‌-টাক্‌ করে বলবেন, চাটনি আছে তো? কথাটা ঠাট্টা ভেবে উড়িয়ে দিলে নিজেই ঠকবেন।

স্প্রিং ব্রেকে লুইজিয়ানা যাবার পরিকল্পনা হাতে নিয়েই আমাদের সবার মাথায় হাত। যাত্রাপথ একেক দিকে এক হাজার মাইল করে। গুগুলের হিসেবে প্রায় ১৬ ঘন্টার মামলা। গাড়ি নাহয় ভাড়া করা গেল, কিন্তু এতগুলো গরুকে একরাত আশ্রয় দেবার মত গোয়াল কোথায় পাই? শুরু হয়ে গেল বিভিন্ন নেটওয়ার্কে পাত্তা লাগানো। সচলায়তনের সদস্যদের প্রোফাইল ঘেঁটে বের হল, দ্রোহীর বাস অবার্নে। আদর্শ বিশ্রামস্থল। ঠিক সাড়ে আট ঘন্টার দূরত্ব। ওদিকে আরেক বড় আপুও মিলে গেল। দ্রোহী তবু আধা-চেনা, দ্রোহীনি ভাবি তো একেবারেই অচেনা। প্রথম রাতে তাই তাঁদের জ্বালাতন না করার সিদ্ধান্ত নেওয়া হল। ঘুম-জড়ানো চোখে আপু আমাদের জন্য দরজা খুলে দিলেন ভোর সাড়ে চারটার দিকে। মধ্যাহ্নভোজের জন্য দ্রোহীর দরজায় হাজির হলাম পরদিন বেলা দেড়টার দিকে।

অধম ছিলাম চালকের আসনে। একে একে যে-ই নামছিলো, সবাইকে বলে দিচ্ছিলাম নিজেকে ইশতিয়াক বলে পরিচয় দিতে। কাজ হল না। সুজন চৌধুরীর অসামান্য স্কেচের বদৌলতে দ্রোহী আমার কুলার মত কানগুলোর ব্যাপারে বিশেষ ওয়াকিবহাল। কান দেখে চিনে ফেললেন। দ্রোহীর প্রতি আমার প্রথম কথা, আপনি তো অতটা ওবামার মত না। সশব্দ দীর্ঘশ্বাস ফেলে দ্রোহী ইঙ্গিত করলেন দেওয়ালে ঝুলানো বিয়ের ছবির দিকে। বলতে বলতেই ভাবি হাজির। ভাবির প্রতি আমার প্রথম কথা, আপনিই দ্রোহীর সেই বউ!

আবজাবের বদৌলতে দ্রোহীর খান্ডারনি বৌয়ের গল্প সবাই জানেন। আসা-যাওয়ার পথে ভাবির সাথে দুই রাতে বেশ ক’ঘন্টা তুমুল আড্ডার পর বুঝলাম, দ্রোহী আসলে তোপসে নন, জটায়ু! সদাসহাস্য, প্রাণময়, পঁচানিস্ট ভাবির সাথে প্রথম কিছুক্ষণ কথা কম হচ্ছিল। দ্রোহীর সাথেই চলছিল আলাপ-সালাপ। বলছিলেন, তিনি খুবই সংগ্রামী মানুষ। জীবন গেছে ইধার-উধার ইতি-উতি করেই। অধমের সাথে মিলে গেল অনেক কিছুই। জেনে খুবই অবাক হলাম যে সেই বছর দু-তিন আগে বাতায়ন নিয়ে আমার আর হিমু ভাইয়ের নিরীক্ষার সময়েই তিনি অধমকে চিনেছেন। বাংলা ব্লগিং নিয়ে কথা হচ্ছিল। বাংলায় লিখতে পারার আনন্দ নিয়ে কথা হচ্ছিল। হিমু নামক এক হাঁটুপানির জলদস্যুর দুর্ধর্ষ ব্লগিঙের তোড়ে লিখতে বসলেই বিচিত্র সব অনুভূতির কথা হচ্ছিল। সাথে ছিল আবহাওয়া, রাজনীতি, স্কুল-কলেজের জীবন, দেশ, আর গাড়ি। একেবারেই নৈমিত্তিক পুরুষালি বাতচিত। ভাবির সম্মানে শুধু নারীপ্রসঙ্গ বাদ ছিল।

ঝড়ের পূর্বাভাষ ছিল, কিন্তু তাই বলে শিলাবৃষ্টি হবে ভাবিনি। কিছু বুঝে ওঠার আগেই শুরু হল খাদ্যবর্ষন। ভদ্রতা করে ভাবিকে বলেছিলাম যে আমরা চুলা থেকেই নিয়ে নিতে পারবো। ভাবি কপট হাসি দিয়ে বললেন, ছেলেমানুষের খাবলাখাবলিতে খাবার পড়ে ওনার ঘর নোংরা হবে, সেই ভয়েই টেবিলে দেওয়া। আত্মা কেঁপে উঠলো। জানতে চাইলেন কেউ বিশ্রামাগারে ঢুঁ মারতে চাই কিনা। পেট বেঁধে, কাষ্ঠ হেসে না বললাম। এবার হালকার উপর ঝাপসা ঝাড়ির ছলেই বললেন, গেলে ওনার সামনে দিয়েই যেতে এবং আসতে হবে, অতএব লজ্জার কিছু নেই। এবার আত্মা নীরবে চিৎকার দিয়ে উঠলো।

ভাবি এরপর শুরু করলেন গরমাগরম খাবারের ঢাকনা ওঠানো। মুরগি খেয়ে অভ্যস্ত, তাই মুরগি আছে। মুরগি খেয়ে বিরক্ত, তাই মাছ আছে। কাবাব আছে। সবজি আছে। সালাদ আছে। রাইস কুকারের আশীর্বাদে পেটে ভাতের চর পড়ে গেছে, তাই খিচুড়ি আছে। সাথে আছে চাটনি। এত কিছু দেখে জিজ্ঞেস করলাম, ভাবি নিশ্চয় রান্নাবান্না খুব এনজয় করেন। মুহূর্তে খসে পড়লো সব পর্দা। হাসির বন্যায় ভেসে গিয়ে ভাবি বললেন, আই লাভ কুকিং! পরক্ষণেই আবার রাগত চেহারা করে হুকুম দিলেন, সব শেষ করে যেতে হবে, তাঁকে যেন বাসি খাবার খেতে বাধ্য করা না হয়। মমতায় নাকি খাবারের স্বাদ বাড়ে। টের পেলাম। অনেকটা পথ বাকি, তাই খেয়েই উঠে পড়তে হল। তিনজন চালক ছিলাম আমরা। পাল্লা দিয়ে ভাবিকে শাপ-শাপান্ত করেছি তিনজনেই বাকিটা পথ। খাবারের আরামে চোখ বুঁজে আসছিল ঘুমে। পাছে মুখ থেকে স্বাদ চলে যায়, এই ভয়ে প্রথম অনেকক্ষণ কেউ কফিও ছুঁয়ে দেখিনি।

ফিরতি পথেও যথারীতি অনেক রাত হয়ে গেল। পরদিন তাঁর মিডটার্ম পরীক্ষা, সহপাঠীদের সাথে রাতভোর ফাইট দেবার কথা, তবু দ্রোহীর কড়া হুকুম, রাতে তাঁর বাড়িতেই খেতে হবে। আগের দফায় ভাবি বলছিলেন, চাটনিটা ডালের সাথে খেলে মজা লাগতো। পাশ থেকে ওয়াসেফ ফরমায়েশ করে ফেলেছিল পরের বার ডাল রাঁধতে। এবারেও খাবারের বন্যা, তবে একেবারেই নতুন সব আইটেম। মাছ, ভর্তা, বড়ইয়ের আচার, চাটনি, ডাল, সবজি, আরো অনেক কিছু। জেনেবুঝেই ইলাস্টিকের কোমড়বিশিষ্ট প্যান্ট পড়ে এসেছিলাম এইবার। এবারে বলে দিতে হয়নি যে ভাবির রান্নায় লবণ কম, ঝাল বেশি। আমরা যে পশুরই উত্তরপ্রজন্ম, তার নিদর্শন রেখে রীতিমত যুদ্ধ করে খেলাম সবাই। হাত ধুতে গিয়ে দেখি গোলাপির রাজত্বে চলে এসেছি। বেরিয়ে এসে ভাবিকে বললাম, সচলায়তনে আপনার কথা লিখলে গোলাপি ভাবি নামে লিখবো। ভাবি হেসে বললেন, তাঁর প্রিয় রঙ অন্য, গোলাপি কোন কিছুই তাঁর কেনা না। মুরুব্বি তখন হামলে পড়লেন প্রতি বিন্দু গোলাপি রঙ কীভাবে সম্প্রদানের হাইওয়ে ধরে এথায় পৌঁছেছে তা ব্যাখ্যা করতে। আমিও ব্যাপক মনোযোগের সাথে ঠাকুর ঘরের কলার বয়ান শুনে গেলাম।

এরপর শুরু হল আড্ডা, এবং দ্রোহীর গোলাপি থেকে কমলা হয়ে লাল হওয়া। যাবার সময় তাড়াহুড়ার কারণে অনেকটা আচমকাই আড্ডা বন্ধ করে দিতে হয়েছিল। সেবার আজমীরকে দেখে দ্রোহী বলছিলেন, চেনা চেনা লাগে। ভাবিকে দেখে আজমীর বলছিলো, চেনা চেনা লাগে। কিয়ৎকাল পর কথাবার্তা ঘুরে গিয়েছিল এক কোণায় পড়ে থাকা কিছু ডাম্বেল, দক্ষিণের উষ্ণ আবহাওয়া, অসামান্য সুন্দরী মেয়েদের ছড়াছড়ি, আর কে বা কারা দেখতে চামচিকার পাছার মত হওয়ায়। এক ফাঁকে দ্রোহী ভাবিকে টিটকারি মেরে বলে বসলেন, সাত-সকালে তিনি রেয়াজ করার সময় নাকি পাশের বাড়ির বাঙ্গালি পড়শি দেওয়াল পিটিয়ে বলেন, বৌকে আর মারিস না! সেবার ভাবি শুধু ধরিয়ে দিয়েছিলেন যে সব রকম প্রাণির পশ্চাৎদেশের প্রতি দ্রোহীর বিশেষ মনোযোগ আছে। ওস্তাদের মার যদি শেষ রাতে হয়ে থাকে, তাহলে ওস্তাদের বৌয়ের মার ফজর ওয়াক্তে।

অভিব্যক্তিতে অসামান্য পারদর্শী গোলাপি/চাটনি ভাবি একের পর এক বলে চলছিলেন আমাদের প্রিয় দ্রোহীর যাপিত জীবনের বিবিধ কৌতূহল-উদ্দীপক ঘটনা। চুম্বক অংশে ছিল বিয়ের পর নতুন মানুষকে কাছ থেকে চেনার বিচিত্র সব অভিজ্ঞতার কথা। দ্রোহী বলছিলেন, ছেলেবেলা থেকে একা ঘুমিয়ে অভ্যাস। রাতে কারো গায়ে হাত লাগলেই নাকি সজোরে হাত চালিয়ে দিতেন। কোন এক কালে ঘুমের মধ্যে এক বড় বোনের গলা টিপে ধরেছিলেন! জানা গেল, রান্নাবান্নার হাতা/নাড়ানি যথাযথ ভাবে ব্যবহার করলে এহেন দুরন্ত পতিকেও শুধরে দেওয়া যায়। সমস্যা হল, হাত চালানো বন্ধ করা গেলেও আলাপচারিতা বন্ধ করা যায়নি অদ্যাবধি। এমনই এক গল্প দিয়ে শেষ করছি দ্বিচল সম্মেলন পর্ব।

ভাবি বলছিলেন ঘুমের মাঝে দ্রোহীর কথা শুনে প্রথমবার জেগে যাবার কথা। নিশিরাত। চারিদিকে শুনশান নীরবতা। ডাকাডাকি শেষে ঝিঁঝিঁ থেকে কুকুর পর্যন্ত সবাই ক্লান্ত। এমন সময় নীরবতা খান্‌খান্‌ করে দ্রোহী বলে উঠলেন, বিলাইয়া দিয়ো! ধরফরিয়ে উঠে ভাবি জানতে চাইলে কী বিলাতে হবে। অচেতন দ্রোহীর সচেতন জবাব, ঐ যে ঝুলতেসে, যেটা পছন্দ, রেখে বিলায় দিয়ো! বোঝা গেল, বিয়ের উপহারের স্বপ্ন কথা বলছে। কিঞ্চিৎ ধাতস্থ হয়ে ভাবি আবার শুলেন। এবার ঘুমন্ত দ্রোহীর সহাস্য চিৎকার, অনেক গুলা বৌ, হাঁটাহাঁটি করতেসে! বেচারি ভাবি আবারো উঠলেন, তবে এবার কৌশলে জানতে চাইলেন, তোমার বৌ কোনটা? লজ্জায় লাল হয়ে দ্রোহী বললেন, এই যে এইটা! অচেতন এই প্রেমের কাহানি শুনে আনন্দিত ও মুগ্ধ হয়েছিলাম সবাই।

নাহ, আরো দুয়েকটা বলে যাই। আরেক রাতে নাকি দ্রোহী ঘুমের ঘোরে বলছিলেন, আমি লাইব্রেরিতে! উপরে উঠি! কাগজ কাটি! আরেক রাতে বলে বসলেন, সিচুয়েশন বুঝতে হবে তো! অনেক অনেক ডাটা! বাকি গল্পগুলো নাহয় দ্রোহী ও তাঁর আবজাব সিরিজের জন্যই রেখে দেই।

ভাবি একের পর এক গল্প বলে যাবার সময় দ্রোহী শুধু মাথা নেড়ে বলছিলেন, ইজ্জত মেরে দিলো। হয়তো তা-ই। তবে সব কিছু ছাড়িয়ে গিয়েছিল অসামান্য প্রাণচঞ্চল ও অতিথিবৎসল দ্রোহী দম্পতির ছোট ছোট খুনসুটিগুলো। একজন বলেন আমার মত পাবা না, তো আরেক জন বলেন তোমার চেয়ে ভাল পাবো খুঁজলে। পঁচানোর প্রতিযোগিতার ফাঁকে ফাঁকেই চোখে পড়ে যাচ্ছিল অসামান্য মমতার চিহ্নগুলো। একদিন বেলা সাড়ে বারোটায় ফোন না আসলেই ভাবির অস্থির হয়ে পথে নামা, সুপার-গ্লু দিয়ে ভাবির দুই ঠোঁট লেগে যাবার ভয়ে দ্রোহীর টেনশনে অজ্ঞান হবার দশা, এমন অনেক খুচরো মুক্তায় ভরা ছিল আড্ডাটা।

ভাবির অনবরত হাসি দেখেই বুঝেছি দ্রোহী তাঁকে আনন্দে রেখেছেন। অন্যদিকে সুখী মানুষের নিদর্শন স্বরূপ দ্রোহী নাকি ঘুমের ঘোরে ইদানিং কথা ছেড়ে গান ধরেছেন। সমস্যা একটাই, গানের কথা শুধু বিটিভি-র মত একই ফ্রিকোয়েন্সির একটা পুউউ আওয়াজ।

(চলবে)

প্রবাসের কথোপকথন ১৩

“একুশে নিয়ে কী করতে চাও বলো, সময় হলে সাহায্য করবো।”
নাটক করা যায় একটা? আমরা সবাই মিলে চেষ্টা-চরিত্র করলে কিছু একটা দাঁড় করানো যায়। এই, তোর না কী আইডিয়া আছে বলছিলি।

“তেমন কিছু না। এবিসিডি কালচার, দেশকে ভুলে যাওয়া, এগুলা নিয়ে কিছু করার চিন্তা ছিল। সময় নেই হাতে একদম, এটাই ঝামেলা। রিসার্চের কাজ নিয়ে দৌঁড়ের উপর আছি একদম।”
তুই শুধু আইডিয়াটুকু বল। সেটাকে রিফাইন করে নাটক বানানোর দায়িত্ব আমরা ভাগ করে নেবো।

“নাটক করতে চাও তোমরা? সেটার জন্য তো অনেক প্রস্তুতি দরকার। মুনীর চৌধুরীর কবর করতে পারো। আমার কাছে তো কোন কিছু তৈরি নেই। তোমরা কবর যোগাড় করতে পারলে সেটা করতে পারতে ছেলেরা মিলে।”
খুঁজে দেখেছি, কিন্তু ইন্টারনেটে পেলাম না। দেশ থেকে আনাতে পারি, তবে সময় লাগবে অনেক। এমনই সাহিত্যজ্ঞান আমার, অন্য কোন নাটকও চিনি না যেটা একুশের সাথে যায়।

“সব ভাবী, বৌদিদের বল একটা করে গান গাইতে। ছেলেদের মধ্যে কেউ কবিতা, বা একুশে নিয়ে কিছু বলতে পারে কিনা দেখো। সময় কম, এটা মাথায় রেখো শুধু।”
সমস্যা অন্য জায়গায়। এবার একুশে পড়েছে বৃহস্পতিবারে। কাউকে পাওয়া যাবে না ঐ দিনে। মিডটার্মও চলছে এখনি। ধুর, একুশে যদি মার্চের ৩ তারিখে হত, তাহলে ঝামেলা হত না কোন। স্প্রিং ব্রেকে সময় নিয়ে কিছু করা যেত। আগে কী করা হত এখানে? লুইজিয়ানা থাকতে একুশেতে কিছু করা হত না, তবে স্বাধীনতা দিবস আর পহেলা বৈশাখ মিলিয়ে একটা অনুষ্ঠান করা হত বেশ জাঁকজমক করে।

“আমরা একুশে ফেব্রুয়ারিটা ঠিক মত করি। এছাড়া এপ্রিলের দিকে স্ট্রিট ফেয়ারে দেশী খাবার বিক্রি করে ফান্ড জমাই। এই টাকা দিয়েই দেশের আমরা পরে দেশের জন্য কিছু করার চেষ্টা করি। একুশের দিনে আমরা স্টুডেন্ট সেন্টারের শো-কেইসে একটা শহীদ মিনার সাজাই। ওখানে বাংলা লেখা থাকে, আর একুশের ইতিহাস নিয়ে সংক্ষেপে কিছু কথা থাকে।”
হ্যাঁ, দেখেছিলাম। এবারেও শো-কেস ভাড়া করা হয়েছে এক সপ্তাহের জন্য। ইতিহাস নিয়ে প্রশ্ন আছে একটা। কতটুকু লেখা হয় সাধারণত? মানে, পাকিস্তানিরা কিছু বলে না?

“মিথ্যা তো না, লিখতে কী? করার সময় খেয়াল ছিল না? আর, এটা তো এখন সারা দুনিয়ায় স্বীকৃত ইতিহাস। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।”
তাও কথা। যাক, দেখে নিবো নে আগের বছরের লেখাগুলো। সমস্যাটা অন্য জায়গায়। সপ্তাহের মাঝখানে এভাবে কিছু একটা আয়োজন করা সম্ভব না। করলে পরের উইকএন্ডে করতে হবে। এত লোকের জমায়েত হলে একটু পরেই খাওয়া-দাওয়া নিয়ে একটা হুলস্থূল শুরু হয়ে যাবে। বুঝতে পারছি না কী করবো।

“কোন ধরনের খাওয়া-দাওয়ার কিছু করার দরকার নাই। অকারণে একটা হৈ-চৈ হবে। হালকা খাবার রাখবা। বিরিয়ানি রান্না করে তো একুশে ফেব্রুয়ারি উদযাপন করা যায় না। হালকা চিপ্‌স রাখতে পারো কিছু। সাথে চা। সব তুলে রাখবা অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত। কাউকে ধরতে দেওয়া যাবে না।”
এখানেই তো সমস্যা। অনুষ্ঠান হোক আর না হোক, মুডটা হালকা করে দেওয়ার মত অনেক কিছুই আছে। খাবার থাকলে দেখা যাবে ছাত্রদের মধ্যেই কেউ ওগুলা বের করে ফেললো, অথবা বাচ্চার বাপ-মা এসে বলবে তাদের ছেলে-মেয়েকে কিছু দিতে। মশাল পার্টি চলে যাবে একটু পর পর বিড়ি ফুকতে। ইন্টারন্যাশনাল সেন্টারের পাশেই টেনিস কোর্ট। লাভের মধ্যে দেখা যাবে একুশেতে নীরবতা পালন করে সবাই মিলে ক্রিকেট খেলছি।

“না, এসব কিছু করতে দিও না। অনুষ্ঠান শেষ হলে যে যার বাড়ি চলে যাবে, কোন লাফালাফি নাই।”
আচ্ছা, আরেকটা সমস্যা। একুশেতে চিপ্‌স দিবো? কেমন হয়ে যায় না? কুড়মুড়ে খাবার যায় না মনে হয় ভাষা দিবসের সাথে।

“ঠিকই। তাহলে নুডুল্‌স দিতে পারো।”
এইটাও তো কেমন কেমন হয়ে যায়। যাক, তবু এটা আপাতত থাকুক। তবে আর যা-ই হোক না কেন, পটলাক্‌ করা হবে না। রান্না ভাগ-বাটোয়ারার ব্যাপার নাই কোন এখানে। সোডার বদলে অন্য কিছু দেওয়া যায়?

“মনে হয় না। সোডাই থাকুক। খাবারের ব্যবস্থা না থাকলে সময়ের ব্যাপারে খুব কড়াকড়ি করতে হবে। বলে দিতে হবে যে ঠিক বিকেল ৫ টায় আসবো এবং সন্ধ্যা ৭ টার মধ্যে চলে যাবো। এর বেশি দেরি হলেই লোকে খাবার আশা করবে। সবাই একত্র হয়ে এক মিনিট নীরবতা পালন করবো। যারা গান জানেন, তারা দুইটা করে গান গাইলেই হয়ে যায়।”
যোগাযোগ করে দেখলাম এর মধ্যেই। অনেকেই ব্যস্ত। একেকজনের একেক রকম ঝক্কি। কাউকে জোরও করতে পারছি না। তবু বলে রেখেছি। কোন জায়গাও রিজার্ভ করতে পারছি না। বাসায় করলেই খাবার দেওয়ার ভদ্রতা করতে হবে।

“দেখো কী করতে পারো এই ব্যাপারে। যারা গান গাইবে, তাদের কিন্তু অনুষ্ঠানের ভাবগাম্ভীর্য মাথায় রেখে গান তুলতে বল। কেউ আধুনিক গান ধরে বসলে সমস্যা।”
অবশ্যই। ফাস্ট বিটের দেশাত্মবোধক হলেও সমস্যা। কেউ একুশেতে ও মাঝি নাও ছাইড়া দে ধরে বসলে কেলেংকারি হয়ে যাবে।

“আগে থেকে প্রস্তুতি নিলে ভাল মত করা যেতো। একটা নাটক যোগাড় করতে পারলে হত। ডিসেম্বরের আগে বললে দেশ থেকে কেউ নিয়ে আসতে পারতো।”
গতস্য শোচনা নাস্তি। আপাতত এই দফা ড্যামেজ কন্ট্রোল করে নেই। আমারো ইচ্ছা ছিল রেডিও নাটক জাতীয় কিছু করার। স্ক্রিনিঙ্গের ঝামেলা থাকতো না, সহজে শেখানোও যেতো সবাইকে।

“আমার এক বন্ধু খুব ভাল গান গায়। সাংস্কৃতিক ব্যাপারে খুবই নাম। তবে মহা চাল্লু ছেলে। এসেছিলো জে-১ ভিসায়। কীভাবে যেন কায়দা করে থেকে গেছে।”
এটা কীভাবে সম্ভব? এক্সচেঞ্জ ভিসায় আসলে তো দুই বছর পর দেশে ফেরা বাধ্যতামূলক।

“উহু, ভুল জানিস তুই। একটা ফাঁক আছে। উনি মনে হয় ঐটাই কাজে লাগিয়েছেন। যেই লাইনে পড়াশুনা করেছেন, সেই লাইনে যদি নিজের দেশে কাজ না থাকে, তাহলে আমেরিকায় থেকে যাওয়া যায়।”
উনি না বললেন পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়েছেন? চালু মাল আসলেই।

“এখন তাকে হান্ড্রেড এইটি পে করে বছরে।”
বলেন কী? তার মানে মাসে কত করে পড়ে? নব্বই দুগুণে একশো আশি, পাঁচ আঠেরোং নব্বই, ছয় পনেরোং নব্বই, পনেরো হাজার কর মাসে!

“আজকে ক্যারিয়ার ফেয়ারে এই পোলা হাভাইত্যার মত জিনিস টোকাইসে পুরা।”
কী করবো? চাকরি তো দিবে না কেউ আমাকে। জিপিএর যা করুণ দশা, এই সিমেস্টার শেষ না হলে কিছু আশা করতে পারছি না। আপাতত সামার ধরে থিসিস লিখে ডিসেম্বরে মাস্টার্স করার চিন্তায় আছি। এরাও আমাকে চাকরি দিবে না, আমিও এদের কাছে চাকরি চাইছি না। চারটা ব্যাগ আর গোটা দশেক তাসের প্যাকেট এনেছি।

“এই বেকুব, ভিতরে না দেখেই এতগুলা প্যাকেট আনলি কেন? তাসের মধ্যে কোন ফোটা-ফাটি নাই। টুয়েন্টি-নাইন খেলতেও ব্রিজের মত কাগজ-কলম নেওয়া লাগবে। স্কোরিং করার কিছু নাই।”
শিট!

Friday, February 15, 2008

মৌনচিত্র ৫

‘ময়ূরকণ্ঠী রাতেরও নীলে, আকাশে তারাদের ঐ মিছিলে, তুমি আমি আজ চল চলে যাই, শুধু দু’জনে মিলে...’

অনেক, অনেক দিন পর! কার গাওয়া যেন? শাকিলার গলায় শুনেছিলাম কখনো? নাহ, ভাবী মনে হয় না পরপর দুইটা শাকিলা গাবেন। পুরুষ কণ্ঠে শুনেছিলাম। সতীনাথ না। হেমন্ত না। দেবব্রত? মানবেন্দ্র! হ্যাঁ, মানবেন্দ্র। সবার গলায় সব ধরনের গান মানায় না। ভাবীর গলায় আধুনিক গান কী অসাধারণ মানায়! ভিডিও হচ্ছে তো ঠিক মত? নাহ, এভাবে হবে না। আবার কখনো গাইয়ে নিতে হবে গানটা। ধ্যাৎ, কেউ একটু আরাম করে গানটা শুনতেও দিবে না।

‘হয়তো পাবো না পথেরও ঠিকানা, তবু যাবো আজ ছাড়িয়ে সীমানা, সাথী যদি হও পাশে থেকে মোর, করি না ভয় নিখিলে...’

না, পারবো না ভাল করে বলতে। এই গানটা শুনতে দাও ঠিক মত। অনেক দিন পর শুনছি। মন কেন খারাপ হয়ে যায় সেটা কি তোমার জানতে বাকি আছে? এক সময় খুব প্রিয় ছিল গানটা। দেশ ছেড়ে আসার পর হারিয়ে ফেলেছিলাম। প্যারোডি করলে অন্য ঘরে গিয়ে কর, প্লিজ। সব জায়গায় অযথা চ-বর্গ আর প-বর্গের ছড়াছড়ি ভাল লাগে না। চুপ করে শোনো, ভাল লাগবে।

‘আকাশ যদি ঢাকে ঘনঘটায়, তারারা মেঘে মেঘে হারিয়ে যায়...’

সবাই গলা মেলাচ্ছে। গুনগুন করবো? করি, কী আছে কপালে! গলা ছেড়ে গান গাইলে নাকি হতাশা কেটে যায়, দেখি আজকে চেষ্টা করে। আরে নাহ, প্রেমে পড়ি নাই। গানটা এমনিতেই খুব প্রিয়। তবে আপনার গলায় কিন্তু একটা গান রেকর্ড করাবো আমি, বৌদি। উহু, কোন মাফ নাই। ইউটিউবে দেওয়া হবে না, প্রমিস। আজি এসেছি বধূ হে গেয়ে দেবেন আমাকে। ডি. এল. রায়ের মনে হয়। ঐ যে, তিতলি ভাইয়ার জন্মদিনের গান। দেশে একবার ই-টিভিতে শুনেছিলাম গানটা। গান-কবিতা কিছুই খুঁজে পেলাম না। এই ঘরানায় আমার দৌঁড় তো জানেনই।

‘যা আছে থাক না,করি না ভাবনা, আঁধারে-কুয়াশায় হারিয়ে যাবো না, মনেরো আলোয় চিনে নেবো পথ, তুমি ভরসা দিলে...’

আশ্চর্য মানুষ। গত দুই দিন টানা কাজ করলেন সর্দি-জ্বর নিয়েও। তবু একটার পর একটা গান গেয়ে যাচ্ছেন। কাচ্চি বিরিয়ানি করেছেন পঞ্চাশ জনের জন্য। সাথে বোরহানি, মিষ্টি, কেক। ক্লান্তি নেই কোন। উহু, আমার কাছে থাকো, মামা। মা গান করছে তো। হ্যাঁ, স্পাইডারম্যান দিবো তোমাকে। যায় না রে মামা। এই, চিৎকার করলে দিবো একটা ধাই! হ্যাঁ, হ্যাপি বার্থ ডে গাওয়া হবে তোমার জন্য। আম্মুর গান শুনে নেই একটু? দেখো তোমার জন্য মা কত্ত গান করছে। সবাই কত খুশি। আসো, মামার সাথে তুমিও গাও।

‘তুমি আমি আজ চল চলে যাই, শুধু দু’জনে মিলে...’

Friday, February 08, 2008

ওয়ান লাইন ওয়ান্ডার

আমি ব্যক্তিগত ভাবে বারাক ওবামার একান্ত অনুসারী, সেটা মনে হয় জানতে বাকি নেই কারো। সুপার টিউস ডে'তে সাগ্রহে বসে ছিলাম ওবামার দৌড় দেখতে। কিছু প্রশ্ন বাকি ছিল ওবামাকে নিয়ে --

* আইওয়া, নিউ হ্যাম্পশায়ার, নেভাডা, সাউথ ক্যারোলিনায় সুযোগ ছিল ভোটারদের সাথে মুখোমুখি হয়ে প্রচার চালানোর। সবাই এক বাক্যে স্বীকার করে নেয় ক্লিনটনদের "নেম রেকগনিশন" এবং "পলিটিক্যাল মেশিন"এর কথা। ওবামার যাদুর পরশ পেতে হলে তাঁর সাথে একই ঘরে থাকতে হয়, সেই ঘরের উপচে পড়া প্রাণের বন্যায় ভাসতে হয়। প্রথম দিকের কিছু প্রাইমারি/ককাস ছাড়া এই সুযোগ সীমিত। দেশব্যাপী ২২ টির বেশি অঙ্গরাজ্যে একসাথে নির্বাচন হওয়ায় ওবামার প্রচারণা ও ব্যাপকভিত্তিক গ্রহনযোগ্যতার প্রথম পরীক্ষা ছিল। কী হবে এর ফলাফল?

* আইওয়ার বিজয় কৃষ্ণাঙ্গদের কাছে গুরুত্বপূর্ণ ছিল, কারণ ৯৮% শ্বেতাঙ্গ অধ্যুষিত এলাকায় ওবামার বিজয় তাঁর "ভ্যালিডিট"র অকাট্য প্রমাণ ছিল। ঝামেলা হল, সাউথ ক্যারোলিনায় ওবামা মাত্র ৩০% মত শ্বেতাঙ্গ পুরুষের ভোট পেয়েছিলেন। বিল ক্লিনটনের বিদ্বেষী ইঙ্গিতের পর কি সাদাদের চোখে ওবামা শুধুই একজন কালো হিসেবে প্রতীয়মান হওয়া শুরু করে দিয়েছিলেন?

* ডেমোক্রেটিক প্রাইমারির ভোটারদের ৫৭% নারী। নারী ভোটাররা খুবই বাধ্য ও অনুগত হিলারি-সমর্থক। একই সত্য প্রযোজ্য হিসপ্যানিক ভোটারদের ক্ষেত্রেও। নির্বাচনের এক সপ্তাহ আগ পর্যন্ত ক্যালিফোর্নিয়া ও মিজৌরার মত গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে ওবামা ২০% পিছিয়ে ছিলেন। একই রকম দূরত্ব প্রায় ঘুচিয়ে ওবামা নিউ হ্যাম্পশায়ারে হিলারির সাথে কঠিন লড়াই করেছিলেন। এত কম সময়ে কি ক্যালিফোর্নিয়ার মন ও মত ঘুরানো সম্ভব?

এবারের ডেমোক্রেটিক প্রাইমারির খোঁজ রাখেন, এমন কেউই সুপার টিউস ডে'র পর কোন একক বিজয়ী দেখার আশা করার কথা নয়। আমিও করিনি। নিউ ইয়র্ক ও নিউ জার্সি হিলারির ঘরে গেছে। ক্যালিফোর্নিয়াও তাই। তবে "ট্রাইস্টেট ট্রাইফ্যাক্টা" জিততে পারেননি হিলারি। ওবামা অনেককেই অবাক করে কানেটিকাট জিতে নেওয়ায় ইস্ট কোস্টে কিছু জনপ্রিয়তার আভাষ মিলেছে। ক্যালিফোর্নিয়ায় হারের পিছনে একটা বড় কারণ ছিল অ্যাবসেন্টি ব্যালট। প্রায় ৩ মিলিয়ন ভোট ডাকযোগে পাঠিয়ে দেওয়া হয়েছিল প্রায় ৩ সপ্তাহ আগে। সেই সময় ওবামাকে সাউথ ক্যারোলিনায় ব্যস্ত রাখছেন বিল ক্লিনটন, আর হিলারি পুরো সপ্তাহ জুড়ে প্রচারকার্য চালাচ্ছেন ক্যালিফোর্নিয়ায়। প্রতি চার ভোটে তিনটিই তখন হিলারির। তবুও দেখার মত ছিল ভোটের আগের রাতে ২০% এর ব্যবধানটি কর্পূরের মত উড়ে যাওয়া।

হিলারি আর ওবামার মাঝে বিভক্ত ডেমোক্রেটরা এখন পথ খুঁজছে কোন ভাবে দুই জনকে "রানিং মেট" করে দিয়ে সম্ভাব্য তিক্ততা এড়াতে। প্রশ্ন হল, হিলারি ও ওবামা একজন আরেকজনকে সহ্য করতে পারলেও বিল ক্লিনটনকে সহ্য করতে পারবেন তো? একটি পলিটিক্যাল কার্টুনে দেখছিলাম হিলারি বলছেন, "আমার মনে হয় না ওয়াটারবোর্ডিং নির্যাতনের কাতারে পড়ে... যাক, বিল'কে নিয়ে অনেক কথা হল, এবার অন্য কিছু বলুন।"

প্রাইমারি ইলেকশনের ভোটের ভিত্তিতে এই মুহূর্তে দুই প্রার্থীই প্রায় সমান সংখ্যক নির্বাচিত "ডেলিগেট" পেয়েছেন। পার্টির এলিটগোষ্ঠী তথা "সুপার ডেলিগেট"দের মাঝে ৮০ ভোট মত এগিয়ে আছেন হিলারি, যদিও প্রায় অর্ধেক সুপার ডেলিগেট এখনো নিজেদের পছন্দের কথা প্রকাশ্যে জানাননি। সামনের দিনগুলোর দিকে তাকালে আমিও আর সবার মত কিছুটা অনিশ্চিত। জয় যার দিকেই যাক না কেন, আমি ওবামার কিছু ব্যাপার মুগ্ধ নয়নে দেখছি --

* "হার্টল্যান্ড আমেরিকা"য় ডেমোক্রেটরা প্রায় কখনই সুবিধা করতে পারেনি। নির্বাচনের পর আমেরিকার মানচিত্র মানেই দুই প্রান্তে দুই মহাসাগরের পাড় ছুয়ে কিছু নীল অঙ্গরাজ্য, আর মাঝে বিশাল এক লালের সমুদ্র। ওবামা এই প্রথা ভাঙার চেষ্টাটুকু হলেও করেছেন। ইভ্যাঞ্জেলিক্যাল খ্রীষ্টানদের মত গোড়াদের সাথেও গিয়ে কথা বলেছেন। গীর্জায় গিয়ে বলেছেন দেশের স্বার্থে কিছু ব্যাপারে হলেও ঐকমত্যের কথা। আইডাহোর মত কট্টর রিপাবলিকান অঙ্গরাজ্যে ওবামা রেকর্ড পরিমাণ দর্শক সমাগম ঘটিয়েছেন। উপস্থিত দর্শকদের প্রায় সমান সংখ্যক ভোটার পরদিন তাঁকে ভোট দেয়। সুপার টিউস ডে'তে সাকুল্যে ওবামা জিতেছেনও বেশি অঙ্গরাজ্য। সিএনএন'এর হিসাব অনুযায়ী দুই প্রার্থীর মোট ব্যবধান ০.৪%!

* লাতিনো ভোটে এখনো পিছিয়ে থাকলেও সাদাদের মাঝে ৪৪% ভোট পাওয়া, কালোদের মাঝে হিলারিকে নিশ্চিহ্ন করে দেওয়া ৮০% ভোট, নারী ভোটারদের মাঝে সমানে সমান থাকা, ৪০ বছরের কম বয়সী সকল ভোটারের কাছে প্রথম পছন্দ হয়ে ওঠা।

* যথারীতি আরো একটি লোম খাড়া করা ভাষণ। এমএসএনবিসি থেকে এমবেড করা এই ভিডিও শুনে দেখতে পারেন। যদি পুরোটা শুনবার ধৈর্য না থাকে, তাহলে অন্তত ১৪ থেকে ২০ মিনিট পর্যন্ত শুনুন। সেটুকুও সম্ভব না হলে শুধু এই বাক্যটি আয়নার সামনে দাঁড়িয়ে আওড়ান -- "উই আর দ্য ওয়ানস্‌ উই হ্যাভ বিন ওয়েইটিং ফর!" আমরা আমাদেরই অপেক্ষায় ছিলাম এতকাল! চিরকাল অনুরণিত হবার মত একটি কথা।



সামনে লুইজিয়ানা, ওয়াশিংটন, আর নেবরাস্কায় ইলেকশন। এরপর আসছে ভার্জিনিয়া, মেরিল্যান্ড, আর ডিসি। বলা হচ্ছে ভাল কিছু সপ্তাহ যাওয়ার কথা ওবামার। তবে তার পরেই আসছে ফাইনাল পরীক্ষা -- টেক্সাস, ওহায়ো, আর পেনসিল্ভ্যানিয়া।

Friday, February 01, 2008

প্রবাসের কথোপকথন ১২

“মেয়ের জ্বর কমে নাই এখনো? ডাক্তার দেখান। ভাবীকে দুইটা দিন ছুটি নিতে বলেন। নতুন কাজ নিলে ছুটি পেতে সমস্যা হবেই এরকম। কী আর করবেন ছুটি না পেলে, আল্লাহ আল্লাহ করেন, ঠিক মত ওষুধ দেন, দেখে রাখেন।”

“ডঃ ইউনুস সাক্ষাৎকার দিসে, দেখসেন নাকি? কয় বিজ্ঞাপন দিয়েও নাকি গরীব পাওয়া যাবে না বাংলাদেশে। হায়রে গ্রামীন ব্যাংক। ৮০ বছরের বুড়িরেও রেহাই দেয় না টিনের চালের জন্য, আবার বড় বড় কথা।”

“এই কয়দিন ধরে ব্যবসায় এত মন্দা অবস্থা যে বলার না। জমার টাকাই তুলতে পারি না। মন খারাপ করে কালকে গাড়ি বেরই করি নাই। ঘর থেকে টাকা নিয়ে জমার টাকা পুরাতে হয়, এমন বাজে অবস্থা। অর্থনীতি একদম গেছে। আগে কী রমরমা ছিল!”

“আজকের ঠিকানা দেখেছেন? তারেক রহমানকে নাকি রিমান্ডে টর্চার করা হয়েছে। এই কাজটা কেন করতে গেল? এত্ত সাহস বেড়ে গেছে সরকারের? যত যাই হোক, শহীদ জিয়ার ছেলে। তাকে এই ভাবে চোখ বেঁধে অত্যাচার করার কী মানে আছে? এইটার আন্তর্জাতিক তদন্ত হওয়া দরকার।”

“আর তারেক যে পাঁচ বছর ধরে এত লুটপাট করলো, সেটার কী হবে? তখন আইন কই ছিল? কথা বের হয় নাই কেন তখন আপনাদের মুখ দিয়ে? আরে আমার মামা বুক চাপড়ায় বলসিলো, আমারে ঠিক মত বিয়াটা করতে দে। তারেক লোকজন সহ তারে বিয়ার আসর থেকে তুইলা নিয়া গিয়া পিটাইসে। আজকে স্রেফ চোখ বানসে আর এত কান্নাকাটি লাগায় দিসেন! মহিউদ্দীন খান আলমগীরকে যে চোখ বেন্ধে পিটাইসে, যাতে কে মারসে দেখতে না পারে? আদালতে বলসিলো যে তার পায়খানার রাস্তা দিয়ে গরম ডিম ঢুকায় দিসে, যাতে কাউকে দেখাতে না পারে।”

“রাবেয়া আপা, আমার মামাতো ভাই এইটা। বড় মামার ছেলে। ওরে দুইটা পিঠা দেন। এই নাও ভাইয়া, তোমাদের ভার্জিনিয়ায় তো ভাপা পিঠা পাও না। এই, তোর ছেলেকে এই পিঠাটা দে।”

“পিঠার ইংরেজি জানি না, বাবা। সাদাটাই মজা তো। এটায় নারিকেল আছে। থাক, ভাল না লাগলে গুড়টা খাও শুধু। বার্গার আরেকদিন খাবো। হ্যাঁ হ্যাঁ, মা বাসায় গেলে বিরিয়ানি রান্না করে দিবে তোমাকে।”

“আরে তারেকের হাড্ডি ভাঙে ভাঙুক, আপনি নিজে সৎ হন। আপনি কখনো চুরি করেন নাই? এত বছর ধরে নিউ ইয়র্ক আছেন, কোন অন্যায় করেন নাই? দেশে যে এনজিও খুলতে মাসে মাসে টাকা পাঠান, ঐটা এমনি এমনি হয়ে যাচ্ছে?”

“না, কোন অন্যায় করি নাই। আমাকে বলসে এনজিও খুলতে ৫০ লাখ টাকা লাগবে। ৩০ লাখ মত জোগাড় করে পাঠায় দিসি। আরেক কিস্তি সামনে পাঠাবো। এই টাকা এখানেই জোগাড় করা। এর মধ্যে চুরি নাই কোন।”

“একটা ফর্ম জমা দিতে হয় প্রথমে, মনে পড়ে? জ্বী, ঐ যে ১০ জনের সিগনেচার সহ একটা কাগজ জমা দিতে হয়। ঐটায় কার কার নাম ছিল? ঐ ১০ জনের কেউ কি আদৌ অংশীদার? সাজানো নাম ছিল না সব? জ্বী, এই খানেই চুরিটা করছেন। আমার এক চাচা একই কাজ করসে। আমাকে বলতে আইসেন না যে এনজিও খুলসেন কিন্তু চুরি করেন নাই। নিজে সৎ হন, তাহলেই সব ঠিক। অযথা তারেকের জন্য কেঁদে লাভ নাই।”

“চেনা চেনা লাগে, তবু অচেনা, ভালবাসো যদি, কাছে এসো না...”

“আহারে কী সুন্দর সব সিনেমা ছিল। জোনাকি সিনেমা হলে প্রতি সপ্তাহে যেতাম সিনেমা দেখতে। এখন কী সব নাখাস্তা সিনেমা বানায়।”

“আচ্ছা, আমি একটা কথা বুঝি না। মোয়াজ্জেম হোসেন আলালকে ধরে না কেন? এই চোর দেখি সেদিন টিভিতে সাক্ষাৎকার দেয়। আমার তো রাগে গা জ্বালা করছে এখনো।”

“আরে এরা বেছে বেছে নিজের মত লোক ধরছে। নাইলে মান্নান ভূঁইয়া কীভাবে বাইরে থাকে এখনো? সবচেয়ে দুর্নীতিবাজ মন্ত্রনালয়ের মন্ত্রী হয়েও ব্যাটা এখন আরামে ঘুরে বেড়ায়। ঐদিকে আওয়ামী লীগে আমুর মত চোরকে ধরার নাম নাই। সবই এক। নিজেরটা ছাড়া কেউ কিছু বুঝে না।”

“মেয়র মহিউদ্দীন প্রতি বছর ২৫ জন হাজ্বীকে হজ্জ্ব করার পয়সা দেয়। একবার গরমের জন্য ২৪ টা এসি কিনে দিসে নিজের টাকায়। একে জেলে ভরসে, কিন্তু সাদেক হোসেন খোকা বাইরে।”

“আরে মহিউদ্দীনকে ধরসে শুধু চট্টগ্রাম বন্দর খোলা রাখতে। তবে ধরুক। সব কয়টাকে ধরুন। এগুলার একটাও নির্দোষ না। বাইন্ধা পিসা দিয়া বাইরানোর কাম এগুলারে।”

“হবে, বাবা। তুমিও একদিন স্টুডেন্ট অফ দ্য মান্থ হবে। মাথাটা খারাপ করে ফেললো, বুঝলা? সবাই স্টুডেন্ট অফ দ্য মান্থ হয়, আমি কেন হই না? এত বলি যে তুমি মাত্র এসেছো, ইংরেজি বুঝতে সমস্যা হবে তোমার। পড়াশুনার দিকে আগ্রহটা আছে। ইচ্ছা আছে ভাল একটা ইউনিভার্সিটিতে পড়ানোর, কিন্তু নিউ ইয়র্কে থেকে টাকা জমানো সম্ভব না। সাইথে যাবো গিয়ে ভাবি প্রায়ই। আমরা দুই জন মিলে কাজ করলে এর অর্ধেক টাকায়ও ভাল চলে যাবে।”

“আরে মঈন ইউ তো নোয়াখালির লোক। বরকতুল্লাহ বুলুর আত্মীয়। ওর দৌড় জানা আছে। কিছুই করবে না বিএনপির লোকজনের।”

“আরে আরও আছে। জেনারেল মতিন তো ৭১’এর সেই চার আল বদরের একটার আত্মীয়। যেইটা শহীদুল্লাহ কায়সারের বাসায় এসে তাকে চিনিয়ে দিলো। পান্না কায়সার নাকি টান দিয়ে মুখের উপর থেকে মাফলার খুলে চেহারা দেখে ফেলেছিলো। বিবিসি থেকে ডকুমেন্টারি করার সময় সাক্ষাৎকার নিতে গিয়েছিলো, দরজা খুলে নাই। খুব নাকি ব্রিলিয়ান্ট ছাত্র ছিল ঢাকা ইউনিভার্সিটির।”

“খোকাকে কেন ধরে না জানেনে? খোকা এক সময় ব্যারিস্টার মইনুলের উকিল ছিল। এদের অনেক আগে থেকেই কানেকশন। মইন তো জামাতের সমাবেশেও যাওয়া-আসা করতো।”

“এই লোকটা অতিরিক্ত কথা বলে, বুঝলেন? এর একলার জন্য সরকারের ভাবমূর্তির ১২টা বাজলো পুরা। হাসিনার পিছনে যেভাবে উঠে-পড়ে লাগলো। অথচ কয়দিন আগেই নিজের ছেলের জন্য নমিনেশন চাইতে হাসিনার কাছে ঘুরে আসলো। হাসিনা দেয় নাই দেখে শোধ তুলছে এখন।”

“আরে আর্মিও তো মানুষ। দেশে এখন শুনি ঘুষের রেট বেড়ে গেছে, তবু ঘুষ আছেই। রিস্ক বেশি, তাই রেট বেশি। আসল লোকগুলোকে তো ধরে না। এরা আছে দুই দিন পরপর মাইনাস-টু নিয়ে লাফালাফিতে। হাসিনাকে আজম চৌধুরীর মত একটা বাটপারের মামলা দিয়ে আটকায় রাখলো। এত কিছু থাকতে নাজমুল হুদাকে গ্রেফতার করলো ঘরে মদ-বিয়ার রাখার জন্য। তামাশা নাকি রে ভাই এগুলা?”

“এদের আসলে সমাজ থেকেই বর্জন করা উচিত। মিডিয়াও তো এদের নিয়েই লাফায়। আদালতে নেওয়ার সময় শ’খানেক ক্যামেরাম্যান সামনে গিয়ে দাঁড়ায়, আর এরা ভিক্টরি সাইন দেখায়। আরে ব্যাটা জেলে যাওয়ার সময় এসব কী? সেই দিন আর নাই যে জেলে গেলে বড় নেতা হয়ে বের হবে। বাঙালি এত গাধা না। মিডিয়ার উচিত এদের কোন ছবিই না দেখানো। পত্রিকাগুলার উচিত শুধু হাতে-পায়ে বেড়ি পড়ানো ছবি ছাপানো।”

“ম্যারিয়ন জোন্সের স্বর্নপদক কেড়ে নিসে দেখসেন? মজা দেখেন, যে সেকেন্ড প্লেসে ছিল, তাকেও দিবে না। আজব কথাবার্তা।”

“সেইদিন একটা নাটক দেখলাম নতুন। ফোর-টুয়েন্টি। হেব্বি জোস। দুই ঠগ গ্রাম থেকে শহরে এসে বড়লোক হয়ে যায়, সেই কাহিনী। ১০ পর্ব দেখলাম। আজকে রাতে আবার আছে।”

“হ্যাঁ, এইটাই বাকি ছিল। বাংলাদেশের যেই অর্ধেক মানুষ ফোর-টুয়েন্টি ছিল না, এখন সেগুলাও বাটপার হবে এই নাটক দেখে।”

“ঐ যে দেখেন, ভাগলো আমার চেহারা দেখেই। আমার আগের রুমমেটের কাছ থেকে ব্যবসার নাম করে ২২ হাজার ডলার হাতায় নিয়ে ভাগসে শালা। অল্প অল্প টাকা নিয়ে ফেরত দিয়ে দিতো তাড়াতাড়ি করে। এই ভাবে বিশ্বস্ততা দেখায় একবার পুরা ২২ হাজার ডলার নিয়ে ভেগে গেছে।”

“দেখেন, দেখেন। দুদক থেকে বলে, দুর্নীতি না হলে নাকি বছরে ১২ হাজার প্রাইমারি স্কুল বানানো যেতো। শালা বাঞ্চোতের দল, দেখা দেখি এক বছরে কয়টা স্কুল বানালি! উলটা ঢাকা ইউনিভার্সিটির স্যারেগো নিয়া রিমান্ডের ভরসোস।”

Thursday, January 24, 2008

বাঙ্গালির ডিখ্যাতিফিকেশন

১. খ্যাৎনামা
মানুষ হিসেবে আমি প্রাচীন, অচল। কমপক্ষে এক প্রজন্ম আগে আটকে আছি। আমার মারকুটে বাবা অত্যন্ত যত্নের সাথে শিখিয়েছিল, লেখাপড়া করে যে, গাড়িঘোড়া চড়ে সে। সকাল হলেই ছিল আমার নাম ধরে বিকট এক ডাক, আর সাথে ফ্যান বন্ধ করে দেওয়া। ঘুম ভেঙে বিবিসি রেডিও শুনতে পেতাম প্রতি সকালে। সরকারী চাকরিজীবি বাবার সিংহভাগ উপার্জন চলে যেত আমাদের দুই ভাইয়ের স্কুল আর প্রাইভেট টিউটরের পেছনে। ছোট মামা স্কলারশিপের টাকা দিয়ে একটা আটারি কিনে দিয়েছিল। বয়স তখন বছর সাতেক হবে হয়তো আমার। জীবনে আর কখনও কোন টিভি গেইম হাতে পাইনি। আমার মিতব্যয়ী বাবা প্রতি বছর হাজার কয়েক টাকা তুলে রাখতো একুশে বইমেলার জন্য, মেলা এলে পূর্ণ স্বাধীনতায় খরচ করতাম। ঘরে সম্পদ বলতে ছিল শুধু কয়েক শেলফ বই। প্রতি বেলায় এক তরকারি, এক ভাজি, আর ডাল ছিল মেন্যু। ভোগ বলতে জুম্মাবারে বুটের ডাল দিয়ে গরুর মাংস। আর প্রাত্যহিক বিনোদন বলতে বইগুলো নাড়াচাড়া করা। সান্ধ্য আইন মেনে ঘরে ফিরতে হত। হাজার অপছন্দ সত্ত্বেও ৬টা থেকে ৯টা পর্যন্ত পড়ার টেবিলে বসে থাকতে হত। অন্যথায় শাস্তি ছিল বেতপেটা, আর মেনে চলার পুরস্কার ছিল সেই শাস্তি থেকে রেহাই।

এমনি করেই বেড়ে ওঠা এই আমি যে খ্যাৎ আর বিব্রতকর হব, তাতে অবাক হবার কিছু নেই। প্রবাস বলতে সবাই বাইরের কোন দেশকে বোঝে। আমার কাছে প্রবাসের সংজ্ঞা মিলে যেতে না পারায়, স্বকীয়তাকে সংকুচিত করে রাখায়। সে-অর্থে আমার প্রবাস জীবনের সূচনা দেশে থাকতেই। উন্নত ব্যক্তি, সমাজ, ও রাষ্ট্রের উৎকর্ষের সামনে নিজেকে অপ্রস্তুত অবস্থায় আবিষ্কার করেছি অগণিত বার। খেতু থেকে আধুনিক হবার চেষ্টা খুব একটা গা লাগিয়ে করিনি, তবে চিনেছি অনেক খ্যাতাচারই। মনটা একদিকে ছোট হয়ে যায়, আবার আরেক দিকে ভেবে ভাল লাগে যে আমি অচল হলেও খুব দুর্লভ কোন প্রাণি নই।

২. কুলির কাপে ঝড়
আমি মানুষ হিসেবে ভীতু বলেই কিনা জানি না, আমার শখের বিষয় বা বস্তুগুলো কিছুটা নিরীহ। লোকের গাড়ি কেনার শখ থাকে, আমার শখ একটা সাইকেলের। কেউ সাগরপাড়ে বেড়াতে চায়, আমি চাই স্রেফ একটা ডিঙি নৌকা। সবাই বাড়ি চায়, আমি চাই ছোট্ট, সুন্দর একটা ছোটঘর। খালার বাড়ি বেড়াতে গিয়ে একবার সুন্দর এক ‘বিশ্রামাগার’ ঢোকার সৌভাগ্য হল। আলতো করে এদিক-ওদিক হাত বুলাতে বুলাতে হাঁটছিলাম। হঠাৎ চোখ আটকে গেল বেসিনের উপর রাখা একটা ছোট্ট কাপে। গবেষণা করে বের করলাম, এই কাপের কাজ কুলকুচিতে সাহায্য করা। আজলা তুলে পানি নিয়ে কেউ কুলি করে না এই যুগে। শিখলাম।

৩. সুড়ুৎ সুড়ুৎ সুড়ুৎ
এবার বলছি চায়ের কাপের কথা। না, চা খাওয়ার সময় হাজারো আয়েশ সত্ত্বেও সুড়ুৎ করা যাবে না। নানি যদি কাপ থেকে পিরিচে ঢেলে দেয়, তাহলে হয়তো ফু দিয়ে খেয়ে নেওয়া যায়, তবে তা খুবই সন্তর্পনে হতে হবে। প্রকাশ্যে কখনো নাকি চায়ে ফু দেওয়া যায় না, পিরিচে নেওয়া তো দূরের কথা। মন যত উচাটনই হোক, এক থেকে দেড় চামচের বেশি চিনি নেওয়া যায় না। জ্বালার শেষ এখানেই নয়। আরামে নাকি সশব্দে আহ্‌ করাও বারণ। চা তবু গরম গরম পান করতে হবে। উফ, এত নিয়মের বালাই কেন?

৪. মন্ডা-মিঠাই যত চাও
মিষ্টি খাওয়ার বাতিক পেয়েছি দাদার কাছ থেকে। দাদা ছিল গ্রামের ডাক্তার। উত্তরাধিকারসূত্রে একটা শিক্ষিত বাপ, পরার্থপর হিসেবে রেখে যাওয়া সুনাম, আর কিছু বদভ্যাস ছাড়া এমনিতেও কিছু পাবার কথা না। দাদার উৎপাতে নাকি মিষ্টিওয়ালা গ্রামে ঢুকে মসজিদ পেরিয়ে বাড়ি পর্যন্ত যেতে পারতো না। তার আগেই হাঁড়ির মিষ্টি খতম। ম্যাট্রিকের রেজাল্টের পর বিষম আনন্দে আমার বাবা অনেক মিষ্টি এনেছিল। আমার আনন্দ দেখে সবাই খুব খুশি। আমি যে বেশি নম্বরের চেয়ে বেশি মিষ্টি দেখে আনন্দিত, তা খোলাসা করে বললে মনে হয় না আর লেখাপড়া করা হত। যাক সে কথা। মিষ্টিও নাকি এক বসায় বেশি খাওয়া অনুচিত। হাত লাগিয়ে খাওয়া তো চূড়ান্ত অসম্মানজনক। দাদার যুগই ভাল ছিল, এই ভাবতে ভাবতে চামচ তুলি আজও।

৫. টয়োটা ক্যামরি
সুযোগ হলে কেউ ‘ডুড, হোয়্যার ইজ দ্য পার্টি’ মুভিটা দেখে নিয়েন। দেসি কালচারের বীভৎস খ্যাতাচার নিয়ে তৈরি দুর্দান্ত কমেডি। চলচ্চিত্র থেকে ধার করেই বোঝাই এই খ্যাতাচার। উঠতি বয়সের কিছু ভারতীয় তরুণ গোরা মেয়ে বাগানোর জন্য পার্টি দিচ্ছে। কীভাবে যেন খবর পেয়ে চলে এসেছে তেলচপচপে খেতু থেকে শুরু করে গলায় মাথায় তিলক দেওয়া ভোলাভালা লোকজনও। আধুনিক প্রজন্মের তো জাত যায়-যায় অবস্থা। গেট ভেঙে যেন ঢুকে পড়বে সবাই। কী করা যায় এই ভিড় থেকে রেহাই পেতে? কীভাবে তাড়ানো যায় এত লোক? কী মতলব আঁটা যায় সবাইকে বের করে প্রপার স্ক্রিনিং করে লোক ঢোকানোর? চ্যাংড়া এক বান্দা মাইক্রোফোনে ঘোষনা দিল, মিস্টার প্যাটেল, ইয়োর টয়োটা ক্যামরি হেডলাইটস আর অন। মুহূর্তে ফ্লোর খালি হয়ে গেল। প্রবাসীমাত্রই এই ক্যামরি-প্রীতির সাথে পরিচিত। খেতু থেকে জাতে উঠতে চাইলে ক্যামরিবিনা চলতে হয়। তেলে নাহয় কম মাইল গেল, গাড়িও নাহয় বসে গেল বছর সাতেকের মাথায়। তবু নিশ্চয়ই খ্যাৎ থাকবেন না আপনি?

৬. ব্যবহার শেষে গোল বোতাম টিপুন
জনৈক বড়ভাই মাত্র এলেন দেশ থেকে। বলছিলেন এমিরেটস’এর টয়লেটের কথা। ঢুকেই নাকি বিশাল এক সাইনবোর্ড। বড় বড় হরফে একেক ভাষায় আকুতি জানানো হয়েছে, ব্যবহার শেষে যেন কোন এক গোল বোতাম টিপে দেওয়া হয়। ইংরেজি তো আন্তর্জাতিক ভাষা, তাই ক্ষমা করে দেওয়া যায়। সংযুক্ত আরব আমিরাত মধ্যপ্রাচ্যীয় দেশ, তাই তাকেও কিঞ্চিৎ ক্ষমা করা গেল। তাই বলে বাংলা, হিন্দি, বা থাই ভাষাকে ক্ষমা করি কীভাবে? শুভ্র, সুন্দর একটা জায়গা বিশ্রী রকম ময়লা আর দুর্গন্ধযুক্ত করে আসার পর কারো যদি পানি ঢালার কথা খেয়াল না থাকে, তাদের জন্য কীই বা করার আছে বেচারা এয়ারলাইন্সের? ভাই সাহেব বলছিলেন, কোন জাতি কতটা সভ্য, বা সভ্য বলে পরিগণিত, তা জানার উপায় এমিরেটসের টয়লেট ঘুরে আসা। সাইনবোর্ডের ভাষাই যা বলার বলে দেবে।

৭. জান, জানু, জান্টু, জানেমান
আমার মা আদরে-আবদারে বাবাকে ডাকে ‘এই’। নাটকে দেখতাম ঝন্টুর বাবা জাতীয় কিছু, আর সিনেমায় লক্ষ্মী। স্থান-কাল-পাত্রান্তরে ওগো, হ্যাগো, সোনা, জাদু, হানি, ডিয়ার, সুইটি, লাভলির চলও প্রচুর। আমি কোনদিনই তাল খুঁজে পেতাম না এই সম্বোধনযুদ্ধে। নিতান্তই দৈবদুর্বিপাকে একটা বান্ধবী জুটেছিল জীবনে। পাখি আসতে আসতেই ফুরুৎ করে উড়ে চলে গেছে আরেক গাছে। তার এক বিশাল অভিযোগ ছিল তাকে জান বলে না ডাকায়। আমি বলেছিলাম গোপাল ভাঁড়ের ছেলের গল্প। বাজারের কোণায় দাঁড়িয়ে যেই সুপুত্র ‘গোপাল বাবা, গোপাল বাবা’ বলে চিৎকার করে গোপালের গাট্টা খেয়েছিল। ছেলের যুক্তি ছিল, বাবাকে যেমন নাম ধরে ডাকা যায় না, তেমনি ভরা মজলিশে স্রেফ বাবা বলে ডাকা যায় না। অতঃপর গোপাল বাবা ও গোপালের গাট্টা। না, পোষালো না। ভালবাসা তর্কের উর্ধ্বে হলেও আগ্রাসনের উর্ধ্বে নয়। বলেছিলাম আজকাল যে-সে জান ডাকে, কোন স্যাঙ্কটিটি নাই এধরনের গণসম্বোধনের। শেষ খবর পাওয়া পর্যন্ত আমার এককালীন পাখি এখন বেশ জানময় হয়ে আছে। ওহ, জানের সাথে আই লাভ ইউ’ও যুক্ত করে দিতে হয়। নাহয় আম-ছালা সব যাবে। অন্তত এই লাইনে আর খ্যাৎ নই, যদিও একটু বেশিই ক্ষতি হয়ে গেছে শিখতে শিখতে।

৮. খুউউঅল
না, শব্দটা কুল না। ক্যুল, কিউল, এবং কুঅল এর মাঝামাঝি উচ্চারণ হবে, আর ক-কে খ করে দিতে হবে। বহুমূল্য এই শিক্ষাকে পথের পাথেয় হিসেবে বিবেচনা না করলে এযুগে অযথা খ্যাৎ বলে গণ্য হবেন। যেকোন প্রকার সুন্দর ও সমর্থনযোগ্য ঘটনার পরেই এই শব্দ উচ্চারণ করতে হয়। সম্ভব হলে একই সাথে হাত মেলাতে হয় কিংবা পিঠ চাপড়ে দিতে হয়। ভালকে ভাল, সুন্দরকে সুন্দর, বা সুস্বাদুকে সুস্বাদু বলবার দিন আর নেই। সকল প্রকার ধনাত্মক বিশেষণের প্রতিস্থাপনের জন্য তৈরি শব্দ। আরেকটু জাতে উঠতে চাইলে বাক্যের আগে-পিছে-মাঝে-ভাজে লাইক যোগ করে বাক্যটি পরিবেশন করুন। কাজে না লাগলে পয়সা ফেরত।

৯. বোতলে বোতলে সুখ
আমি কোকাকোলার এক অন্ধ ভক্ত। প্রেমে পড়ার সময়টুকু বাদ দিলে আমার পঁচিশ বছরের জীবনে একমাত্র আসক্তি হল কোক। নানার বাড়ি বেড়াতে গেলে আমাকে দেখেই পাড়ার মুদির দোকানদার দুই বোতল কোক বের করে ফেলতো। ছয় টাকা বোতল দিয়ে শুরু, আজ এই প্রবাসে পঁয়ষট্টি সেন্ট ক্যান পর্যন্ত গিলে চলছি। চাবি নিয়ে ঘুরবার মত হিম্মত হবার পর থেকেই একটা বটল-ওপেনার থাকতো রিঙে। নেহায়েত আমার মত কুদ্দুস হয়ে না থাকলে কখনো বিয়ারের ক্যান এই ধরনের ওপেনার দিয়ে খুলতে যাবেন না। বিয়ার বস্তুটাই বেহুঁশ করার জন্য। সমুদ্র সৈকতে লোকে জামা-কাপড় ফেলে গেলেও বিয়ারের বোতল নিয়ে যায়। আমি বুঝে পেতাম না, যারা কাপড় ছাড়া সমুদ্রের পাড়ে যায়, তারা কীভাবে খেয়াল করে ওপেনার নিয়ে যায় সাথে করে? কালে জানলাম, বিয়ারের ছিপি খালি হাতে মোচড় দিলেই খুলে যায়। পকেটের ওপেনার বের করে রেখেছি তার পর থেকে। দারু না খেয়েও খেতুর গাল যে কত খেয়েছি, তাই ভাবি। খ্যাৎ, খুব খ্যাৎ।

১০. খেতু খ্যাদাও, দেশ বাঁচাও
যাক, এমনি করে এগুলে মেঘে মেঘে অনেক বেলা হয়ে যাবে। থাকুক নাহয় এটুকুই। যুগের সাথে সাথে দর্শনের পরিবর্তন দেখে ভ্যাবাচেকা খেয়ে যাওয়া অনেক খেতুর একজন হয়েই নাহয় থেকে গেলাম। সব মানুষ আধুনিক হলে কি আধুনিকের মর্যাদা থাকে? নাহয় আমাকে দেখেই সবাই জানলো খেতু হবার জ্বালা কত। কীই বা ক্ষতি শখের বশে জগাখিচুড়ি গিটারিস্ট না হলে? কীই বা আসে-যায় ব্রেসিঙের যন্ত্রণায় যাবার বদলে দুটো বাঁকা দাঁত নিয়ে বসবাস করলে? জগতের তো কোন ক্ষতি হচ্ছে না আমি স্রেফ একটা মোবাইল ফোন ব্যবহার করলে। আমি নাহয় শাহরুখের মত বুক-ফারা জামা না-ই পড়লাম। সাম্প্রতিক ইন্ডিয়ান আইডলের চেয়ে নাহয় সিএনএন-এর অ্যান্ডারসন কুপারকেই বেশি চিনলাম। কে বলেছে বাক্যপ্রতি গোটা চারেক ইংরেজি শব্দ না বলে বাঙ্গালি হওয়া যায় না? আমি শার্ট প্যান্টে গুঁজে পড়লে কার কী?

অপঘাত ও কিছু বানরের কীর্ত্তন

১.
সাদ্দামের দুই পুত্রকে মনে আছে? উদে ও কুসে। আনাড়ি হাতের কসমেটিক সার্জারির পর মোটামুটি ভদ্রস্থ চেহারার এই দুই পশুর মরদেহ দেখতে দেওয়া হয়েছিল মিডিয়াকে। এক ভাইয়ের বুকে লোহিত সাগর তো আরেক ভাইয়ের মুখের উপর দিয়ে রাজধানী এক্সপ্রেস। কাফনের কাপড় পড়ানো অবস্থায়ও মানচিত্রসুলভ বিভিন্ন আঁকিবুকি ছিল তাদের দেহে। একেকটি ক্ষত দেখে নিশ্চিত ভাবে বলে দেওয়া যায় তাদের আহত হবার ধরন ও কারণ।

পত্রিকার রিপোর্টের এক কোণায় ছোট্ট করে লেখা ছিল মৃত্যুর সময় তাদের সাথে থাকা বিভিন্ন জিনিসের তালিকা। একটি করে বন্দুক, সুগন্ধী, ব্যবহৃত কন্ডম, বাড়তি মোজা। জ্বী, আমিও ঝাকি খেয়েছিলাম। কোথায় যেন পড়েছিলাম, একজন মানুষ মৃত্যুকালে তার সাথে কী কী পাওয়া যায়, তা দিয়ে তার সারা জীবনের মানচিত্র খুব সহজে এঁকে ফেলা যায়। অব্যর্থ প্রমাণ পেয়ে গেলাম যেন।

২.
অপঘাতের ক্যাম্পাস হিসেবে ভার্জিনিয়া টেকের বেশ সুনাম হয়ে যাচ্ছে দিনদিন। এই শরৎ পর্যন্ত পরপর তিন সিমেস্টার ধরে ক্যাম্পাসে কোন না কোন অপঘাতের ঘটনা ঘটলো। আমেরিকার সবচেয়ে নিরাপদ দশটি শহরের একটি হিসেবে বিশেষ গর্ব ব্ল্যাক্সবার্গের। সেখানে আচমকা এমন শনি লাগার কারণ কী কে জানে।

শুরুটা ছিল ২০০৬’এর শরতে। এক পাগলা খুনি জেল ভেঙে পালিয়ে গেল। মনে তার অসীম অশান্তি। শান্তি আর জ্ঞানের আলোর টানেই সম্ভবত সেই ব্যক্তি এসে ঘাপটি মেরে বসে থাকলো ক্যাম্পাসে। একাকিত্ব ঘোচানোর চেষ্টায় আরো কিছু মানুষকে জড়িয়ে ফেললো তার এই প্রয়াসের সাথে। ফলাফল, ক্যাম্পাস লকডাউন করে এই উন্মত্ত সিরিয়াল-কিলারকে খুঁজে বেরানো।

এর পরের ঘটনা জগৎ-বিখ্যাত। সাং-হুই চো নামে এক বিপ্লবী ব্যক্তি সাম্যের বাণিতে আদিষ্ট হয়ে রক্তগঙ্গা বইয়ে দিলেন। বড়লোক বাপের বখে যাওয়া ছেলেপুলের বাড়াবাড়ি নিয়ে আমাদের সবার চাপা ক্ষোভ ও হিংসাকে অসামান্য নৈপুন্যের সাথে চো সামনে নিয়ে এলেন। শুইয়ে দিলেন ৩১ জনকে। কিছু সুন্দরীর ছবি দেখে মনে হচ্ছিল, বেকুবটা শোয়াতেও জানে না! হয়তো বাচ্চা মেয়েদের দিকে ব্যারেল-বুলেট তাক করার খুব আক্ষরিক অর্থ করে ফেলেছিল বেচারা। রাগলেও কিছু করার নেই। আমার অচল মস্তিষ্ক এগুলোই করে দিনভর। পরেরটুকুর জন্য নাহয় শক্তি জমিয়ে রাখুন।

৩.
তৃতীয় ঘটনা এই শরতেরই। আমার দুইটা হোমওয়ার্ক এক সপ্তাহের ওভারডিউ। দুশ্চিন্তায় কাতর হয়ে ফিফা ২০০৮ খেলছিলাম তুমুল উৎসাহে। এরই মধ্যে আমার রুমমেট ফোন করলো। ব্রাদার, সুইসাইড কেইস। লাফ দিসে নাকি লাউঞ্জ থেকে। চ্যাটকায় গেসে কিনা জানি না। দেখতে যাবা?

মুহূর্তের মধ্যে ঘরের সবাই যে যেই অবস্থায় আছি দৌঁড়ে বের হলাম। সাকুল্যে ৫ জন। তাজ্জব ব্যাপার হল, প্রত্যেকেই কোন না কোন কারণে দরজা থেকে ফিরে ঘরে গিয়েছিলাম। মৃত্যুর সাথে সাক্ষাৎ বলে কথা। জরুরী কিছু কি ফেলে গেলে চলে? আমরা পঞ্চ-বান্দর আমাদের যক্ষের ধন সমেত সেই ডর্মের কাছে গেলাম মিনিট পাঁচেকের মাঝেই। জানতে পারলাম যে মৃত্যুর পেছনে আত্মহত্যা, নাকি অসাবধানতা দায়ী তা নিশ্চিত করে জানার উপায় নেই এই মুহূর্তে। তবে বিশেষ কসরত ছাড়া ঐ লাউঞ্জ দিয়ে বের হওয়া দুষ্কর। জানলাম যে ১৯৯০’এর দশকে এরকম বেশ কিছু ঘটনা ঘটেছিল। সম্ভবত একটি বছরে তিন জন ছাত্র এক কাতারে না হলেও কাছাকাছি সময়ে ঝাপ দিয়েছিল।

৪.
মৃত ব্যক্তিকে নিয়ে পরের দিনগুলোয় পত্রিকা মারফত জেনেছিলাম কিছু। অপঘাতের হ্যাটট্রিক নিয়ে বেশ গর্বিত ছিলাম সবাই। এর মাঝেই খেয়াল হল বানরকূলের শেষ লাফগুলোর কথা। যদি ঠিক সেই অবস্থায় মারা যেতাম আমরা, তাহলে অচেনা কারো চোখে আমাদের জীবনের মানচিত্র কেমন হত?

দামাল ক্রিকেটার হাইব্যা মৃত্যুর পূর্বে বান্ধবীর কাছে তিন হাত ঘুরিয়ে একটি সাংকেতিক বার্তা পাঠিয়েছিলেন। ঘরে ফিরে সাপ্লাই-ডিমান্ডের অন্যায্য স্থিতির কারণে বঞ্চিত হবার ভয়ে তিনি ভনেজের একটি ফোন সেট হাতে নিয়ে বের হয়ে আসেন। তার পরণে ছিল থ্রি-কোয়ার্টার প্যান্ট ও স্যান্ডো গেঞ্জি। ইয়ো! লাশদর্শনের পর আড়ষ্ট হয়ে যাবার ভয়ে তিনি কিছু ব্যাক্তিগত কাজ দ্রুত সেরে নেন।

কুদ্দুস বের হবার আগে বক্সিং গ্লাভস না নিলেও চুল আঁচড়াতে ভোলেননি। উপরে উপরে কোলেস্টরেলের দোহাই দিলেও তিনি সম্ভবত ভিন্নতর কোন কারণে মাত্র চার মাসে ৫০ পাউন্ড ওজন কমানোর মত মহাযজ্ঞে মেতেছিলেন। বহুকাল পর ডর্মের সামনে যাওয়া এবং সেখানে ভেকেটেড অবস্থায় অপ্রস্তুত বসনে সজ্জিতা নারী হয়তো তার এই শেষ প্রসাধনে উপসর্গের ভূমিকা পালন করে থাকবে। স্বাভাবিক অবস্থায় স্যান্ডেলনির্ভর কুদ্দুসকে এদিন কেডস পরিহিত অবস্থায় দেখা যায়।

অ্যাজমারোগী মোখলেছ প্রথমাবস্থায় উৎসাহের আতিসজ্যে জুতা-স্যান্ডেল ছাড়াই রওনা দিয়ে ফেলেছিলেন। পরবর্তীতে তাকে স্তূপ থেকে জুতা ও জ্যাকেট বের করতে দেখা যায়। এসময় তার কাছে ইনহেলার না থাকলেও একটি ফোন সেট ছিল। ধারণা করা যায় যে তিনিও বিশেষ কারণে দেশের সাথে প্রচুর যোগাযোগ বহাল রাখেন। তার হাতে একটি লাঠি পাওয়া গেলেও কোন উল্লেখযোগ্য পূর্ব-বেদনা দেখা যায়নি।

গাঞ্জুট্টির সাথে গাড়ির চাবি থাকলেও মোবাইল ফোন কিংবা ওয়ালেট ছিল না। তার ঊর্ধাঙ্গে ছিল একটি সাদা গেঞ্জি, আর নিম্নাঙ্গে ছিল একটি লাল বক্সার। গালে অনিঃশেষ দাড়ি থাকলেও তার পায়ে ছিল লেডিস চপ্পল। গাড়ির চাবির সাথে রিট্র্যাক্টেবল লাইটার থেকে ধারণা করা যায় তিনি বায়ুর পূজারি। তার হাতে একটি হ্যান্ডিক্যাম ছিল যাতে বিভিন্ন পার্টিতে তোলা নিরুদ্দেশ ভিডিওর সম্ভার মেলে।

বিল্লাল তাঁর লাল-নীল স্কোয়্যারবিশিষ্ট শার্টটি পরিধান করে সারতে পারেননি। রান্নার গন্ধের কাছে আস্ত একটি জ্যাকেট সঁপে দিলেও তিনি এই শার্টটিকে আগলে রেখেছিলেন। বাম পায়ে সজোরে বেঁধে রাখা পট্টি বিশেষ ইঙ্গিত করে যে তিনি মৃত্যুর কিছুকাল আগে পায়ে আহত হয়েছিলেন। খাবার সময় তিনি প্রচুর পানি পান করতেন, নয়তো পাহারাদার পুলিশ-কন্যা তাঁকে ব্যাপক মাত্রায় আকর্ষণ বা বিকর্ষণ করেছিলেন। তার পকেটে অস্বাভাবিক পরিমাণ কিটক্যাট পাওয়া যায়। তাঁর ডান হাতের কিছু আঙুল অতিব্যবহারে বেঁকে থাকলেও বাম হাতে একটি পাঠ্যবই ও একটি কলম ছিল। মৃত্যুকালে তিনি ছোট ডায়েরি, কলম, চ্যাপস্টিক, রুমাল, ওয়ালেট, ফোন, চশমা, নকল দাঁত সহ অনেক হাবিজাবি বহন করলেও কোন টাকাপয়সা বহন করছিলেন না।

চ্যাটকানো মগজের অনুপস্থিতি, লাশ হাসপাতালে নিয়ে যাওয়া, এবং ঘটনাস্থলের বেশ অনেক গজের মধ্যে কাউকে ঢুকতে না দেওয়া সহ বিবিধ কারণে প্রাথমিক উদ্যোক্তা লিয়াকত তাঁর বান্ধবীর হোমওয়ার্কে পুনরায় মনোনিবেশ করাই উত্তম বলে বিবেচনা করেন।