Saturday, July 19, 2008

শূ্ন্য আটের দিনগুলিঃ ভাগ্যিস ’৭১ এ জন্মাইনি

২.১
সবাই শুধু নারীজীবনের দুর্দশার কথা বলে। অসাম্য, অবরোধবাস, অবিশ্বাস, আবেগপ্রবণতা, অযোগ্যতা, ইত্যাদির অনেক অভিযোগের কাঁটা বিছানো পথ পাড়ি দিতে হয় মেয়েদের। নারী হয়ে সফল হওয়া তাই খুবই দুরস্ত, দুষ্কর। অনেক কষ্ট, অনেক বৈষম্য, অনেক দুর্বলতা, অনেক খোটা। সমাজ ও সাহিত্যে এই সত্য আজ মোটামুটি সুপ্রতিষ্ঠিত। তবে পূর্ণতার প্রশ্ন এলে জবাব খুব সহজ একজন নারীর জন্য -- মাতৃত্ব। এটি আত্মোৎসর্গকারী এমন এক নিম্নগামী আবেগ যার ঐশ্বরিকতাকে চেষ্টা করেও ধরাধামে নামানো যায় না।

পুরুষজন্ম সে-তুলনায় অনেক আরামের। প্রত্যাশার আঁতশকাচের নিচে বড় হতে হতে পুরুষমাত্রেই উচ্চাভিলাষী হয়ে যায় একটা সময়। আবেগজনিত কিছু নিয়ে তাদের চিন্তা করতে হয় না। ছকে বাঁধা জীবনে, ছাঁচে মাপা সাফল্য। কিন্তু পুরুষের পূর্ণতার একটি বিশেষ নির্ণায়ক আছে। একটি ছেলের জীবনের পরম আরাধ্য একটাই –- বাবার চোখে একজন যোগ্য মানুষ হওয়া। বাবার মুখে সামান্যতম প্রশংসাও তাই যে-কোন ছেলের কাছে অনেক, অনেক বড়।

আমার বাবা খুব খুঁতখুঁতে মানুষ। তার ছেলে হওয়াটা মহা ঝক্কির ব্যাপার ছিল। একটু এদিক-ওদিক হলেই শুনতে হত, আমার ছেলেদের এমন করবার কথা না। বলা হত একশ’ জনের চেয়ে আলাদা হবার কথা। অংকে ৯৮ পেলে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করা হত বাকি ২ নম্বর কোথাও গেল। বাবার আদরে-শাসনে মোতাহের হোসেন চৌধুরীর একটি উক্তি খুব মনে পড়ে যায় –- দশের মধ্যে একজন হয়ো না, দশে এগারো হও।

বয়স তখন আমার বাও-তেও। কোন এক জাতীয় দিবসে একাত্তরের গণহত্যার চিত্র দেখাচ্ছে। কী বলছি, তা বুঝে ওঠার আগেই মুখ দিয়ে একটা কথা বেরিয়ে গেল -- ভাগ্যিস ’৭১-এ জন্মাইনি! অল্প বয়সে মারা যেতাম তাহলে!

সামান্যতম ত্রুটিও ধরে দেওয়া বাবা আমার দিকে এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নিয়েছিল নিঃশব্দে।

২.২
আলী আমান আজকে একজন রং মিস্ত্রি। সহায়-সম্বল নেই, ছেলের সংসারে থাকেন, দিনমজুরি করে পেট চালান। তিনি নিবন্ধিত জামাতীদের একটি প্রহসনমূলক অনষ্ঠানে একা গিয়ে হাজির হয়েছেন। মুক্তিযুদ্ধের কথা বলেছেন। রাজাকারের ফাঁসি চেয়েছেন। গগনবিদারী জয় বাংলা ধ্বনির কথা মনে করিয়ে দিয়েছেন। শাস্তিস্বরূপ তাঁকে প্রকাশ্যে লাথি খেতে হয়েছে। অন্ধকার ঘরে বন্দী থাকতে হয়েছে তিন ঘন্টার ওপর।

কোন জরুরী অবস্থা ভঙ্গ হয়নি তাঁর এই লাঞ্ছনায়। কোন সেক্টর কমান্ডার তাঁর সমর্থনে আসেননি। কোন সুশীল এগিয়ে এসে আলী আমানের লাঞ্ছনাকারীদের নারায়ে-তাকবীর ধ্বনির প্রতিবাদ করেননি। তবু আলী আমান পত্রিকা অফিসে এসেছেন, যুদ্ধাপরাধীদের বিচার চেয়ে গেছেন।

একজন আলী আমান যতটা পুরুষ, আমরা সবাই ততটাই নপুংসক। প্রান্তিক মানুষ আলী আমানের এই সাহস সুবিধাভোগী এই আমাদের ভয় পাওয়ার অধিকার দেয় না।

শূ্ন্য আটের দিনগুলিঃ বুড়া মাইনষের মত কাশোস ক্যান?

১.১
দুষ্ট ছিলাম আজীবন, নষ্ট ছিলাম না। মৌলিক কিছু বিধিনিষেধ আর মূল্যবোধ মাথার ভেতর খুব পোক্তভাবে ঢুকিয়ে দিয়েছিল বাবা-মা। তার উপর পড়াশুনা করেছি ক্যাথলিক স্কুলে। আমার দৌঁড় তাই উলটাপালটা দৌঁড়নো আর পিড়পিড় করে কথা বলা পর্যন্ত।

নষ্ট ছেলেপুলেদের দেখতাম মহা আনন্দে দিন কাটাচ্ছে। এরা স্যারদের পুচ্ছদেশে চকের গুঁড়ো মারতো, সহপাঠীদের বোন'দের দিকে কুনজর দিতো, ক্লাসে নোংরা বইপত্র নিয়ে আসতো। শাস্তির ভয় এদের কখনোই ছিল না। আমরা ডিটেনশনের নাম শুনেই আতঙ্কে কাঁপতাম, ওরা বেতের বাড়ি খেয়েও হিহি করে হাসতো আর নিজের মত বদমায়েশি করে যেত।

ওরা সংখ্যায় কম ছিল, বড়লোকের পোলাপান ছিল, শিক্ষক-ছাত্র নির্বিশেষে সবাই ওদের হাতে ছিল। খেলতে না পারলেও ওরাই বিভিন্ন টুর্নেমেন্ট আয়োজন করে টিম ক্যাপ্টেন হত। বাকিরা ছিল অচ্ছুৎ, খ্যাত। ওরা আমাদের সাথী ছিল না, কিন্তু কীভাবে যেন প্রতিনিধি হয়ে যেত খুঁটির জোরে। যাক যে কথা।

জানি নে কেন জানি মনে পড়ে গেল। একেবারেই কাকতাল, বিশ্বাস করুন।

১.২
ঠোঁট না নাড়িয়ে কথা বলা ছিল আমার প্রিয় দুষ্টামি গুলোর একটি। একবার ক্লাসে স্যার অংক করতে দিয়ে পায়চারি করছেন। পুরো ক্লাস জুড়ে পড়ানোর বদলে একটু আরামে সময়টা পার করে দেওয়া আর কি। অংক মিলে যাবার পর আমি মনে সুখে আড্ডা মারছি। আশপাশ দিয়ে গেলে গুমগুম আওয়াজ পাওয়া যাচ্ছে। শিক্ষক মহাশয় ক্রমাগত আমার পাশ দিয়ে হেঁটে চলছেন। আমিও কথা বলছি, তিনিও বুঝতে পারছেন যে আমি-ই কথা বলছি। তবে ধরতে পারছেন না হাতে-নাতে।

হঠাৎ কাশি এল খুব। নেহায়েত নির্বিষ একটা কাশি দিলাম খুকখুক করে। তৎক্ষণাৎ ধুম করে এক কিল পড়লো পিঠে।

“এই ব্যাটা, বুড়া মাইনষের মত কাশোস ক্যান?”

এটাও কেন জানি মনে পড়ে গেল। কালতাল মাত্র, বিশ্বাস করুন।

Wednesday, July 16, 2008

রাজাকারের লাথিতে মাকড়সার গৃহধ্বংস

আমাদের পরিচিত জীবনধারাটি খুব বেশি যৌগিক। জীবন গঠনের মৌলিক উপাদানগুলোর সাথে আমাদের যোগাযোগ নেই অনেক দিন হয়। একটা সময় মানুষ জীবন নিয়ে খুব গভীর ভাবে ভাবতো। একেকটি নতুন অনুভবের সাথে ঝংকার তুলতে নিত্য-নতুন শব্দের জন্ম নিত। আজকাল কেউ আর এসব ব্যাপারে মাথা ঘামায় না। জীবন অনেক দ্রুত এবং জটিল হয়ে গেছে, এমনটাই দাবি করি আমরা। ফলাফল অপ্রত্যাশিত নয়।


আগে মনের অবস্থা স্বাভাবিকের থেকে ভিন্ন হলে তাকে অনেক রকম নাম দিতাম। উদাস, উৎফুল্ল, প্রশান্ত, আশ্বস্ত, বিরহী, ব্যথিত, আড়ষ্ট, আতঙ্কিত, অভিমানী। এখন শুধুই ‘কেমন-কেমন’ লাগে। আগে গৃহের বাঁধন ছিড়ে বের হলে গন্তব্য হত নিরুদ্দেশ, অসীম, তেপান্তর, দিগন্ত, মহাকাল, সিদ্ধিলাভ। এখন শুধুই ‘এইতো সামনে’। আগে কিছু খাওয়ার জন্য মন উচাটন হলে সবকিছুর কথা আলাদা করে বলতাম। তেল, ঝোল, নুন, মশলা, মরিচ, রঙ, সুবাস, উত্তাপ। এখন খাবারটুকু ‘ইয়াম্মি’ হলেই খুশি। আগে পাশের মানুষটিকে বিভিন্ন রূপে, বিভিন্ন ভাবে দেখতাম। বন্ধু, সাথী, জীবনসঙ্গী, উপদেষ্টা, ভরসাস্থল, আত্মীয়, আপন, অচিন, আরাধ্য। এখন দু’টি করে হাত ও পা থাকলেই খুশি।


পাহাড়ে বসত করলে যৌগিক জীবনের মৌলিক উপাদানগুলো খুব বেশি বিশ্লিষ্ট হয়ে চোখে পড়ে। এখানে আবহাওয়া মানে শুধু ‘আহ্‌’ বা ‘ধ্যাত্‌’ নয়। একেকটি ঋতুর মাঝে বিভেদ খুব স্পষ্ট। একই ভাবে কোন সঙ্গীর সাথে পাহাড়ে দিনাতিপাত করলে কিছুদিন পরই জীবনে তার অবস্থান স্পষ্ট হয়ে যায়। ইন্দ্রিয়গুলোও স্বতন্ত্র হয়ে ওঠে পাহাড়ি জীবনে। কখনো বুক ভরে শ্বাস নিলেই শরতের প্রাণ টের পাওয়া যায়। কখনো ভেজা বাতাসের স্পর্শ বলে দেয় বৃষ্টি এল বলে। কখনো হিমশীতল বাতাসের শনশন শব্দ শীতের উপস্থিতি জানান দেয়। কখনো ফুলেল গন্ধ বসন্তের সাথে পরিচয় করিয়ে দেয়।


পাহাড়ি জীবন সম্পূর্ণভাবে উপভোগ করার জন্য রইলো বাকি দুই। একটি পঞ্চেন্দ্রিয়ের শেষটি, দৃষ্টি। অন্যটি বাবা আদমের আমল থেকে রক্তে বয়ে চলা আদিম রোগ, দৈনন্দিন সঙ্গীর অভাববোধ। আমার জানালাটা দৃষ্টিসুখের প্রয়োজন মেটায় খুব ভাল ভাবে। কম্পিউটারে কাজ করতে করতে পেছনে প্রকৃতির খেলা দেখা অনেক দিনের অভ্যাস হয়ে গেছে। একটা সময় অবিরাম তুষারপাত দেখতাম, এখন অঝোর বর্ষন দেখি। সকাল হলে এই জানালা দিয়েই সূর্য উঁকি দিয়ে ঘুম ভাঙায়। বছরের বিভিন্ন সময়ে এই জানালা দিয়েই পাহাড়ের রঙ-বদল দেখি। একাকী সেই দিনগুলোয় সাথে থাকতো আমার একমাত্র সঙ্গী, ছোট্ট একটা মাকড়সা।


জানালার এক কোণায় ছিল এই মাকড়সাটার বসবাস। কেউ কাউকে জ্বালাতাম না। কোন চিন্তায় আটকে গেলে ওর দিকেই তাকিয়ে বিড়বিড় করতাম আপন মনে। অজান্তেই একটা সম্পর্ক হয়ে গিয়েছিল। অনেক অলস দুপুর কেটেছে স্রেফ মাকড়সার লাফালাফি দেখে। আমিও ওকে ঘাটাতাম না, ও-ও জাল বুনে বিরক্তির কারণ হত না। অসম ও অস্বাভাবিক বিধায় বন্ধুত্ব ছিল না, কিন্তু শান্তিপূর্ণ সহাবস্থান ছিল। গতকাল মেজাজ খারাপ করে আমার একমাত্র সঙ্গীকে ফেলে দিয়ে এসেছি। অভ্যাসবশত, চোখ আজো ঘরে ঢুকেই কাউকে খোঁজে, বাসার অন্যতম প্রাণিটির অভাবে বিষণ্ণতা আরো বেশি গ্রাস করে।


মেজাজটা খারাপ হয়েছিল রাজাকারের হাতে মুক্তিযোদ্ধার লাঞ্ছনা দেখে। অক্ষম আমি সেই ক্রোধ ঝাড়লাম অবল এক মাকড়সার ওপর। আমার ঘর, আমার খাবার, আমার জানালা। কোনদিন তো আমার মত হবি না, আমার বন্ধু হবি না। তবে অযথা আমার জায়গায় ভাগ বসাচ্ছিস কেন? নিজের মত জায়গা খুঁজে নে, নয়তো দূরে গিয়ে মর। এই ভেবে কাগজবন্দী করে হতচ্ছাড়া মাকড়সাটা ফেলে দিলাম গতকাল। রাগ নেমে যাবার পর থেকেই মন বেশ খারাপ। কারো উপকারে আসতে না পারি, অন্তত কারো ক্ষতি করছিলাম না। হোক না সে ছোট্ট এক মাকড়সা।


আজকে সকাল থেকে বারবার চোখ যাচ্ছে জানালার কোণার দিকে। আমার চোখ শুধু পাহাড় নয়, মাকড়সাও দেখতো। শূন্যতা থেকে সেটাই বুঝতে পারছি। ক্রোধ আর নিঃসঙ্গতা মেশানো অস্বস্তিকর একটা অনুভূতিতে ডুবি-ভাসি করে কেটে গেল পুরো দিন। ভেবে মনে হল, স্বাধীনতাবিরোধী চক্রের কাছে আমাদের ক্রমাগত পরাজয়ের পেছনে জীবনের যৌগিকতার কাছে পরাজয় একটি বড় কারণ।

যে-কোন কারণেই হোক, আমরা মূল্যবোধগুলোকে আর আলাদা করে চিহ্নিত করি না। স্বাধীনতা, বীরত্ব, দেশপ্রেম, সততা, ভ্রাতৃত্ব, সৌহার্দ্য, কিংবা অধিকারবোধের চেয়ে ‘হবে একটা কিছু’ই বড় এখন। স্বাধীনতাবিরোধিতা তাই আমাদের রাগায় না, দেশদ্রোহিতা করে না উচ্চকণ্ঠ। ইতিহাসবিকৃতির কথা উঠলে আমরা সত্যভাষণের চেয়ে রাজনৈতিক দলাদলি করি বেশি, রাজাকারের আস্ফালন দেখে দায়িত্বহীনতার অভিযোগের আয়নাগুলো নিজের বদলে অন্যের মুখের সামনে ধরি।


খুব প্রত্যাশিত ফল হিসেবেই আত্মশুদ্ধি বা আত্মোপলব্ধির বদলে আমরা নিষ্ফল আক্রোশ প্রকাশ করি ভাঙচুর বা গালাগালির মাধ্যমে। আড়ালে ওরা আরো সংগঠিত হয়, আরো বেশি লজ্জা দেবার জন্য। রাজাকারের লাথিতে সরকার যুদ্ধাপরাধীদের বিচারকাজকে নিজের দায়িত্ব বলে জ্ঞান করে না, সুশীল সমাজ ঠুনকো বিভেদের উর্ধ্বে ওঠে না, হাইকোর্টে কমান্ডার নিজামির জামিন নামঞ্জুর হয় না, রাজনীতির নামে দুর্জনদের সাথে আঁতাতের জন্য বড় দলগুলো ক্ষমা চায় না, ধৃষ্টতার প্রতিবাদে জামায়াতে ইসলামি’র অফিসে একটা ঢিল পড়ে না, বিচারপতি জে আর মোদাচ্ছিরের বাসার দেওয়ালে কেউ রক্তাক্ষরে ‘ছিহ্‌’ লেখে না, মুক্তিযোদ্ধা যাদুঘরে একটা পয়সা অনুদান পড়ে না। অযথা নির্বিষ, নির্বান্ধব একটা মাকড়সার গৃহধ্বংস হয় দশ হাজার মাইল দূরে।

Thursday, July 03, 2008

নিজস্ব ধাঁচের গণতন্ত্রঃ ৬

৬. ডিস্ট্রিবিউটেড সিঙ্গুলারিটি
জাতিগতভাবে আমাদের বড় সীমাবদ্ধতাগুলোর একটা হল উদ্ভাবনী শক্তির অভাব। অন্যের অনুকরণেই শুধুমাত্র আমাদের সুকুমারবৃত্তিগুলো জেগে ওঠে। বিজ্ঞান থেকে সঙ্গীত পর্যন্ত সর্বত্রই এক অবস্থা। উদ্ভাবনের উপহার সবার মধ্যে থাকে না। এতে দোষেরও কিছু নেই। তবে যে-বিষয়টি ঐকান্তিক ভাবে প্রয়োজন, তা হল শূন্যতা সম্পর্কে সচেতনতা। উদ্ভাবকেরা শূন্যতাকে পূরণ করার উপায় বের করেন, আর শূন্যতা সম্পর্কে সচেতন মানুষেরা সেই উদ্ভাবনকে ছড়িয়ে দেন সর্বত্র। নেতৃত্বের ব্যাপারটাও অনেকটা সেরকম। বড় নেতা খুব কম মানুষই হতে পারেন। অবিসংবাদিত নেতা হিসেবে বহুযুগে একজন গান্ধী বা বঙ্গবন্ধু আসেন, তবে তাঁদের সাফল্য নির্ভর করে প্রজন্মের উপর। প্রস্তুত ও উপযুক্ত প্রজন্ম ছাড়া কোন নেতাই সফল হতে পারেননি। ইতিহাসের মহানায়ক বিরল ও দৈব হলেও ইতিহাসের সাক্ষী ও বাস্তবায়নকারীরা সাধারণ মানুষ। শূন্যতা নিয়ে সচেতন না হলে কোন জাতি প্রস্তুত হতে পারে না তার মহানেতার জন্য।

অনুকরণপ্রিয়তা থেকেই আমরা ভাবতে ভালবাসি যে গণতন্ত্র আমাদের শূন্যতাগুলো পূরণের জন্য শ্রেষ্ঠ শাসনব্যবস্থা। এই ভাবনাটি ভুল, এমন কোন তত্ত্বের অবতারণা করছি না। তবে প্রশ্ন জাগা খুবই স্বাভাবিক, আমাদের গণতন্ত্রমুখীতার কতটুকু সচেতন। আমরা জানি যে আমাদের অঞ্চলে একনায়কতান্ত্রিক যেকোন শাসনব্যবস্থাই স্বৈরাচারী দৌরাত্ম্যের রূপ নিয়ে ফেলে। নোংরা সাম্রাজ্যবাদ বলতে যা বোঝায়, তা পশ্চিমেও ছিল। তবে রাজায় রাজায় যুদ্ধের যুগ পেরিয়ে এখন অনেক সভ্য ও শালীন ভাবে রাজনীতি পরিচালিত হয় পশ্চিমে। বিভিন্ন রকম ত্রুটি-বিচ্যুতি সত্ত্বেও পাশ্চাত্য সমাজ অনেক সহনীয়, তাদের বেলায় এককেন্দ্রীক শাসনব্যবস্থা কার্যকর। অন্তত এমনটাই আমাদের ধারণা, আর এমনটাই পাশ্চাত্য প্রচার করে থাকে।

প্রাচ্য আর পাশ্চাত্যের তফাৎগুলোর জন্য রাজনীতি যতটা, তার চেয়ে পারিবারিক ব্যবস্থা হয়তো কিছুটা বেশি দায়ী। এক প্রজন্ম আগ পর্যন্ত সনাতন বাঙালি পরিবারে বাবার বয়স মায়ের বয়সের চেয়ে অনেক বেশি ছিল। বন্ধু বা জীবনসঙ্গী হওয়ার আনন্দের চেয়ে অভিভাবকত্বের দায়িত্ব নিয়ে পুরুষদের ভাবতে হয়েছে বেশি। বাঙালি পরিবারে স্বামী বা পিতা বা বড় সন্তানের অবস্থান তাই যতটা আহ্লাদের, তার চেয়ে অনেক বেশি দায়িত্বের। পরিবারের কর্তার জীবন কাটে হরেক রকম হিসেব-নিকেশে। ফলাফলস্বরূপ আমার মতই অনেকে বেশি বয়সে এসে বাবার চরিত্রের নরম দিকটির সাথে পরিচিত হন। তার আগ পর্যন্ত বাবা মানেই বিভীষিকা, বাবা মানেই বাঘের মত ভয় পাওয়া।

এতকিছুর পরও ছেলেবেলায় প্রিয় ব্যাক্তিত্বকে নিয়ে রচনা লিখলেই সবাই বাবা, নয়তো নবীজী (স) এর নাম লিখতাম। আমার বাবা অত্যন্ত সজ্জন মানুষ, তিনি মিঠে-কড়া শাসনে আমাদের লালন-পালন করেন, সকাল হলে বাবার আযানে ঘুম ভাঙে, সন্ধ্যা হলে বাবার সাথে মাগরিবের নামায পড়ি, রাতে বাবা আমাদের দুই ভাইবোনকে অত্যন্ত যত্নের সাথে লেখাপড়া করান, রাতের খাবারের পর বাবার তেলাওয়াত শুনতে শুনতে আমরা ঘুমিয়ে পড়ি, ইত্যাদি কথা আমরা প্রত্যেকেই লিখেছি জীবনে কখনো না কখনো। বাবা নামক অনুপ্রেরণাদায়ী মহীরূহগুলো না থাকলে কি এই চোথামারা রচনাগুলো থাকতো না? খুব থাকতো। দেশ-বিদেশের শিক্ষা আর অগণন বর্ষা-বসন্ত পেরিয়ে এসে আজও প্রিয় ব্যাক্তিত্বকে নিয়ে রচনা লিখলে আমি আমার বাবার কথাই বলবো। শুধু আমি নই, প্রায় সবাইই লিখবেন। এই অনুপ্রেরণার ভূমিকা আমাদের সমাজে ব্যাপক। কঠোর, কর্কষ বাবাগুলো প্রাচ্যের পরিবারে যতটা একনায়ক, তার চেয়ে অনেক বেশি নায়ক।

প্রাচ্যের তুলনায় এই দিকে পাশ্চাত্য একেবারেই আলাদা। এখানে আদৌ এই ধরণের মধ্যযুগীয় বিষয়বস্তু দেওয়া হয় না। বাড়তি কিছু নম্বর পাওয়ার আশায় সেখানে ধর্মের চর্বিতে চুবিয়ে চুবিয়ে রচনা লিখতে হয় না। তবে প্রিয় ব্যাক্তিত্ব নিয়ে রচনা লিখতে দেওয়া হলে অনেক রকম প্রিয় ব্যাক্তিত্ব পাওয়া যাবে। হেমিংওয়ে থেকে জিম মরিসন পর্যন্ত অনেক রকম নাম ঘুরে-ফিরে আসবে। এখানে মানুষ নিজের ইচ্ছা আর স্বপ্নগুলোর সাথে মিলিয়ে ব্যাক্তিত্ব পছন্দ করে। আমি যে-পথে যেতে চাই, সে-পথের অগ্রণীই তো হবেন আমার আদর্শ। যারা ঝরে যাওয়ার চেয়ে মরে যেতে পছন্দ করে, তারা কার্ট কোবেইনকে প্রিয় ব্যাক্তিত্ব মানে। যারা বিশ্বশান্তির জন্য কাতর, তারা জন লেননকে স্মরণ করে। নারীবাদীরা আপাদমস্তক শ্রদ্ধাবনত হয়ে ওপরাহ্‌’কে মানে। প্রথাবিরোধী আর মুক্তিকামী মাত্রই চে গেভারা’র পোস্টারের দিকে তাকিয়ে নির্ঘুম রাত কাটায়। খোঁজ নিলে এরকম অজস্র পছন্দ পাওয়া যাবে পশ্চিমে।

এই স্বাধীন পছন্দগুলো পশ্চিমের ছড়িয়ে ছিটিয়ে থাকা গণতান্ত্রিকতাকে ইঙ্গিত করে। ডিস্ট্রিবিউটেড ডেমোক্রেসির পশ্চিমে বিনয় জীবনের অংশ হিসেবেই আসে, আর অথরিটি আসে শাসনের পথ হিসেবে। পশ্চিমা সমাজে পরিবার অনেক বেশি গণতান্ত্রিক। স্ত্রী-পুরুষ-পুত্র-কন্যা-চাচা-মামা-বন্ধু নির্বিশেষে সবার মতামতের ভূমিকা আছে পরিবারে। হুকুম দেওয়া হয় অনুরোধের সুরে। আমার মনে হয় তোমার এই কাজটা করা উচিত, তুমি বোধহয় এটা করতে পারলে খুশি হবে, আমি হলে মনে হয় এভাবে করতাম কাজটা। এভাবেই কর্তৃত্বের বদলে অনুপ্রেরণা আর যুক্তি দিয়ে চালিত হয় জীবন।

প্রাচ্যের অবস্থা উলটো। একারণে এখানে এমন ব্যবস্থা দরকার, যা পূর্বের সামাজিক রীতিকে প্রতিফলিত করে। আমরা দু’টাকা বেশি জুটলেই ভাবি আত্মীয়-পরিজনের কথা। নিজের লোক ছাড়া কাউকে বিশ্বাস করি না, মাইক ও ক্ষমতা পেলে ছাড়তে চাই না। নিজগৃহের দায়িত্ব ও কর্তৃত্বপরায়নতার রেশ চলে আসে আমাদের রাজনৈতিক জীবনেও। দেশটা পশ্চাৎপদ, আমাদের অনেক কাজ বাকি, সময় কম, মানুষের মাঝে শৃঙ্খলাবোধেরও অভাব ভীষণ। এরকম অবস্থায় কিছু মাত্রায় হলেও কেন্দ্রীভূত ক্ষমতা একটি প্রয়োজনীয় বাস্তবতা। সীমিত মাত্রায় এধরনের এককেন্দ্রিকতার প্রচলন করতে আমরা খুচরো নির্বাচনগুলোয় শুধু মূল নেতাকে নির্বাচিত করতে পারি। অতঃপর তাঁকে নিজের পছন্দমত লোক নিয়োগ করার অধিকার দেওয়া যায়।

বর্তমান ব্যবস্থায় সরকারী আমলারা একই জায়গায় থাকেন, শুধু তাঁদের মাথার উপর মনিব বদল হয়। এই ধারাটির পরিবর্তন করে প্রত্যেক নির্বাচিত জনপ্রতিনিধিকে তাঁর পছন্দের লোকজনকে নিয়ে কাজ করার অধিকার দেওয়া উচিত। এতে করে মেয়াদশেষে তাঁর কাছে জবাবদিহিতা চাওয়াও অনেক সহজ ও স্বচ্ছ হবে। আগের আমলের রেখে যাওয়া আমলাতন্ত্রের কারণে কাজ গতিশীলতা পায়নি, এমনটা কেউ দাবি করতে পারবেন না তখন।

নেতার জন্যও এধরনের ব্যবস্থা উপকারী হওয়া উচিত। যোগ্য মানুষের সাহচর্য না পেলে যোগ্যতার অবস্থানে যাওয়া দুষ্কর। পথে-প্রবাসে অনেকের সাথেই আমাদের চেনা-পরিচয় হয় যাঁরা দেশ পরিচালনার কাজে সাহায্য করতে পারেন। তাঁদের ফেলে আমলাতন্ত্র বা দলীয় প্যানেল থেকে বেঁধে দেওয়া কাউকে নিয়ে প্রশাসনিক কাজ সমাধা করার পদ্ধতিটি আমাদের অহেতুক বিবাদ ছাড়া কিছু দিচ্ছে না। পারিবারিকতা আর স্বেচ্ছাচারে সম্মিলিত কুফল এমনিতেও থাকবে। আত্মীয়পরায়নতা কোন না কোন মাত্রায় বিদ্যমান থাকবেই আমাদের সমাজে। আমরা জোর করে এগুলো এড়াতে চাই, চাই জোর করে হলেও ঐক্য চাপিয়ে দিতে। বাস্তব হল, যেকোন কিছুই নিয়মে নিষিদ্ধ থাকলে তা নিয়ে ঝামেলা হয় বেশি। অনুশাসনের বাড়াবাড়ি ও তার কুফলগুলো আমাদের সেই শিক্ষাই দেয়। নির্বাচিত হবার পর তাই সীমিত, নিয়ন্ত্রিত স্বেচ্ছাচারের অধিকার দেওয়া যায় রাজনীতিকদের।

নিজের মানুষ বা কাছের মানুষদের নিয়ে কাজ করবার অধিকারটুকু পেলে নির্বাচিত জনপ্রতিনিধিরা লেগেসি নিয়েও চিন্তিত হবেন, যেমনটা মার্কিন যুক্তরাষ্ট্রে দেখা যায় প্রশাসনিক বিভাগকে নিয়ে। নির্বাচনের পর রাষ্ট্রপতি নিজের দল ও মতের লোকেদের নিয়ে প্রশাসন সাজান। চাইলে পুরনো কর্মকর্তাদেরও রাখেন। এসব খুঁটিনাটি নিয়ে কেউ ঘাটায় না। শাসনকালের মেয়াদ শেষ হলে রাষ্ট্রপতিরা নিজের নামে লাইব্রেরি বা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন, লেখালেখি করেন, নয়তো বিশ্বময় ঘুরে বেড়ান শান্তির খোঁজে। ক্ষমতার পাশাপাশি দায়-দায়িত্বও ব্যক্তির ঘাড়ে দেখে এককেন্ত্রিক শাসনব্যবস্থায় দেরিতে হলেও লেগেসি নিয়ে চিন্তা দেখা যায়। একক ক্ষমতার মাদকতা থেকে কেউ সহসা বের হয়ে আসতে পারেন না। স্বল্পমেয়াদে তো নয়ই। তবু পৃথিবীর সব একনায়কই নিজের ভাবমূর্তি সম্পর্কে সচেতন। সিজার থেকে এরশাদ পর্যন্ত কেউ এর ব্যতিক্রম নন। যেখানে শাসনব্যবস্থাকে বিপর্যস্ত করে ক্ষমতা কেন্দ্রীভূত করতে হয়, সেখানে স্বাভাবিক ভাবেই এই চেতনার উন্মেষ একটু দেরিতে হয়।

পশ্চিমের সমাজে বিভিন্ন রকম শাসনব্যবস্থায় এই রকম একনায়কতন্ত্র ছড়িয়ে আছে, যা সমাজের তৃণমূলের গণতান্ত্রিকতার সাথে এক ধরণের প্রয়োজনীয় বৈপরিত্য সৃষ্টি করে। যেখানে সমাজ গণতান্ত্রিক, সেখানে শাসনব্যবস্থা একনায়কতান্ত্রিক। প্রাচ্যে পরিবার কাঠামো থেকে মজ্জায় ঢুকে যাওয়া এক ধরণের প্রশাসনস্পৃহা আমাদের বিরত রাখে রাজনীতি কিংবা আইন প্রণয়ন থেকে। সেকারণে আমাদের দেশে সংসদের নিম্নকক্ষ কিংবা স্থানীয় সরকারে বিশ্লিষ্ট ভাবে ছড়িয়ে দেওয়া যায় নিয়মতান্ত্রিক একনায়কতন্ত্র, দেওয়া যায় পরিমিত স্বেচ্ছাচারের সাময়িক অধিকার। রাজনীতি আর প্রশাসনের মাঝের খিচুড়ি সম্পর্কটি এভাবে পৃথক সম্ভব।

মোটা দাগে বিবেচনা করলে পৃথিবীময় ছড়িয়ে থাকা শাসনব্যবস্থাগুলো সংসদীয়, নয়তো রাষ্ট্রপতিশাসিত। এই দুই শাসনব্যবস্থার মূল পার্থক্য লেজিসলেটিভ বনাম ইন্সপিরেশনাল। একটিতে অনেক সময় নিয়ে আলাপ-আলোচনা করে শুদ্ধ ও সঠিক আইন প্রণীত হয়। অন্যটিতে নেতার আদর্শে জাতি স্বপ্ন দেখে। সম্প্রতি হিলারি ক্লিনটন ও বারাক ওবামার মধ্যকার প্রাইমারি নির্বাচন এই বিষয়টি চোখের সামনে নিয়ে এসেছে দারুণভাবে। হিলারি ও ওবামার মধ্যে সবচেয়ে গভীর পার্থক্য ছিল চিন্তা ও কার্যধারায়। দু’জনেই অল্প সময় ধরে সিনেটর থাকলেও একজন বিভিন্ন রকম নেগোশিয়েশনে পারদর্শী, আরেকজন ইন্সপিরেশনে। একজন জনসভায় খুঁটিনাটি হিসেব করে করে বোঝাতেন কী করবেন এবং কেন, অন্যজন লোমহর্ষক বক্তৃতায় হাজার হাজার মানুষকে উজ্জীবিত করতেন আত্মোন্নতিতে নিয়োজিত হতে।

আমাদের শাসনব্যবস্থার তৃণমূল পর্যায়ে বাবার মতই একনায়ক আমরা। এই পর্যায়টায় সবাই প্রশাসনমনস্ক। পক্ষান্তরে উপরতলায় নিজ নিজ পরিবার ও পরিপার্শ্বের দেওয়া শিক্ষা নিয়ে দর কষাকষি করে আমরা সম্মিলিত সামাজিক মূল্যবোধের জন্ম দেই। আমাদের দেশটার জনসংখ্যা অনেক বেশি দেখেই আমাদের সমাজে অনুপ্রেরণার ভূমিকা প্রবল, ঠিক যেমন আমাদের পরিবারগুলো বড় দেখেই সেখানে বাবাতন্ত্রের প্রচলন বেশি। আমাদের প্রশাসনিক ব্যবস্থার একক অংশগুলোকেও এভাবেই গড়ে তুলতে হবে। সেজন্য প্রয়োজন শুধু কিছু নিঃসংশয়, নিঃসংকোচ মানুষের।

যদি বলেন বাঙালি সংশোধনের অযোগ্য একটি স্বার্থপর জাতি, তবে বলবো অন্ধকারের পরই প্রখরতম সূর্য আসে। যদি বিশ্বাস করেন যে বাঙালির স্পৃহা ও সম্ভাবনা অমিত, তবে হাল না ছেড়ে কণ্ঠ ছাড়ুন জোরে। হয়তো রাজনীতির পথে-প্রান্তরে আমার মতই আপনারাও স্রেফ নিজের মতে অত্যন্ত সরব থাকবেন। তবু আমারই মত বেহায়া স্বপ্নবাজি করে দিন কাটাবেন আপনারাও। বিবাদ হবে, ঝামেলা আসবে, ঝগড়া বাঁধবে, লাশ পড়বে। তবু বেহায়া বাঙালির বেহায়া স্বপ্ন থেমে থাকবে না। হতাশাবাদীরা যা-বলে বলুক না কেন, এখানেই আমাদের নিজস্বতা। স্বাধীনতা আর সমঝোতার এই মিশেলই আমাদের নিজস্ব ধাঁচের গণতন্ত্র।

Saturday, June 21, 2008

নিজস্ব ধাঁচের গণতন্ত্রঃ ৫

৫. স্টেট-এল্ডার বনাম পার্টি-এল্ডার
নিজেকে আমি মূলধারার বাঙালিদের একজন বলেই মনে করি। সরকারী চাকুরে বাবার মধ্যবিত্ত পরিবারে জন্ম, বাংলা মাধ্যমের স্কুল-কলেজে পড়ে বড় হওয়া, বাটা স্যান্ডেল পায়ে ঘোরা, সন্ধ্যা হলে বিটিভি দেখে বিনোদনের চাহিদা মেটানো, স্বরলিপি না জানলেও নিয়মিত রবীন্দ্রসঙ্গীত শোনা, এই ছিল জীবনধারা। অনেকটা আচমকাই প্রাচ্য থেকে পাশ্চাত্যে চলে আসি ২০০৪-এ। আমেরিকা আসার পর দিনগুলো কেটেছে খুব কষ্টে। দক্ষিণের কৃষ্ণাঙ্গঅধ্যুষিত এলাকায় খুব কাছ থেকে দেখেছি মূলধারার আমেরিকাকেও। মিলগুলো অবাক করে, তফাৎগুলো ভাবায়।

দেশে চাকরি খুঁজতে গেলে তদবির করাটাই যথেষ্ট ছিল। মামা নেই তো শুকতলি খয়ে যাবে, ছিঁড়ে যাবে জামা। এখানেও অনেকটাই তাই, তবে সাথে রেজুমে নামক বিচিত্র একটা কাগজ দিতে হয়। দেশে চাকরির জন্যও লিখিত পরীক্ষা দিতে হয়, এদিকে ক্যারিয়ার সার্ভিস নয়তো স্বদেশী বড় ভাই, নয়তো স্কুলের কোন অ্যালামনাই কানেকশন লাগে। স্রেফ নিজের যোগ্যতায়ও চাকরি জোটে প্রচুর। রিলিজিয়াসলি খুঁজলে নাকি অগতিরও গতি হয়ে যায়। তবে ব্যাপারটা তামাশার পর্যায়ে চলে যেতে দেখেছি এক পাকিস্তানি-চাইনিজ দম্পতির খাবারের দোকানে কামলা খাটার জন্য রেজুমে দিতে হওয়ায়। ভ্যাবলা বনে গিয়েছিলাম পুরো, কিন্তু পরে ভেবে দেখলাম এর ভাল দিকও আছে। খুচরা ব্যাপারেও এদেশে খুব মেথোডিক্যাল সবকিছু। মূল কথাটা খুব সাধারণ, ইফ ইট এইন্ট ব্রোকেন, ডোন্ট ফিক্স ইট।

বিশাল আরেক তফাৎ দেখি বাচ্চা-কাচ্চা বড় করার বেলায়। আমার মা আজও হাজিরা নেয় প্রতি রাতে। বিস্তারিত বিবরণে জানাতে হয় চুলার আগুন থেকে খাবারের মেনু পর্যন্ত সবকিছু। অথচ গোরা বাবা-মায়েরা তিন দিনের বাচ্চাকেও আলাদা বিছানায় ঘুম পাড়ায়। এক কালে ভাবতাম এদের দিল’এ কোন রহম নাই। চামড়ার খায়েশ পুরো হয় না বাচ্চা কাছে থাকলে। স্বাধীন ভাবে গড়ে তোলার নামে বিযুক্ত পরিবার তৈরি করছে অযথা। এমনি এমনি তো ছেলেপুলে বুড়ো বাপ-মাকে ফেলে যায় না বুড়ো বয়সে। আমাদের প্রথাগুলো কত ভাল। কেউ স্বার্থপর না, প্রতিদিনই বাবা- বা মা-দিবস এখানে।

মুক্তমনার দেশ, উন্মুক্ত যৌনাচারের দেশ, সমকামী বিবাহের দেশ, ইত্যাদি অনেক সুনাম আছে আমেরিকার। বাইরের দুনিয়া যা ভাবে ভাবুক না কেন, মূলধারার পশ্চিম অনেক বেশি রক্ষণাত্মক। সমাজ ও রাজনীতিসংশ্লিষ্ট কিছু ব্যাপারে খুবই সনাতন এরা। সেই দিকে আলোকপাত করতেই পূর্ব-পশ্চিমের কিছু পার্থক্যের কথা বলা। লালন-পালনের প্রথার পার্থক্যগুলো এদেশের মানুষকে গড়ে তোলে অনেক স্বাধীন করে, যার প্রভাব দেখা যায় প্রায়োগিক দিকগুলোয়।

প্রাচ্যে আইন রচিত হয় বিধিনিষেধ দিয়ে। এই বেলা এটা করা যাবে তো ঐ বেলা সেটা করা যাবে না, এর সামনে দিয়ে হাঁটলে জুতা খুলতে হবে তো ওর হুকুমের অন্যথা করা যাবে না, শ্রাবণে এটা খাওয়া যাবে তো পৌষে ওটা বলা যাবে না। ঔপনিবেশিকতাকে খুব সহজেই দায়ী করা যায় এই অবস্থার জন্য। ব্রিটিশ রাজের উদ্দেশ্য ছিল শুধু ভারতবাসীকে শৃঙ্খলার নামে নির্ঝঞ্ঝাট ভাবে শোষন করা। আইন প্রণয়নের পেছনে মুখ্য তাগিদ ছিল কনভিনিয়েন্স, এনলাইটেনমেন্ট নয়। সে-কারণেই ধর্মযাজকের লেবাস ধরে আসা ফিরিঙ্গিরা প্রথম দিকে ভারতবাসীর জন্য পাশ্চাত্য শিক্ষাকে পাথেয় করেছিল, অথচ অতিশিক্ষায় সচেতন হয়ে যাবার পর এই শিক্ষাই হয়ে দাঁড়ায় বড় পাপ। আমরা এর ফলে খুব একটা দুঃখিত বোধ করিনি কখনই, কারণ ইংরেজপূর্ব আমলের অবস্থাও খুব একটা ভিন্ন ছিল না। পাল-সেন থেকে মুঘল আমল পর্যন্ত কর্তার ইচ্ছাই ছিল আইন। আইন প্রণয়নের জন্য যে আলোকিত মানুষ হতে হয়, এই ধারণার সাথেই আমাদের পরিচয় ছিল না কোন কালে।

পশ্চিমের দেশগুলোয় একেক রকম মূলনীতি কাজ করেছে আইন প্রণয়নের পেছনে। আগে এসেছে নীতি, পরে এসেছে সেই নীতির আলোকে আইন প্রণয়ন। ফ্রান্স বেছে নিয়েছে স্বাধীনতা, ভ্রাতৃত্ব, ও প্রগতি। ব্রিটেন বেছে নিয়েছে অনির্ধারিত, অলিখিত আইনের রীতি, যা সমাজবর্জিত না হবার বিশ্বাসের বন্ধনে আবদ্ধ। আমেরিকা পুরো পৃথিবীকে পথ দেখিয়ে গেছে মাত্র দুই পৃষ্ঠায় লিখিত সংবিধানে। দুর্মুখের তোয়াক্কা না করে সরাসরি ঘোষনা দিয়েছে, এ-সত্য আমরা শাশ্বত বলে মেনে নেই যে প্রতিটি মানুষ জন্মগতভাবে সমান, তারা তাদের স্রষ্টার আশীর্বাদে জীবন, স্বাধীনতা, আর আনন্দের সন্ধানের মত কিছু অবিচ্ছেদ্য অধিকার উপভোগ করে (উই হোল্ড দিজ ট্রুথস টু বি সেলফ এভিডেন্ট, দ্যাট অল মেন আর ক্রিয়েটেড ইকুয়্যাল, দ্যাট দে আর এনডাওড বাই দেয়ার ক্রিয়েটর ওয়িথ সার্টেন আনএলিয়েনেবল রাইটস, দ্যাট অ্যামং দিজ আর লাইফ, লিবার্টি, অ্যান্ড দ্য পার্সুট অফ হ্যাপিনেস)। আমাদের কি এমন কোন নীতি আছে? আমরা কি বলতে পারি দু-চারটি আপ্তবাক্য যা আমাদের সম্মিলিত মনন ও মানবিক প্রতিশ্রুতির নির্যাস হিসেবে ব্যবহার্য? মনে হয় না।

অভিজ্ঞতা ও প্রজ্ঞার মূল্যায়নের অন্যতম উপায় হিসেবে মুরুব্বিতন্ত্র বিভিন্ন দেশে প্রচলিত। এর অবশ্যই বিভিন্ন রকম সুফল আছে। এই মুরুব্বিরা দেশের হবেন, নাকি দলের, এটাই বিবেচনার বিষয়। উদাহরণ হিসেবে দুটি দেশের দিকে তাকানো যায়, ইরান ও আমেরিকা। ইরানে আছে আয়াতুল্লাহ খোমেনির মত স্টেট-এল্ডারেরা, যাদের পরম ও অসীম ক্ষমতার কাছে নির্বাচিত রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী অসহায়। বাকি বিশ্বের কাছে গালাগালটুকু প্রেসিডেন্ট আহমেদিনেজাদ শুনলেও বাস্তবে তিনি ইরানের তৃতীয় ক্ষমতাধর ব্যক্তি, প্রথম নন। উলটো দিকে তাকানো যাক যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির দিকে। প্রাক্তন ও অভিজ্ঞ সব নেতারা দলের বিভিন্ন উচ্চপদে আছেন এবং সেই অবস্থান থেকে সংকট নিরসনে কাজ করে যাচ্ছেন। তবে প্রাথমিক নির্বাচনের পর তারচেয়েও গুরুত্বপূর্ণ হল রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনীত প্রার্থীর ভূমিকা ও ক্ষমতা। বড় বড় কর্পোরেশনের টাকা না নেওয়ার অঙ্গীকার করে বারাক ওবামা মনোনীত হয়েছেন। মনোনয়নের পরদিনই তিনি পার্টি-এল্ডারদের রাজি করিয়েছেন দলের তহবিল থেকে প্রায় এক লাখ ডলারের ডোনেশন ফিরিয়ে দিতে, তাঁর ম্যান্ডেটপ্রাপ্ত মেসেজ অনুযায়ী পার্টির চাঁদা তোলার বিধিমালা সংশোধন করতে।

তালে হোক আর গোলে হোক, শেখ হাসিনা একটি ভাল কাজ করেছেন এবং একটি ভাল কথা বলেছেন গত দেড় বছরে। তিনি গ্রেফতারি পরোয়ানা সত্ত্বেও দেশে ফিরতে চাওয়ার কারণে ব্যারিস্টার মঈন ও সেনাসরকারের প্রকৃত রূপ বের হয়ে এসেছিল, শেষ হয়েছিল সুডো-মিলিটারি সরকারের রাজনৈতিক মধুচন্দ্রিমা। আইসিসি ট্রফিতে হল্যান্ডের বিপক্ষে আকরাম খানের হাফ সেঞ্চুরির ধারে-কাছে রাখি আমি শেখ হাসিনার এই কাজটিকে। তবে ভাল কথাটির গুরুত্ব আরো বেশি। দলে প্রাণসঞ্চারণের জন্য শেখ হাসিনা বলেছিলেন ষাটোর্ধ্ব সকল রাজনীতিকের অবসর গ্রহনের কথা। বলেছিলেন দলের উচ্চপদস্থ উপদেষ্টা হবার কথা, দেশ শাসনের জন্য নির্বাচনের ভার নবীনদের হাতে ছেড়ে দেওয়ার কথা। ক্ষমতা কুক্ষিগত করতে হোক, পিঠের ছাল বাঁচাতে হোক, কিংবা শুধুই দেশপ্রেম থেকে হোক, সরকারের তরফ থেকে বলা হয়েছিল কিছু স্টেট-এল্ডার বা জাতীয় মুরুব্বি তৈরির করা। এলেমদার লোকের এই ছোটখাটো সমাবেশ বিভিন্ন অবস্থায় আমাদের রক্ষা করবেন, এটাই কামনা। আমার সবিনয় মতামত, এতে করে রাষ্ট্র অযথা গতিশীলতা হারাবে। তারচেয়ে ভাল হয় যদি দলীয় মুরুব্বিতন্ত্রকে সীমিত ও নিয়মতান্ত্রিক করা যায়।

দল ও দেশের নেতৃত্বে যে একই ব্যক্তি থাকতে পারবেন না, এই মৌলিক সংস্কারটি অবধারিত বলে এর ধার দিয়ে যাচ্ছি না। পাশ্চাত্য রীতির সরাসরি অনুকরণ করে আমাদের দেশেও দুইবারের বেশি সরকারপ্রধান থাকতে না পারার করা বলা হচ্ছে। আমার মতে, এই ঊর্ধ্বসীমাটি সরকারের বদলে রাজনৈতিক দলে প্রয়োগ জরুরী বেশি। উন্নয়নশীল দেশের মারদাঙ্গা রাজনীতির মধ্য দিয়ে একজন সুযোগ্য নেতা উঠে আসার পথ খুবই বন্ধুর। মাহাথির বিন মোহাম্মদ বা জ্যোতি বসুর মত যাঁরা এই অসাধ্য সাধন করেছেন, তাঁরা যথাক্রমে ২২ ও ২৩ বছর ধরে ক্ষমতাশীর্ষে থাকতে না পারলে নিজ প্রজ্ঞা ও ধ্যানধারণা অনুযায়ী সমাজ ও রাষ্ট্রকে প্রভাবিত করতে পারতেন না। অতএব, যোগ্য নেতা যদি পাওয়াই যায়, তাঁকে জোরপূর্বক হটাবার চিন্তা একান্তই আত্মঘাতী।

যে-সব দেশে রাষ্ট্র- বা সরকার-প্রধানের ভূমিকায় দুই বারের বেশি অবতীর্ণ হওয়া যায় না, সেখানে রাজনৈতিক দলগুলোর নেতৃত্ব সতত পরিবর্তনশীল। পক্ষান্তরে, প্রাচ্যের রাজনৈতিক দলগুলোর প্রধানেরা ক্ষমতাকেন্দ্র হিসেবে অধিষ্ঠিত থাকেন। একারণেই এটা কোন মতেই কাকতালীয় নয় যে ব্রিটেনে টোনি ব্লেয়ার প্রধানমন্ত্রী থাকা অবস্থায় দলের ভেতর নেতৃত্ব বদল হয়ে গর্ডন ব্রাউন উঠে আসেন, আর ভারতে সোনিয়া গান্ধী আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রিত্ব বর্জন করেও ক্ষমতার নাটাই হাতে নিয়ে বসে থাকেন। শুরুতে উল্লেখকৃত পার্থক্যদুটি দেখতে পাওয়া যায় এখানেই। স্বাধীনচেতা মানুষের মুক্ত মত প্রকাশের জন্য দলের ভেতরেই রয়েছে উপযুক্ত পন্থা। কালের পরীক্ষায় উত্তীর্ণ এই পদ্ধতিগুলো ভাঙেও না, রাস্তায় আন্দোলন করে এগুলো বদলাতেও হয় না।

একারণেই আমাদের রাজনীতিতে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হতে পারার ক্ষেত্রে সর্বোচ্চ সীমা ধার্য করে দেবার বদলে দলীয় নেতৃত্ব বদলের রীতি চালু করা উচিত। একজন শেখ হাসিনা বা খালেদা জিয়া বা লেজেঅবহুমো এরশাদ যতদিন দলের প্রধান থাকছেন, ততদিন আমরা পুতুল সরকারের চেয়ে উন্নত কিছু পাবো না।

নিজস্ব ধাঁচের গণতন্রঃ ৪

৪. নির্বাচনের খরচ রাষ্ট্রীয়ভাবে যোগানো এবং রান-অফ ইলেকশন
প্রবাসে অনেকেই দেশের কথা ভাবেন, দেশের জন্য কিছু করতে চান, দেশের রাজনীতির পরিবর্তন চান। ডলার-দিনার-পাউন্ডে উপার্জন শুরু করার পর দেশদরদী হওয়া খুব সহজ। পরিকল্পনার চেয়ে ভালবাসা অনেক সহজ। দূরে বসে দেশকে ভালবাসতে স্রেফ ডিশ নেটওয়ার্কে এনটিভি-চ্যানেল আই, হালাল মাংস, আর চেক বুক লাগে। অথচ বিদেশী শিক্ষায় শিক্ষিত বাঙালিদের সত্যিকার দায়িত্ব তাঁদের জ্ঞানকে কাজে লাগানো, প্রকৌশল থেকে চিকিৎসা বা ব্যবসা পর্যন্ত সবকিছু নিয়ে লব্ধ জ্ঞান দেশে পাঠানো। সবাই শুধু স্কুলে কম্পিউটার দেন, নয়তো মাইক্রোক্রেডিটে টাকা ঢালেন। ফিতরা-যাকাতের যুগ পেরিয়ে এসে প্রবাসী বাঙালি আজ এক ধাপ আধুনিক। ওভারসিজ চ্যারিটির নতুন নাম তাই মাইক্রোক্রেডিট।

কার্যকর উন্নয়নের পেছনে বস্তুগত অবদান রাখতে নারাজ বাঙালি দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছি অনেক আগেই। সবাই শুধু স্যানিটারি ল্যাট্রিন বা ধানমণ্ডিতে অ্যাপার্টমেন্ট কিনতে টাকা পাঠায়। বাড়তি জামা-জুতা কিনতে কারো বাধে না, কিন্তু অবকাঠামোগত উন্নয়নের জন্য সরাসরি সরকারী তহবিলে দশ-পনের ডলার অনুদান পাঠানোর কথা বললে গরিমসির শেষ নেই। সেই হতাশার মাঝেই অনেকটা আলোর মত ঠেকলো এক বড় ভাইয়ের কথা। দেশ নিয়ে কথা বলতে বলতে এক সময় জানালেন তাঁর পরিকল্পনার কথা। চাকরি-বাকরি করে কিছু টাকা জমাতে পারলে তিনি দেশে কিছু সৎ রাজনীতিককে আর্থিক পৃষ্ঠপোষকতা করবেন। মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের স্বাধীনতাকালীন আদর্শগুলোর প্রতি অনুগত থাকার মত কিছু মৌলিক শর্ত ছাড়া আর কোন খবরদারিই থাকবে না। কাগজ-কলম নিয়ে হিসেব করতে বসেই মনে হচ্ছিল কত বেশি সহজ এরকম কিছু করে ফেলা।

জাতীয় সংসদের প্রতিটি আসনে বর্তমান ব্যায়সীমা ৫ লক্ষ টাকা। বাস, ব্যানার, পোস্টার, বিরিয়ানি, আর মীরপুর এলাকায় কামাল মজুমদারের নেতৃত্বে নারী-মিছিল বাদ দিলে এর চেয়ে বেশি খরচের প্রয়োজনও নেই। ১৫ কোটি মানুষের বাংলাদেশে প্রতি আসনে গড় লোকসংখ্যা ৫ লক্ষ। এর অর্ধেক ভোটার হলেও ভোটার সংখ্যা আড়াই লক্ষ। দিনে আড়াই হাজার মত ভোটারের কাছে পৌঁছতে পারলে তিন মাসের মধ্যেই প্রত্যেক ভোটারের সাথে পরিচিত হওয়া যায়। আমেরিকার মত বিশাল দেশেও প্রেসিডেন্ট নির্বাচনের জন্য মাত্র শ’পাঁচেক পেশাদার প্রচারকর্মী আছেন। বাকি সবাই স্বেচ্ছাসেবক। ৫০০ স্বেচ্ছাসেবক দিনে ৫০ জন ভোটারের কাছে দেখা করলেই হয়ে যায়। কাজটা কঠিন নয়, তবে ভীতিকর। সাহস করে নেমে পড়লে অস্ত্র ও অর্থের প্রভাব ছাড়া এভাবেই নতুন কোন প্রার্থীর পক্ষে স্বল্প খরচে তৃণমূল পর্যায়ে প্রচারাভিযান চালানো সম্ভব।

যদু-মধুদের নির্বাচনে দাঁড়িয়ে সরকারের টাকায় মোচ্ছব করা রোধ করতে মনোয়নপত্রের সাথে হাজার পঞ্চাশেক ভোটারের সাক্ষর সম্বলিত একটি পিটিশন জমা দেবার বিধান করা যায়। আপাতদৃষ্টে ছেলেমানুষি মনে হলেও হরতালের মত ধুম-ধাড়াক্কা রাজনৈতিক কর্মসূচি প্রতিরোধের উপায় হিসেবে নাগরিকদের কাছে যাওয়া ও তাদের সমর্থন-প্রতিবাদের চিহ্নস্বরূপ সাক্ষর নেওয়ার সংস্কৃতি দাঁড় করানো যায় এভাবে। আইন করে হরতাল বন্ধ করে কোন লাভ নেই। রাজনীতিকদের যত বেশি ভোটারদের প্রতি মুখাপেক্ষী করা যাবে, ততই বাড়বে ভোটারের ইচ্ছার প্রতি সচেতনতা।

প্রতি আসনে ৩ জন করে প্রার্থীকে সরকারী তহবিল থেকে অনুদান দিলেও খুব সহজেই নির্বাচনের খরচ যোগানো সম্ভব। ৩০০ আসনে খরচ হবে মাত্র ৪৫ কোটি টাকা। যতদূর মনে পড়ে, ২০০১ সালের নির্বাচনের পর অধ্যাপক আবুল বারাকাতের একটি লেখায় পড়েছিলাম সেই নির্বাচনে হাজার দশেক কোটি টাকা খরচ হবার কথা। হিসেবে খাতায় গোলমাল হয়ে যদি পাঁচ গুণ বেশি খরচ হয়, তবুও নির্বাচনী খরচ অনেক সহনীয় পর্যায়ে থাকবে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সকল প্রার্থীর জন্য নির্বাচনের আগে রেডিও-টেলিভিশন সহ প্রচার মাধ্যমগুলো উন্মুক্ত করে দেওয়া যায়। টাউন হল গুলোয় ইস্যুভিত্তিক তুলনামূলক অবস্থান স্পষ্ট করে রচিত প্রচারণার ব্যবস্থা করা যায়। পরবর্তীতে প্রার্থী মনোনয়নের খরচ বহন, নির্দিষ্ট সমাবেশস্থল দেওয়া, পরিকল্পিত ভাবে রাষ্ট্রায়ত্ত্ব মিডিয়াকে ব্যবহার, ইত্যাদি খুঁটিনাটি সংযোজন করা সম্ভব প্রয়োজন মত।

জর্জ বার্নার্ড শ’ গণতন্ত্র বিশ্লেষণ করতে গিয়ে একটি দুর্দান্ত উদাহরণ দিয়েছিলেন। ধরুন কোন নির্বাচনে চার জন প্রার্থী যথাক্রমে ১, ২, ৩, ও ৪ ভোট পেল। প্রথাগত গণতন্ত্রে সেই ব্যক্তিই নির্বাচিত হবেন, যিনি ৪ ভোট পেয়েছেন। অথচ বাস্তবতা এটাই যে অর্ধেকের বেশী ভোটার তার প্রার্থিতার বিপক্ষে। আপাতদৃষ্টে বেশি কচলানো বা ত্যানা প্যাঁচানো মনে হলেও এই ধরনের ছোট ছোট ব্যাপারগুলোই অনেক বড় বাটারফ্লাই ইফেক্টের জন্ম দিতে পারে। শুধু ভেবে দেখুন আমেরিকার ২০০০ সালের নির্বাচনের কথা। রালফ নেডার নাম পার্টি-ক্র্যাশার, সুপ্রিম কোর্টের নগ্ন পক্ষপাত, কিংবা গণনাযন্ত্রের ত্রুটির পর শেষতক মাত্র ৭০০ ভোটে বিজয়ী হয়েছিলেন জর্জ বুশ জুনিয়র ওরফে ডাবইয়া। অধিকাংশ ভোটার নিশ্চিত ভাবে অ্যাল গোর বা রালফ নেডারের পক্ষে না থাকলেও খুব দৃঢভাবে জর্জ বুশের বিপক্ষে ছিলেন। রান-অফ নির্বাচন হলে ইরাক যুদ্ধ হয় না, তিন হাজার মার্কিন সেনা ইরাকে মারা যায় না, লক্ষ লক্ষ ইরাকি নিজ দেশে পরাধীন হয়ে দিনাতিপাত করে না, এবং সাদ্দাম হোসেনকে অনভ্যস্ত দাড়ির চুলকানি থেকে বাঁচতে ফাঁসিতে ঝুলতে হয় না।

অতএব, কোন আসনে জয়-পরাজয়ের নিষ্পত্তি শতকরা ৫ ভাগের কম ব্যবধানে হলে কিংবা বিজয়ী প্রার্থী অর্ধেকের কম ভোট পেলে সেখানে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত দুই প্রার্থীর মধ্যে পশ্চিমা ধারায় রান-অফ ইলেকশনের প্রচলন করা যায়। ফলশ্রুতিতে অন্যতম উপজাত হিসেবে কিছুটা এলাকাভিত্তিক ঐক্যেরও দেখা মিলবে। যে-ব্যক্তি দুই দুই বার নির্বাচনে জিতে আমার এলাকার প্রতিনিধিত্ব করবে, আমার সাথে মতে অমিল থাকলেও আমি তাকে আমার নেতা হিসেবে মেনে নেবো। কারণ দিনের শেষে একটি নির্বাচনের সফলতা নিরূপিত হয় বিজিত পক্ষ নিজেদের পরাজয় কীভাবে নিচ্ছেন তা দিয়ে, বিজয়ী পক্ষের জয়ের ব্যবধান দিয়ে না।

নিজস্ব ধাঁচের গণতন্ত্রঃ ৩

৩. জাতীয় নিরাপত্তা পরিষদ বনাম দ্বিকক্ষবিশিষ্ট সংসদ
দেশটা বড় ভয়ে আছে। চারিদিকে শকুনের ছড়াছড়ি। দেশটাকে খাবলে খেতে চায় শুধু। যা-কিছু জাতীয়, তার প্রতিই খুনে দৃষ্টি এদের। নিজের বলে যদিও বা কিছু আছে, আপন বলে কিছু নেই আর। এরকম অবস্থায় ‘মাই ডিয়ার কান্ট্রিমেন’ কিংবা ‘দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থরক্ষায় ক্ষমতা গ্রহনে বাধ্য হচ্ছি’র মত আইয়ুবীয় বক্তব্য ঘুরে বেড়াচ্ছে। তবে এসব কিছু ছাপিয়ে উঠে এসেছিল একটি কথা, ‘এই সেনাবাহিনী পাকিস্তান আমলের সেনাবাহিনী নয়, এটা বাংলাদেশের সেনাবাহিনী’। ক্ষমতা নেবার নাকি কোনই খায়েশ নেই আজকের আর্মির। শুনে আমিও টোপ গিলেছিলাম আরো অনেকের মত।

প্রথম তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব ডঃ ইয়াজুদ্দিন আহমেদকে দেবার নীলনকশা যে ডঃ বদরুদ্দোজা চৌধুরীকে হটাবার সময় থেকেই তৈরি, সেটা দেরিতে বুঝতে পেরে মউদুদ-তারেক-হারেস-বাবরদের কূটচিন্তার প্রশংসা না করে পারিনি। পরোক্ষ সেনাশাসনের দেড় বছরের মাথায় এসে আরো একবার অবাক হয়ে স্বীকার করে নিচ্ছি আমার দৃষ্টির সংকীর্ণতা, প্রশংসা করতে বাধ্য হচ্ছি সেনাশাসকদের কূটকৌশলের। গৃহপালিত সুশীল সমাজ আর আজ্ঞাবহ সংবাদপত্র থাকলে আইয়ুব শাহীও এযুগে গান্ধী হয়ে যেতেন। পাকিস্তানের সেনাশাসকেরা নিজের দেশ দখল করে, নিজের জনগণের বিরুদ্ধে যুদ্ধে জিতে তারকার সংখ্যা বাড়ান। এবারেও তেমনি ভাবে জনগণকে চূড়ান্ত বোকা বানাবার পর সেনাপ্রধান নিজেকে চতুর্থ তারকাটি দিয়ে পুরস্কৃত করলেন। সেলুকাস, এক জলপাই সংবিধানকে মুসলমানি দেয়, তো আরেক জলপাই বুকের উপর আতশবাজি নিয়ে ঘোরে!

আমার মত বেকুব জনগণের বৃহত্তর স্বার্থরক্ষায়ই নাকি জাতীয় নিরাপত্তা পরিষদ প্রয়োজন। আলুর জিলাপি খেতে না পেয়ে মরে যাওয়া সাধারণ মানুষের মৃতদেহের উপর শকুনের উৎসব ঠেকাতেই নাকি এই পরিষদ। প্রস্তাব মতে এই পরিষদে থাকবেন নিরাপত্তা বাহিনীর সদস্যবৃন্দ, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রাক্তন রাষ্ট্রপ্রধানবৃন্দ, প্রতিরক্ষা মন্ত্রী, বিরোধীদলের নেতা, উচ্চপদস্থ সরকারী কর্মচারীবৃন্দ, প্রমুখ। সংবিধান মোতাবেক রাষ্ট্রপতি নাকি প্রজাতন্ত্রের পিতা। তাঁর উপস্থিতিতে যা-কিছু ঘটে, তার সবকিছুরই তিনিই কর্তা। প্রধানমন্ত্রীশাসিত গণতন্ত্রের নিরাপত্তা পরিষদের প্রধান তবে কে হবেন? শুধু তাই নয়, প্রাক্তন রাষ্ট্রপ্রধানদের যদি সংযুক্ত করতেই হয়, তাহলে কি দেশের চূড়ান্ত সংকটের মুহূর্তে আমাদের তাকাতে হবে এরশাদের মত পতিত স্বৈরাচারীর দিকে? নাকি শিফন-বনাম-জর্জেট ঝগড়া দেখবো খালেদা-হাসিনার মধ্যে? অন্ধকারতম সময়ে যদি নির্বাচিত জনপ্রতিনিধির হাত থেকে ক্ষমতা কেড়ে নিতেই হয়, তাহলে এ কেমন গণতন্ত্র? শুধু তাই নয়, যেকোন সচেতন রাষ্ট্রপ্রধান তো নিজে থেকেই এঁদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেন দুর্যোগমুহূর্তে। তবে কেন ঘটা করে নতুন একটি পরিষদ গঠন?

অধমের মত আধা-শিক্ষিত তড়িৎপ্রকৌশলীকে অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করতে দিলে যা হবে, তাই হচ্ছে আর কি। আমি কাজের মধ্যে জানি শুধু ম্যাটল্যাবে সিমুলেশন তৈরি করতে। রোগী মারা যাবার উপক্রম হলেও আমি প্রথমে বিভিন্ন রকম মডিউল সহকারে একটি সিমুলেশন দাড় করাবো। এতে রোগীর ওজন থেকে ছুরির ধার পর্যন্ত সব কিছুই নানান রকম প্যারামিটার দিয়ে প্রকাশ করা হবে। সবশেষে একটি বিস্তারিত রিপোর্ট লিখিত হবে লেটেক-এ। কোন কালে যুদ্ধে জড়াবার ভয় না থাকলেও কিংবা মানুষ মরে লাশ হয়ে যাবার পর তাকে শকুনের হাত থেকে বাঁচাবার প্রয়োজন না থাকলেও দিব্বি বলে বেড়ানো হচ্ছে জাতীয় নিরাপত্তা পরিষদ তৈরির কথা। ঐ যে, ছাগল দিয়ে হালচাষ করানো। হুমকি দিয়ে বাজার রুদ্ধ করে রেখে কিংবা উৎপাদনের দিকে নজর না দিয়ে জোর করে দাম নির্ধারণ করে দিয়ে যে অর্থনীতিকে সচল রাখা যায় না, সেটা ছুঁচো পর্যায়ের রাজনীতিক জানলেও উচ্চপদস্থ সেনাকর্তাদের অজানা। অতঃপর রক্ত দেখার ভয়ে সিমুলেশনের পর সিমুলেশন।

ক্ষমতায় যদি ভারসাম্য আনতেই হয়, তাহলে আমার মতে দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে চিন্তা-ভাবনা করা যায়। জাতীয় নিরাপত্তা পরিষদের ধারণার মত এটিও একক স্বেচ্ছাচারিত্ব রোধ করবে, তবে ক্ষমতায় থাকবেন নির্বাচিত জনপ্রতিনিধিগণ। নিম্নকক্ষ থাকতে পারে বর্তমান সংসদ ব্যবস্থার মতই। অর্থসংশ্লিষ্ট যেকোন প্রস্তাবে নিম্নকক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচ্য করা যায়। জনগণের টাকা দিয়েই সরকারের টাকশাল গঠিত। এই তহবিলের যাতে কোন রকম তছরুপ না হয়, তা দেখার জন্যই প্রত্যক্ষ ভাবে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে এর ভার দেওয়া। চাষা থেকে স্কুল শিক্ষক পর্যন্ত যে-কেউ তাঁর এলাকার মানুষের মতামতের প্রতিফলন ঘটাতে পারেন, পারেন সরকারী অর্থের সুবন্দোবস্ত নিশ্চিত করতে।

রাষ্ট্রব্যবস্থায় জনগণের মতের প্রতিফলন থাকা যেমন জরুরী, জনগণকে নতুন পথ দেখানো ও নিত্যনতুন স্বপ্ন দেখানোও তেমনি জরুরী। উচ্চকক্ষের হাতে দেওয়া যায় আইন প্রণয়ন ও সংশোধনের বিধান। নিম্নকক্ষে নির্বাচিত হবার ক্ষেত্রে বয়স ও নাগরিকত্ব ছাড়া কোন বিধিনিষেধ রাখার প্রয়োজন নেই। ‘সংবেদনশীল’ জনপ্রতিনিধি হতে তেমন কোন শিক্ষাগত যোগ্যতা লাগে না। পক্ষান্তরে অনেক বছর ধরেই অনুভূত ‘শিক্ষিত’ জনপ্রতিনিধি পাবার আশার প্রতিফলন ঘটানো যায় উচ্চকক্ষে নির্বাচিত হবার বেলায় কিছু শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে দিয়ে। অর্থসংশ্লিষ্ট নয়, এমন যেকোন আইন সরাসরি বাস্তবায়নের অধিকার দেওয়া যায় উচ্চকক্ষকে। উদাহরণ স্বরূপ বলা যায় অল্পদিন আগে বাতিলকৃত অভিনয় নিয়ন্ত্রন আইনের কথা। এই ধরণের ঔপনিবেশিক আইনের ছড়াছড়ি আছে আমাদের আইনের বইগুলোয়।

অক্ষরজ্ঞানহীন গুন্ডাদের হাত থেকে এভাবে হয়তো আইনকে রক্ষা করা যাবে, হয়তো কোন ভাবে ছুঁড়ে ফেলা যাবে ঔপনিবেশিক আমলের জড় আইনগুলো। শতকরা ৪০ ভাগ নেতিবাচক ভোটের শর্তে উচ্চকক্ষে প্রণীত কোন আইনের সরাসরি বাস্তবায়নের অধিকার রোধ করতে পারে নিম্নকক্ষ।

নিজস্ব ধাঁচের গণতন্ত্রঃ ১,২

১. “নিজস্ব ধাঁচের গণতন্ত্র”
আমার নানা প্রচন্ড রকম সাহিত্যপ্রেমী মানুষ। কন্যা রাশির জাতক, মায়ার শরীর তাই। শান্ত, নিভৃতচারী, এবং নিজের ব্যাপারে বেখেয়াল হলেও প্রিয় মানুষগুলোর তুচ্ছতম খেয়ালের ব্যাপারেও অনুকরণীয় রকম মনোযোগী। ছেলেবেলা থেকে দেখে আসছি, নানা মানেই একা একা পেশেন্স বা ব্রিজ খেলা, নয়তো প্রমাণ সাইজের একটা বই বুকের উপর নিয়ে নিঃশব্দে পড়ে চলা। গল্প আর কবিতার আসরে অবাধ বিচরণ তার। ঘরের আনাচে-কানাচে ছড়িয়ে থাকতো টাইম, রিডার্স ডাইজেস্ট, আর দেশ পত্রিকা। ৮০’র দশকে হরদম বিভিন্ন বিদেশী পত্রিকা নিষিদ্ধ হয়ে যেত। খুঁজে-পেতে সেগুলোও যোগাড় করে ফেলতো আমার নানা। নানার শাস্তিগুলো ছিল তার পছন্দগুলোর মতই। বড় বড় কবিতা ধরিয়ে দিয়ে বলা হত মুখস্ত করতে। ডাল ফেলে দেওয়ার শাস্তি হিসেবে ‘দেবতার গ্রাস’ মুখস্ত করতে হওয়ার মত গল্প বহু শুনেছি মায়ের কাছে।

অধুনা নিজস্ব ধাঁচের গণতন্ত্র নিয়ে আলোচনার হিড়িক দেখে নানার সেই শাস্তিগুলোর কথাই মনে পড়ছে শুধু। কবিতা বা রবীন্দ্রনাথ যতই উচ্চমার্গ আর প্রশান্তির হোক না কেন, আমার মা বা মামার তা হজম হয়নি। তারা দু’জনেই অগ্নির জাতক। একজন মেষ, আরেকজন ধনু। অস্থিরমতি মাথাগুলোয় জোর করে কবিতার মর্ম ঢোকানো যায়নি। সংস্কারের শিলাবৃষ্টির যুগে তাই নিজস্ব ধাঁচের গণতন্ত্রের দিকে সময় থাকতেই সচেতন ভাবে নজর দেওয়া উচিত মনে হয়। নইলে অকারণ হট্টগোলে গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার হারিয়ে যাবে।

আমাদের একটি নিজস্ব ধাঁচের গণতন্ত্র দরকার, এই সত্য আমি মেনে নেই নিঃসংকোচে। মন ও মানুষ সংশ্লিষ্ট কোন কিছুই ওয়ান-সাইজ-ফিট্‌স-অল নয়। গৃহপালিত সুশীল সমাজ ও বাংলার মার্কাস অরেলিয়াস সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদের এই দাবির সাথে আমি একমত যে আমাদের শাসনব্যবস্থায় কিছু সংস্কার প্রয়োজন। তবে প্রথমে আমাদের বর্তমান শাসনকাঠামোর মুখ্য ত্রুটিগুলো দেখা দরকার, আমাদের নিজস্ব ধাঁচটা চেনা দরকার, এবং অতীতের ভূলের পুনরাবৃত্তি ঠেকানোর বুদ্ধিবৃত্তিক সমাধান যোগাবে।

২. মধ্যবর্তী নির্বাচন ও রাষ্ট্রীয় মূলনীতির ঐতিহাসিক নিরাপত্তা
আমার দেশের মানুষগুলো তো আমারই মত। বিশ্বাস আর আবেগ তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। অনুশাসন আর উচ্চশিক্ষার পরও আমি ভুল করি। সাড়ে চৌদ্দ কোটি মানুষের দেশটায় আমার মত সুযোগ-সুবিধার মাঝে বড় হয় হয়তো লাখে জনা পঞ্চাশেক। তবু এই আমিও স্রোতে গা ভাসিয়ে দেই। ইতিহাস বলে, দেশ ও দশ প্রায়ই বিবিধ হুজুগে মেতে বড় বড় ভুল করে বসে, যার মাশুল গুণতে হয় অনেক গুলো দিন ধরে। ব্যক্তিজীবনে ভুলগুলো খুব ছোট, নিতান্তই নির্বিষ। যেমন, ভাবতে লজ্জা লাগে যে আমি কোন কালে ব্যাকস্ট্রিট বয়েজ শুনতাম, হাসানের খ্যানখ্যানে গলার ছ্যাঁক খাওয়া গান শুনে কাবু হতাম। রাষ্ট্রের বেলায় এহেন বেওয়াকুফি খুব দুঃখজনক এবং সুদূরপ্রসারী। তবু ভুল হয়, তবু আমরা পুরো জাতি মিলে হুতাশ করি।

বাংলাদেশের জন্মের সময়ের মূলনীতিগুলো আমরা বিনাপ্রশ্নে বিসর্জন দিয়ে আজকে সাঁইত্রিশ বছর পর মাথা চাপড়াচ্ছি। বঙ্গবন্ধু যখন বঙ্গবুদ্ধুর মত এক শাসন ব্যবস্থা থেকে আরেকটায় লাফ-ঝাঁপ দিচ্ছিলেন, তখন তাঁকে বিরত করার কোন পন্থা ছিল না আমাদের শাসনব্যবস্থায়। ১৯৭৫-পরবর্তী আইয়ামে জলপাইয়াতকে নাহয় বাদই দিলাম। শুধু সমাজের উপরতলাকে দোষ দিয়ে লাভ নেই। আমরা সাধারণ মানুষও লজ্জাজনক সব ভুল করেছি। উদ্ভ্রান্তের মত দল বেঁধে জামাতিদের নির্বাচিত করেছি এই কিছুদিন আগেও। তার আগে নিঃশব্দে মেনে নিয়েছি রাজাকার পুনর্বাসন।

আমাদের রাষ্ট্রীয় মূলনীতিগুলো কর্পূরের মত উবে যাওয়ার পেছনে একটা বড় কারণ ক্ষমতার তাৎক্ষণিক ও আকস্মিক হাতবদল। গরীব বলে আমরা টাকার হাতছানিতে ভুলে যাই সহজেই। কোন কিছুর পাবার জন্য দাঁত কামড়ে পড়ে থাকতে অভ্যস্ত না বলে আপাতদৃষ্টে বীভৎস অনেক ধ্যান-ধারণাও আমরা গিলে ফেলি সহজে। প্রকৃষ্ট উদাহরণ হিসেবে ২০০১ সালের নির্বাচনের দিকে তাকানো যায়। ১৯৯৯ থেকে ২০০১ পর্যন্ত উন্নত-অবনত নির্বিশেষে পৃথিবীর সব নির্বাচনে কট্টরপন্থীরা জনগণের ভোটেই ক্ষমতায় এসেছে। কৌতূহলের ব্যাপার হল, এই সময়টায় বিশ্বময় অর্থনৈতিক অবস্থা কিছুটা মলিন হলেও সামাজিক পরিস্থিতি মন্দ ছিল না। ডট কম বাব্‌ল ফেটে যাওয়াই ছিল এই সময়ের মুখ্য মন্দা। সনাতন অর্থনীতি যেসব ব্যাপারগুলো নিয়ে কথা বলে, তার কোনটাই দুর্গতিতে পড়েনি। খাদ্য ঘাটতি ছিল না, উৎপাদন ঘাটতি ছিল না, কাঁচামালের ঘাটতি ছিল না। ভয় ছিল, এবং সেই ভয়টাই শেষতক ভয়ের কারণ হল। আমেরিকা থেকে ফ্রান্স, জার্মানি, বা ভারত হয়ে বাংলাদেশ পর্যন্ত প্রায় প্রতিটি দেশের ক্ষেত্রেই এই বক্তব্য খাটে।

সংসদের সকলে আসনের নির্বাচন একই সময়ে হওয়া এর অন্যতম কারণ বলে মনে হয় আমার কাছে। এই দুর্গতি ঠেকাতে সাধারণ নির্বাচনে সংসদের দুই-তৃতীয়াংশ আসনে নির্বাচন করা যায়। অবশিষ্ট এক-তৃতীয়াংশে মধ্যবর্তী নির্বাচন করা যায়। এতে করে একদিকে যেমন আবেগের আতিশয্যে ভেসে যাওয়া নিয়ন্ত্রণ করা যাবে, তেমনি শাসনকালের মাঝামাঝি সময়ে সরকারের প্রতি সমর্থন বা অসমর্থনের প্রকাশ ঘটানো সম্ভব। ব্যক্তিগত ও সামাজিক ভাবে আমরা আরো স্থিতধী জাতি হবার আগে বর্তমানের বাইনারি ক্ষমতাবদল কোন সুফল দিতে পারার সম্ভাবনা খুব কম। মধ্যবর্তী নির্বাচনের মাধ্যমে সরকারকে প্রয়োজনে হলুদ কার্ড দেখানোর নীতি অনুসরণ করা যায় ততদিন।