Thursday, January 24, 2008

বন্ধ হৃদয়, অন্ধ আবেগ

উগ্র জাতীয়তাবাদ নিঃসন্দেহে অপরাধীর আবেগ। মহাবিতর্কিত এই মহাসত্য আবারও প্রকাশ পেল উন্নত অথচ কলহমান দুটি এশীয় মহাশক্তির সাম্প্রতিক কার্যকলাপে। সম্প্রতি জাপানের পাঠ্যপুস্তকে চীনের সাথে তার ঐতিহাসিক বিরোধ ও সংঘাত গুলো নিয়ে আপত্তিকর ও অসত্য বক্তব্য সংযুক্ত করার প্রেক্ষিতে মাথা চাড়া দিয়ে উঠেছে অনেক রকম পুরনো জঞ্জাল। শুধু জঞ্জালই নয়, নাড়া পড়েছে উগ্র জাতীয়তাবাদের লাল সালুতেও।

প্রতিবেশী রাষ্ট্র হলেও চীন ও জাপানের বিরোধ পুরনো। সচেতন ব্যক্তিমাত্রই জানেন যে পরষ্পরের উপর প্রভাব বিস্তাার ও আঞ্চলিক আধিপত্য লাভের জন্য এই দেশ দুটো অনেকবার মুখোমুখি হয়েছে। সর্বশেষ প্রধান সংঘাত ছিল ২য় মহাযুদ্ধের সময়। সে সময় জাপান ছিল নাৎসি জার্মানির অন্যতম তাবেদার। তাবেদার হবারই কথা। তাদের দাবিও ছিল অভিন্ন। উন্নততর জাতি হিসেবে তাদের আরও জমি ও সম্পদ চাই। অনুন্নত জাতিগুলো চাহিবামাত্র তা যোগাতে বাধ্য। তাদের সম্রাট হলেন ঐশী আশির্বাদে পুষ্ট এক নেতা, যার ইচ্ছাপূরণের কাছে প্রচলিত শিষ্টাচার কিংবা মানবতা নগণ্য। যুদ্ধের সময় তারা দখল করে নিয়েছিল চীনের অর্ধেকেরও বেশি জমি। আর সব দখলকৃত দেশের মত চীনকেও সইতে হয় বর্ণনাতীত নির্যাতন। অত্যাচারের মাধ্যম হিসেবে বিশেষ পছন্দনীয় ছিল খুন ও ধর্ষণ, যেমনটা জাতীয়তাবাদী সব অপশক্তিই মোটামুটি প্রাতিষ্ঠানিকীকৃত করার মধ্যে এক প্রকার বিকৃত তৃপ্তি লাভ করে থাকে।

যুদ্ধের জঘন্যতম অধ্যায়গুলোর একটি ছিল নানজিঙ্গের গণহত্যা। ১৯৩৭-এর ডিসেম্বরে এই শহরটি দখল করে নেবার পর জাপানি সেনারা খোলা রাস্তায় ইচ্ছেমত গুলি চালায়। নারী ও শিশু নির্বিশেষে খুন করে আনুমানিক আড়াই লক্ষ নিরস্ত্র চীনা নাগরিককে। অনেককেই জীবন্ত পুড়িয়ে মারা হয়। বহুকাল পর স্থানবিশেষে গণকবরে পাওয়া যায় ১০,০০০ এরও বেশি লাশ। সাথে ধর্ষিতা হন ২০,০০০ এরও বেশি নারী। ধর্ষণের পর কারও স্তন কেটে নেওয়া হয়, কারও যোনিতে ঢুকিয়ে দেওয়া হয় ধারালো তলোয়ার। ব্যক্তিগত বিনোদনের জন্য অনেক সেনাই ছবি তুলে রাখেন এই নির্যাতনের। আজও বিশ্বের বিভিন্ন লাইব্রেরি আর ওয়েবসাইটে এই ছবিগুলো ঝুলছে মানুষের নীচতা আর বর্বতার প্রতীক হয়ে। জাতি হিসেবে চীনা আর জাপানিরা বাঙালিদের তুলনায় অনেক উন্মুক্ত। ছবিগুলোকে তারা অশ্লীল বলে গাল দেয়নি, বরং প্রামান্য দলিলের মর্যাদা দিয়েছে। তাই এই বর্বতার আলোকচিত্রগুলো আজও মিথ্যাচারী আর সংশোধনবাদীদের টুঁটি চেপে ধরে। যেমন ধরছে এখন জাপানের নব্য রচয়িতাদের।

জাপানের পাঠ্যপুস্তকগুলোয় ইতিহাস এখন নতুন করে লেখা হচ্ছে। তাইওয়ান, মানবাধিকার, নিরাপত্তা পরিষদে জাপানের স্থায়ী সদস্যপদ দাবী, ইত্যাদি বিষয়ে দেশ দুটোর মধ্যে দূরত্ব ক্রমবর্ধমান। বিরোধের বারুদে আগুন লাগালো ইতিহাসবিকৃতি আর জাতীয়তাবাদী শুদ্ধি অভিযান। ফলাফলটাও প্রত্যাশিত। বিক্ষোভে ফেটে পড়ছে পুরো চীন। বিশ্বের নজরও সেদিকে। যথারীতি, প্রতিবাদের কারণের চেয়ে মাত্রার দিকেই সবার নজর বেশি। সমাজতান্ত্রিক চীনের এই প্রতিবাদের ঝড় পশ্চিমের কারও চোখেই ভাল ঠেকছে না। এর পেছনে সরকারের প্রত্যক্ষ মদদ খুঁজে পাচ্ছেন তারা। চীনা সরকার তার যা করার করছে বলেই নিরপেক্ষ পর্যবেক্ষকদের মত। জাপানি দূতাবাস থেকে শুরু করে দোকান-পাট পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানে সরকারি নিরাপত্তা দেওয়া হচ্ছে।

জাপান এই উত্তপ্ত সময়ে বিতর্কিত পূর্ব চীনা সাগরে তেল-গ্যাস সন্ধানের অনুসন্ধানের অনুমতি দিচ্ছে বিভিন্ন কোম্পানিকে। শুধু তাই নয়, জাপান তার পররাষ্ট্রমন্ত্রীকে চীনে পাঠিয়েছে চীনা সরকারের কাছে আনুষ্ঠানিক ক্ষমা দাবি করে। স্বাভাবিকভাবেই এই আবেদনে কান দেয়নি চীন। ওদিকে থেমে নেই জাপানের জাতীয়তাবাদী সংশোধনও। তাদের পাঠ্যপুস্তকগুলোয় অত্যাচারের ইতিহাসকে আলোকিত অধ্যায় বলে অভিহিত করা হচ্ছে। বলা হচ্ছে, মাত্রানির্বিশেষে চীনাদের উপর নির্যাতন উপযুক্ত ছিল, নানজিঙ্গের হতাহতের সংখ্যা অতিরঞ্জন, যুদ্ধের সময় এমন ঘটনা হতেই পারে, ইত্যাদি। প্রতিবাদের বিপরীতে জাপান সরকারের ব্যাখ্যাগুলোও যথেষ্ট হাস্যকর। পুস্তক গুলোর রচয়িতা সরকার কর্তৃক নিয়োজিত নন। এই পাঠ্যপুস্তকগুলো নির্বাচন করছে স্কুলগুলো, এর পেছনে সরকারের হাত নেই। খুব বেশি স্কুলে এগুলো পড়ানো হবে না। এই ধরণের কিছু খোঁড়া বক্তব্য। একটি জাতির অভিভাবক হিসেবে তাকে সত্য ও সুন্দরের পথে রাখার দায়িত্ব কোন সরকারের পক্ষেই এড়ানো সম্ভব না। জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্পর্শকাতর কোন বিষয়ে কেউ মিথ্যা বা আক্রমণাত্মক কিছু করে বসলে তার দায়ও এড়ানোর উপায় নেই।

বিবাদমান এই দুটি দেশকে নিয়ে অনেক কিছুই বলার আছে। অনেকে বলছেনও। কেউ কেউ জাপানের হয়ে বলছেন, দেশাত্মবোধ জাগ্রত করার জন্য এমন বক্তব্য সংযোজন করতেই হয়। কেউ বা তাইওয়ান বা তিব্বতের উদাহরণ টেনে বলছেন চীনের অসঙ্গতিপূর্ণ মনোভাব ও কার্যকলাপের কথা। কেউ কেউ যুক্তি দিয়ে দেখাচ্ছেন যে একই জর্জ ওয়াশিংটন আমেরিকা ও ইংল্যান্ডে যথাক্রমে হিরো ও ভিলেন রূপে চিহ্নিত। বিগত ৬০ বছরে জাপানের প্রধানমন্ত্রীরা সবচেয়ে বেশি ক্ষমাপ্রার্থনা করেছেন তাদের অতীতের জন্য। যুদ্ধের পর শান্তি আর কঠোর পরিশ্রমের প্রতি জাপানিরাই সবচেয়ে বেশি মনোনিবেশ করেছে, ইত্যাদি। কিন্তু সবকিছুই যেন শুন্য দিয়ে গুণ হয়ে গেল মুহূর্তের এই উন্মাদনায়।

জাতীয়তাবাদের অপশক্তির এটাই সবচেয়ে ভীতিকর দিক। নিমেষেই এটি মানুষকে প্ররোচিত করতে পারে তার স্বভাববিরুদ্ধ উগ্র আচরণ করতে। সব রকম প্রযুক্তিতে নেতৃত্বদানকারী দেশ হয়েও যারা আণবিক বোমার দিকে হাত বাড়ায়নি, কর্মময়তায় ব্যাঘাত ঘটবে বলে যারা অলিম্পিক আয়োজনেও নাখোশ ছিল, সেই দেশেই এমনটা হচ্ছে? বিশ্বাস করতে কষ্ট হবারই কথা। জাতীয়তাবাদের অনেক রকম গুণের কথা বলে থাকেন অনেকেই। নিজের দেশ ও জাতিকে শ্রেষ্ঠ বলে জানা ও তার সেই শ্রেষ্ঠত্ব অন্যের ওপর আরোপ করা, নিজের দেশের অন্যায়কেও প্রশ্রয়ের চোখে দেখা, ইত্যাদি জাতীয়তাবাদেরই অনূষদ। ভয়ের বিষয় হল, এক পর্যায়ে জাতীয়তাবাদীর কাছে যুক্তি আর বিবেকের চেয়ে বড় হয়ে দাঁড়ায় অহংকার আর আত্মম্ভরিতা; যার প্রত্যক্ষ্য ফল রূপে সমাজ আর রাষ্ট্র আক্রান্ত হয় নানাবিধ অসুখে।

প্রশ্ন আসতে পারে, জনগণ কেন কিছু করছেন না। ভিন্‌ দেশের ভিন্‌ বাসিন্দাদের সমালোচনায় এটুকু বলাই যায়। আমরা বলিও। জাতি হিসেবে আমরা ছোট ও বাচাল। এহেন প্রশ্ন আমাদের চেয়ে ভাল তাই কাউকে মানায় না। এর জবাবে আমার শুধু ছোট্ট একটি প্রশ্ন। কেউ কি আয়নার নিজের দিকে দেখেছেন? একই কাজ আরও অনেক গুণে বেশি চলছে বাংলাদেশে! দেশের ভেতরেই চলছে প্রাতিষ্ঠানিকভাবে দেশদ্রোহিতা । কী বলছি আমরা? আমাদের নানজিং নেই, কিন্তু মনে রাখবার মত ’৭১ আছে। পরাজিত শক্তি আর তাদের তাবেদার দেশীয় আগাছারা আজ দেশটা ছাড়খার করলেও আমরা কিছু বলছি না, অন্যকে দোষ দেব কী? আমরাও তো আজ আকাশে-বাতাসে শুনছি নিজামীদের বলা “হো সাক্‌তা হ্যায়” জাতীয় উক্তি! নানজিংকে তাই মনে পড়ে সংবাদপত্রে ‘স্বাধীনতা যুদ্ধে খুন-ধর্ষণের খবর অতিরঞ্জন’ কিংবা পাঠ্যে ‘সন্ত্রাসী কার্যকলাপের দায়ে ক্ষুদিরামের ফাঁসি হয়’ পড়লে। নানজিংকে মনে পড়ে নিজামীরা যুদ্ধকালে তাদের ভূমিকার সাফাই গাইলে। নানজিংকে মনে পড়ে স্বাধীনতা সমুন্নত রাখার শপথ নিয়ে স্বাধীনতাবিরোধীদেরই পুষতে-পালতে দেখলে। নানজিংকে মনে পড়ে প্রকাশ্যে পাকিস্তানের পতাকা উড়িয়ে মাহফিল করতে দেখলে। তবে বিধাতাকে মনে পড়ে শুধু একবার - যখন কোন সন্তানহারা মা কিংবা বীরাঙ্গনা বোন নিভৃতে অশ্রু মোছেন। বিধাতা ছুটিতে ছিলেন তাঁরা সব হারানোর সময়। বিধাতা যেন আজও ছুটিতে আছেন তাঁরা আরেক প্রস্থ অপমানিত হবার সময়।

এত রক্ত, এত কষ্ট, এত ত্যাগ, সবই যেন তাই শুধু এক আপেক্ষিকতা। সবই বন্ধ হৃদয়ের অন্ধ আবেগ।

এপ্রিল ১৯, ২০০৫

শুভ জন্মদিন, স্বদেশ

আমার বাবার নাম আব্দুর রউফ। সরল, সাধারণ, জৌলুসহীন একটি ইসলামিক নাম। অর্থটাও বেশ সরল, আল্লাহর বান্দা। আজকাল নামের বাজারে নতুন নতুন পণ্যের ভীড়ে কিছুটা বেমানান। বাঙালির নামকরণের অভিধানে বাজার-চলতি প্রায় সব শব্দই ঢুকে গেছে। ধর্মীয় নাম গেছে, প্রাকৃতিক নাম গেছে, বাঙালি নাম গেছে, বাঙালি নামকে হিন্দুয়ানি বলে দাবি করে বিবিধ ভাষা ও ধর্ম থেকে ধারে নেওয়া নাম গেছে। বিন-লাদেন, সাদ্দাম থেকে শুরু করে আরাফাত-অমর্ত্য পর্যন্ত সব নাম গেছে। এত নামের ভীড়ে আমার বাবার নামটা একটু সাদামাটাই।

কথাটা এক যুগ আগের। তখনও শহীদ বলতে মাতৃভূমির জন্য জীবন উৎসর্গ করা মহান যোদ্ধাদের বোঝাতো। তখনও বাংলাদেশে বীরশ্রেষ্ঠের সংখ্যা মাত্র সাত জন ছিল। তারচেয়েও বড় কথা, সংখ্যাটা সাতেই সীমিত ছিল। এমনকি ক্ষমতার রাজনীতির প্রয়োজনেও এর অন্যথা করার কথা কেউ বলত না। ন্যূনতম সাধারণ জ্ঞানটুকু বালক থেকে বিরোধীদলীয় নেত্রী পর্যন্ত সবার মধ্যেই ছিল। সীমান্তে গোলাগুলিতে নিহত বিডিআর সেনাদের কেউ ক্ষমতায় গেলে বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করার ঘোষণা দিত না, দিলেও ক্ষমতায় গিয়ে তাদের কথা বেমালুম ভুলে যেত না। দেশ বিক্রি হয়ে যাওয়ার জুজুর ভয় তখনও ছিল, ছিল না ইতিহাসের রাস্তায় উল্টোযাত্রা।

আরও অনেক কিছুই ছিল না সেই সময়। যত বিরোধই থাকুক না কেন, কেউ দালালদের দালালি করতেন না। কেউ করলেও দেশের বাকি জনগণ চেয়ে চেয়ে দেখতেন না। চাপা ক্ষোভটুকু হলেও প্রকাশ করতেন। গণমাধ্যমে তখন নিরপেক্ষতা নামে কোন ভূত ছিল না। ভাল আর খারাপের মাঝের স্পষ্ট তফাৎটুকু ব্যবসার খাতিরে ঘোলা করার মিশনে নামেনি তখনও গণমাধ্যমগুলো। মানুষ নিরপেক্ষ বলে কোন শব্দ জানতো না, তবে ভাল আর মন্দ বুঝতো, মন্দকে পরিহার করতো, আর গ্রহনযোগ্য সকল পক্ষকে সমান চোখে দেখতো, নিরপেক্ষভাবে সামলাতো। বাংলাদেশ তখনও কৃষক-মজুরের ঘামে গড়া, আর রক্তচোষা দেশপ্রেমিকদের লুটপাটে রিক্ত একটি দেশ ছিল। তখনও এদেশ দারিদ্র্য বেচে চলতো, ঋণ করে ঘি খেতো, ছাত্রদের অর্ধেক জীবন বিশ্ববিদ্যালয় নামক কারাগারে আটকে রাখতো, উৎসনির্বিশেষে সকল অর্থের উপাসনা করতো। তবুও কেন যেন মনে হয়, সেই দিনগুলোই উত্তরপ্রজন্মকে গর্ব করে শোনাতে পারবো। আমাদের আমলে ৭ বছরে বিএ পাশ করতাম আমরা! আমরা বিনা বোমায় স্বোপার্জিত স্বাধীনতার তলায় সন্ধ্যা কাটাতাম! আমাদের কালে বছরে মাত্র ৭০ দিন হরতাল হত! একদিন বুলেটপ্রুফ ভেস্ট ছাড়াই মানুষ পথ চলতে পারতো!

গোটা সমাজের মত আমাদের প্রজন্মের উঠতি শিশুদেরও অন্য রকম একটা আবেগ ছিল দেশকে ঘিরে। বীরশ্রেষ্ঠদের নাম শুনলেই নত লোমগুলো গর্বে উঠে দাঁড়াতো, চিরশান্ত রক্তে উন্মাদ আনন্দের মাদক ছোটাছুটি করত। সেরকমই এক দুপুরে পড়ছিলাম বিজয়ী বীরদের আত্মত্যাগের কথা। তখনও শিক্ষকরা পাঠ্যবহির্ভূতভাবে হলেও বীরশ্রেষ্ঠদের গল্প করতে পারতেন। আমরাও শুনতাম। একদিন বীরশ্রেষ্ঠদের নাম বলতে গিয়ে শ্রদ্ধেয়া শিক্ষিকা ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রবকে ভুলে আব্দুর রউফ বলেছিলেন। মুহূর্তে আমার দিকে ঘুরে তাকানো পুরো ক্লাসের সেই দৃষ্টি আমি আজও ভুলতে পারি না। না, সেই বীরশ্রেষ্ঠের নাম আব্দুর রউফ না। আমার বাবাও নিহত নন। কিন্তু তাতে কার কী আসে যায়! শতবার বলার পরও সবার এক কথা। নাম একই নাহোক, ক্ষতি নেই। মিল তো আছে! ১০ বছরের এক ঝাঁক বালকের সেই ভুল যে আজ এতদিন পরও শ্রদ্ধা আর বিশ্বাসের এত বড় উৎস হবে, তা কি তখনও জানতাম? হয়তো এমন মন্তব্য করাটা বেশ বড় মাপের ধৃষ্টতা হয়ে যাবে, তবু না বলে পারছি না। মনে হয় শত শত পৃষ্ঠার ক্রোড়পত্র, দিবসভিত্তিক সরকারি বার্তা, কিংবা বেলুন-ওড়ানো দেশপ্রেমের চেয়ে মুহূর্তের সেই ভুলই বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রবকে গভীরতর শান্তি দিয়ে থাকবে। ব্রিটিশবিরোধী এক ভাষণে নেতাজি সুভাষ বসু একবার বলেছিলেন, স্বাধীনতা হল ভুল করার অধিকার। আমাদের সেই ভুলের অধিকারের জন্যই তো শহীদদের প্রাণ দেওয়া।

সামনেই স্বদেশের ৩৪তম জন্মদিন। হতাশা আর বেকারত্বে জর্জরিত যুবকের বেশে আরো একটি বছর পার করে দেবে সে। মানুষের অসাম্প্রদায়িকতা আর অহিংসার কাছে তার আর কোন আবেদন নেই। যান্ত্রিকতা, ষড়যন্ত্র, আর দুর্নীতিতে তার দেহ-মন ক্ষয়ে যাচ্ছে প্রতি পলে। ধর্মের নামে নিজের ভাইদের কণ্ঠরোধ করে করে তার হৃদয় আজ শতখণ্ডে খণ্ডিত। ধর্মেরই দোহাই দিয়ে নিজের বোনদের সম্ভ্রমহানিও আজ তাকে বিব্রত করে না। অন্যায় হত্যাকাণ্ড, অন্ধ বিদ্বেষ, কিংবা ভেদবুদ্ধি এখন তার কাছে ভাত-মাছের মতই। তবুও নিজেকে হারিয়ে খোঁজা এই যুবক আজও হয়তো স্বপ্ন দেখে। আজও হয়তো সে অতীতকে স্মরণ করে অহংকার আর আত্মপরিচয়ের তাগিদে। হয়তো এমন দিনগুলোয় একবার হলেও কৃতকর্মের জন্য তার মনে রাজ্যের লজ্জা ভীড় করে। হয়তো এখনও তার একটি অংশ রাত জেগে বসে থাকে সূর্য দেখবে বলে। এখনও হয়তো সেই যুবক যুদ্ধ করে, একটি ফুলকে বাঁচাবে বলে।

আজ জন্মদিনের শুভেচ্ছা সেই যুবককে, আর বাকি সকলের কাছে একই সাথে গর্বিত আর লজ্জিত হওয়ার আহ্বান। আজ যে আমাদের সবকটা জানালা খোলার অধিকার আছে, কিন্তু ওরা আসলে, দেবার মত কিছু নেই!

শুভ জন্মদিন, স্বদেশ!

কত কী করার আছে বাকি

অমরত্বপিয়াসী এক জাতিস্মর আমি। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে হাজার বছর ধরে আমি পথ হেঁটেছি পৃথিবীর পথে। বাদলের রাতে বন্যা দেখেছি লাবণ্যের চোখে, যন্ত্রকৌশল অর্জন করে হারিয়েছি প্রকৃতির বিরূপতাকে, গড়েছি পেরিক্লিসীয় এথেন্স, রেনেসাঁর ইতালি, আর অষ্টাদশ শতকের ফ্রান্স - তবে আর বাকি কী?

সত্বার ক্ষুদ্রতা স্বীকার করে গোর্কির কাছে হাত পেতে বলছি, "আজ আমরা বায়ুতে পাখির মত উড়তে শিখেছি, শিখেছি মাছের মত জলে সাঁতরাতে, শিখিনি কেবল ডাঙায় মানুষের মত হাঁটতে।" পরকে ধনহীন করে ধনবান হয়েছি, শ্রেণীসংগ্রামের ধারাবাহিকতায় যুদ্ধে প্রাণ দিয়েছি, পারিনি কেবল একবার সকলে মিলে এক হতে, ভিন্নতর বিশ্বাস ও মতকে মেনে নিতে।

পৃথিবীর বুকে ঐক্য একবার হলেও ধনসাম্যে এসেছে, একবারও আসেনি ধর্মনিরপেক্ষতার রূপে। মানবের মাঝের দেবত্ব ভুলে, ধর্মের আফিম খেয়ে, ধর্মীয় বিশ্বাসের ভিন্নতার কারণে যত প্রাণ দিয়েছি, তত প্রাণ কোন বিশ্বযুদ্ধেও দেইনি। তাই আজ চাই এই বিভেদ নিরসন। চাই ভাবনার মুক্তি। চাই রেনেসাঁর বুদ্ধির পাশাপাশি হৃদয়গত দিকটিও আত্মস্থ করা। চাই ধর্ম-সমপ্রদায় থেকে সমপ্রদায়টুকু না নিয়ে ধর্মকে নেওয়া, তার মানবতাবাদী দিকটি তুলে ধরা।

মোতাহের হোসেন চৌধুরী বলেছিলেন, ভুল পথে চলে চলে আজ আমরা টিকিত্ব আর দাড়িত্বে আমরা পাণ্ডিত্ব আর মোল্লাত্ব না খুঁজে খুঁজি যথাক্রমে হিন্দুত্ব আর মুসলমানত্ব। ধর্মের নামে এভাবেই বহুযুগ ধরে আমরা আত্মনিয়ন্ত্রণের খোলসে আত্মনির্যাতন করছি। কথাগুলো এতকাল পরও সত্য। আজও আত্মার মুক্তি আসেনি, মেরুদণ্ড ঋজু হয়নি, দৃষ্টির সীমা দিগন্ত ছাড়ায়নি।

আজ তাই চাই অ্যান্টিনোমিয়ানিজম। চাই প্রথাগততা, নীতিগততা, আর তথাকথতার ঊর্ধ্বে সেই মানবধর্ম যা সম্পর্ককে করে মসৃণ, কৌণিক নয়। চাই সেই উদার ধর্মীয় দৃষ্টিভঙ্গি যা সন্ধান দেয় জীবন্ত আত্মার আনন্দময় জগতের। চাই ধর্মনিরপেক্ষতার সেই গঙ্গায় অবগাহন, যা শত পঙ্কিলতা বহন করেও শুভ্র, সুন্দর, পবিত্র। এর ব্যতিরেকে নীচতা আর হীনতার কারাবদ্ধ যে ধর্মের সন্ধান মেলে, তারই জন্য বার্নার্ড শ' বলে গেছেন, সেই ব্যাক্তি থেকে সাবধান, যার ঈশ্বরের বসত আকাশে।

তাই আজ বাকি আছে সেই দিন আনা, যেদিন কোন নজরুল আর রচবেন না,

"তব মসজিদ-মন্দিরে প্রভু নাই মানুষের দাবি,
মোল্লা-পুরুত লাগায়েছে তার সকল দুয়ারে চাবি।"

Tuesday, July 10, 2007

প্রবাসের কথোপকথন ৪

“দিদি, ভাল আছেন?”

এইতো আছি, ভাই। সারাদিন কাজ সেরে ফিরলাম মাত্র।

“দাদা বাসায় নেই?”

না, আপনার দাদা এখনও কাজে। রাত ৩টা পর্যন্ত কাজ। আমি গিয়ে নিয়ে আসবো।

“দাদা কী ভাগ্যবান! আপনার মত একটা বৌ পেয়েছেন। আপনার মত বৌ এযুগে বিরল।”

এত তেলাতে হবে না। আপনার দাদা আসলে কিছু বলবো?

“না না, এমনি ফোন করলাম। আপনাদের কুশলাদি জানতে।”

হুম, জানলেন তো। যাক, এবার আমি একটু খেতে যাই? খুব ক্ষুধা লেগেছে, ভাই।

“আমাদের যে কী হবে, দিদি। সারাদিন ল্যাবে থাকি, ঘরে এসে কিছু করার নাই। রান্না-খাওয়ার কথা কী আর বলবো।”

সেই দিন তো সবারই গেছে, ভাই। আমরা যে কত কষ্টের মধ্যে দিয়ে গেছি, তা অনেকেই জানে না।

“দাদা ঘরে আসলে আপনি কত মজার মজার রান্না করে খাওয়ান। দাদার তো পূর্ণ জীবন।”

আপনি বিয়ে করে ফেলেন একটা, তাহলেই হল। আর আমার রান্নার যা ছিরি!

“আরে বিয়ে করে ভুগবো কেন অযথা? মেয়েরা সব বুদ্ধু, বুঝলেন? কথা বুঝে না কিছু না। অবাস্তব সব ব্যাপারে তাদের যত বাড়াবাড়ি। কারও মধ্যে কোন বাস্তবজ্ঞান নাই।”

তাহলে আমিও বোকা, বাস্তবজ্ঞানবর্জিত? এভাবে বলাটা মনে হয় না ঠিক হল, মতিন ভাই।

“না না, আপনার মত বৌ পাওয়া তো ভাগ্যের ব্যাপার!”

এসব ফালতু কথা তাহলে আমাকে বলার কী মানে আছে, ভাই?

“আরে দিদি, আপনার মত বৌ একটা পেলে তো বর্তে যেতাম।”

কেন, আপনি না ঢাকা গেলেন এই শীতে। মেয়ে-টেয়ে দেখেননি কোন?

“তা আর পারলাম কই, দিদি? গিয়েই তো পড়লাম হরতাল আর অবরোধের মধ্যে। আর, আমি তো আবার বিয়ের জন্য তেমন একটা উৎসাহী ছিলাম না কখনই। তবু মা-বাবার দিক ভেবে, আর বড় ভাইবোনদের তাগিদে কিছু মেয়ে দেখতে হল।”

ও, তলে তলে এতদূর? আমাদের সামনে তো শোভিনিস্টিক কথাবার্তা বলেন এত, ওদিকে দেশে গিয়ে মেয়েও দেখে এসেছেন? তা বিয়েটা কবে করছেন?

“আরে ধুর, কী যে বলেন না এসব। বাংলাদেশের মেয়েরা তো দেখি আজকাল বিয়েই করতে চায় না! কেউ আমেরিকা আসতে চায় না। সবাই শুধু বিবিএ খুঁজে!”

আপনি হয়তো এমন কাউকে দেখেছেন যার বাইরে আসার ইচ্ছা নেই। আমেরিকা থাকার হরর স্টোরিগুলো এখন সব বাবা-মা জানেন। তাদের মেয়ে যে দেশে থাকলেই ভাল থাকবে, এই সহজ উপলব্ধিটা এসে গেছে তাদের মধ্যে। আমিই তো আমার সব মাসি-কাকুদের বলি যেন মেয়েকে বাইরে বিয়ে না দেয়।

“আমেরিকা আসা খুব দরকার, দিদি। আমরা যে বুয়েটে পড়াশুনা করেছি, সেটা ভাবলেও কেমন লাগে এখন। এখানে এসে মনে হচ্ছে কিছুই দেখিনি, কিছুই শিখিনি। এরকম একেকটা ল্যাব বুয়েটে থাকলে কত কী করা যেত।”

কী করার আছে বলেন? সব তো আর সম্ভব না। আপনার মত গুণী ছাত্ররাই দেশ ঠিক করে দিবেন নাহয়। তা আমি এবার ছাড়ি? রান্না বসাতে হবে।

“হয়েছে কি বুঝলেন, দিদি...”

দেখেন ভাই, আপনি বিয়ে করতে চান, নাকি চান না? চাইলে একটা বিয়ে করে ফেললেই তো হল। এত বাছাবাছির কিছু নাই। আমাকে কেন বলছেন এসব? আপনার না কয়দিন আগেও একটা প্রস্তাব এল।

“কিন্তু ঐ মেয়ে তো কমিউনিটি কলেজে পড়ে মেয়ে!”

এসব কী বলছেন? আশ্চর্য মানুষ তো আপনি। একটা মেয়ে কমিউনিটি কলেজে পড়ে বলে তাকে বিয়ে করবেন না? সুন্দরী মেয়ে, আমেরিকান সিটিজেন, ফ্যামিলি ভাল। আর কী চান?

“না না, কী যে বলেন! আমি তো রাজপুত্রের মত ছেলে!”

মানে? কী যা তা বলছেন এগুলো? মাথা ঠিক আছে আপনার?

“এভাবে নিচ্ছেন কেন, দিদি? দেখুন, আমি বুয়েট থেকে পাশ করা ছেলে। দেখতে-শুনতে খারাপ না। লম্বা গড়ন। আমেরিকায় এমএস করেছি। এখানে এসে তো টুকটাক শিল্পী প্রতিভার বিকাশও ঘটেছে। আমি কেন কমিউনিটি কলেজে পড়া মেয়ে বিয়ে করবো?”

তাহলে কেমন মেয়ে চান?

“বুয়েটের ছেলেরা তো ধরেন ডাক্তার মেয়ে চায়...”

তো করলেন না কেন ডাক্তার মেয়ে? হরতালের জন্য যেতে পারেননি মেডিকেল কলেজে?

তা আর পারলাম কই, বলেন? সকালে তো বেরই হতে পারতাম না বাসা থেকে। সন্ধ্যার পরে দু-তিনটা মেয়ে দেখতাম হয়তো।

এভাবে বলছেন? আশ্চর্য! কয়টা মেয়ে দেখলেন ৩ সপ্তাহে?

“গোটা পঞ্চাশেক হবে হয়তো। বিয়ে তো খুব জরুরী ব্যাপার, বুঝলেন না! একটু তো যাচাই-বাছাই করে মেয়ে দেখতে হয়। হুট করে একটা বিয়ে করে শেষে সারাজীবন পস্তানোর ভয় আছে।”

কিছু মনে করবেন না, ভাই। এরকম করলে সারাজীবন এমনিতেই পস্তাতে হবে। রুস্তম ভাইয়ের মত হাল হবে শেষে।

“রুস্তম ভাইয়ের কথা আর বলবেন না। উনি তো আমার ইয়ার মানুষ। বিশেষ জ্ঞানী ব্যাক্তি। ওনার কাব্যগুণ খুবই বিরল। কেউ পাত্তা দেয় না, এটা খুব দুঃখজনক ব্যাপার।”

কী বলেন এগুলো? উনি তো বাচ্চা বাচ্চা মেয়েদের সাথে প্রেম করা নিয়ে অশ্লীল সব কথাবার্তা লেখেন! তায় আবার সামাজিক অনুষ্ঠানে ওনাকে স্বরচিত কবিতা পাঠ করতে না দিলে ক্ষেপে চলে যান। ওনার মত খুঁতখুঁতে হলে আপনাকেও ওনার মত একা থাকতে হবে।

“উনি হয়তো ওনার সাথে মানানসই কাউকে পাননি এখনও। পেয়ে গেলেই গলায় মালা পড়াবেন।”

শুনুন, ভাই। এত ঝুটঝামেলা বাদ দিয়ে একটা বিয়ে করে ফেলুন সোজা। আপনার মাথায় বিয়ে করার আদিম ভূতটা ঢুকেছে। মেয়েদের নিয়ে এসব আজেবাজে কথা বাদ দিয়ে চোখটা একটু মাটিতে নামান। নয়তো রুস্তম ভাইয়ের মত কুড়ি বছর পর কোন এক বাড়ি গিয়ে আবিষ্কার করবেন যে মেয়ের মাকেও দেখতে এসেছিলেন আপনি।

“দিদি কী যে বলেন, আমি তো পাত্র হিসেবে...”

প্রবাসের কথোপকথন ৩

“কেমন আছো?”

বেঁচে আছি।

“তা তো দেখতেই পারছি।”

হ্যাঁ, কিছু ব্যাপার বদলায় না। সব সময়ের মতই আছে এই জবাবটা। বেঁচে আছি। আমার এক নানা বলেন...

“...কেটে যাচ্ছে, তবে রক্তপাত হচ্ছে না। জানি। পুরান কথা। যাক, আগে বাড়ো। এখানে কেন?”

এমনিই। দেশে আসলাম সপ্তাহ খানেক হয়। তোমাদের সবার খবর নিতে আসা। আন্টি দেখছি মলিন অনেক। শুভ্র বড় হয়ে গেছে বেশ। কোন ক্লাসে এখন?

“মা ভালই আছে। শুভ্র ফাইভে এবার। ভুলে গেছো মনে হয়। অবশ্য তোমার কোনদিন এসব ব্যাপারে নজরও ছিল না। আমিই তো কত কথা শুনতাম তারিখ নিয়ে মাতামাতির জন্য। তোমার ডক্টরেট ডিগ্রির কতদূর? জীবনের সবচেয়ে ক্রিটিকাল টাইম কাটলো, নাকি বাকি আছে এখনো?”

হাহ হাহ। খোঁচা দিচ্ছো?

“হয়তো বা, হয়তো না!”

আবারো?

“কী জানি!”

ভালই চালাচ্ছো। মজা লাগছে। বুকের কোথাও একটু কেমন কেমনও লাগছে যদিও।

“হ্যাঁ, তুমি আর তোমার কেমন কেমন লাগা। কেমন কেমন লাগে, বুক ধরফর করে।”

খুব করে।

“যাক, এসব কথা কেন বলছি? আর কিছু বলবা? চা-নাস্তা দেই। আমি এখন গরম পানি ছাড়াও কিছু রান্না জানি।”

নাহ, থাক। বেশিক্ষন বসবো না। চা খাই না, জানোই তো। তবে মাঝে কিছুদিন সিগারেট ধরার চেষ্টা করেছিলাম। পোষালো না। আমার জন্য না ওসব।

“আমাকে এসব কেন শোনাচ্ছো?”

দুঃখিত। কাজের কথায় আসি। ছবি আর চিঠিগুলোর জন্য এসেছি। সাথে তোমাকে আরেকবার দেখা। আসলেই সুন্দর হয়ে গেছো। কতদিন পরে দেখলাম তোমাকে! তুমিই বলেছিলে, মেয়েরা বিয়ের পর সুন্দর হয়ে যায়। আমি শেষবার যাবার পর সুন্দর হয়েছিলে, আর হলে আমাকে ছেড়ে যাবার সময়।

“অন্যদের জড়িয়ে কথা বলা ছাড়তে পারবে না তুমি কোনদিনই। তবে দেখে ভাল লাগলো যে তুমি পরোক্ষ খোঁচা দিতে শিখেছো। এখন আর গালি দাও না। জীবনে কাজে লাগবে এই শিক্ষাটা তোমার।”

দুঃখিত। যাক, ছবি আর চিঠিগুলো।

“ওগুলো আমার। কাউকে দেবো না আমি ওগুলো।”

আমি যে কেউ না, আমি অন্তু। আমি ছবি না, আমি মানুষ। যেখানে আমি নেই, সেখানে আমার ছবি কেন থাকবে?

“ঠিক আছে, এনে দিচ্ছি। আর কিছু?”

নাহ, আর কিছুই না। অনেক কষ্টে ভুলেছি তোমাকে। ভাবি নাই তুমি এই ভাবে ছুঁড়ে ফেলবে আমাকে। মন থেকেই জানতাম যে সবদিক গুছিয়ে নেবার সময়টুকু আছে। তবে ভালই হয়েছে। তোমাকে হারিয়ে নিজেকে খুঁজে পেয়েছি আবার। জীবনটা এখন অনেক হালকা আবারো। আই অ্যাম ব্যাক টু দ্য হ্যাপি-গো-লাকি লাইফস্টাইল।

“আমি কাউকেই ছুঁড়ে ফেলিনি। তুমিই সময় থাকতে ঠিক হওনি। এটা আমার দোষ না। তুমি নিজেই তোমার জায়গা হারিয়েছো।”

ভুল অনেকই করেছি তোমার সাথে। মানুষ হিসাবে অপরিশীলিত ছিলাম, অনিশ্চিত জীবন ছিল। তবে আমার আরেকটু সময় প্রাপ্য ছিল। অত দ্রুত আরেক জনের সাথে এতটা জড়িয়ে না পরলেও পারতে।

“আমি তোমাকে কোন কৈফিয়ত দিতে বাধ্য নই।”

চাচ্ছিও না। কথাপ্রসঙ্গে বলছিলাম।

“আমি একদিনে ঐ অবস্থায় যাইনি। তুমি দিনের পর দিন আমাকে একটু একটু করে ওরকম করেছো। অনেক কষ্টে আমি বের হয়ে এসেছিলাম তোমাকে ভালবাসা থেকে।”

ঠিক ততটাই সহজে সেই ভালবাসা দিলে দিলে আর কাউকে। আমি তোমার মত করে বের হতে পারিনি। আমার বুকের সবটা জুড়ে থাকা অবস্থায় ছুঁড়ে ফেললে আমাকে তুমি। তুমি আর কাউকে ভালবাসতেই পারো, তবে আমার সাথে সম্পর্কটা শেষ করে ওপথে হাঁটলেও হত।

“আমার জন্যও সহজ ছিল না। কত রাত একা কেঁদেছি তুমি ঠিক হওয়ার অপেক্ষায়। সবাই বলত কেন শেষ করে দেই না এমন সম্পর্ক। আমি বলতাম তুমি ঠিক হয়ে যাবে, তোমার জেদ কমবে এক সময়, আমার ভালবাসা তোমাকে পথে ফেরাবে এক সময়। আমি জানি না আমি ঠিক করেছি, নাকি ভুল। তবে ওতে আর কিছু আসে-যায় না আমার।”

আমারও না। অনেক কষ্টে হলেও ধাক্কাটা সামলেছি শেষ পর্যন্ত। অনেক শিখেছি জীবনের ওই অংশটুকু থেকে। অনেক শক্ত হয়েছি এখন মানুষ হিসাবে।

“যাক, আমার মত ডেড ওয়েট কিছু তো দিতে পেরেছে তাহলে তোমার মত ওজনদার মানুষকে!”

ভুলো না কিছুই তুমি। আমরা আসলেই অন্য জগতের মানুষ দুইজন। আমি ফরগেটিং হলেও ফরগিভিং না, তুমি ফরগিভিং হলেও ফরগেটিং না। আমি যতটা শক্ত, তুমি ততটাই নরম। আমি মেঘের যতটা নিচে, তুমি ততোটাই উপরে। দশ হাজার মাইলের দূরত্ব তো আছেই।

“আমাদের দূরত্ব বা পার্থক্যের জন্য আমরা আজকে আলাদা নই। তোমার আচরণের জন্যই তুমি আমাকে হারিয়েছো।”

আমার কষ্টগুলো তোমাকেই একটা স্বচ্ছন্দ জীবন দেওয়ার জন্য ছিল। পশুর মত বেঁচে কি মানুষের মত আচরণ করা যায়?

“তার চেয়ে আমার সাথে একটু ভাল ব্যবহার করলেই হত। তুমি পথে থাকলে আমি তোমাকে ছেড়ে যেতাম না।”

আমি পথে থেকেছি। আমি জানি পথে থাকার মধ্যে কোন রোমান্টিকতা নেই। তোমাকে, আমাকে, আমাদের উত্তরপ্রজন্মকে যেন কোনদিন পথে থাকতে না হয়, সেই জন্যই আমার সংগ্রামটা ছিল। তোমার কাছে আমি সময় চেয়েছিলাম বারবার। হাতের একেবারে কাছে ছিল সবকিছু। এনগেজমেন্টের আংটিটাও কিনে পাঠিয়েছিলাম।

“এসব বলে আর কী লাভ? সময়টা চলে গেছে। আমরা কেউই আগের জায়গায় নেই। একটু সময় দাও, ওগুলো এনে দেই।”

সাথে কমিটমেন্ট রিংটাও দিও। যেটা হাতে পড়ে আমার ভালবাসার অষ্টম বার্ষিকিতে বলেছিলে কোনদিন ছেড়ে যাবে না, যেটা হাতে পড়ে অন্যের বাহুলগ্না হয়েছিলে তার মাত্র দেড় বছর পর।

“কমিটমেন্ট মানে যেকোন মূল্যে সাথে থাকা না। কমিটমেন্ট মানে বিশ্বাস আর মর্যাদা দেওয়া, কমিটমেন্ট মানে একটু ভাল ব্যাবহার।”

এই তর্কের শেষ নেই। সাড়ে নয় বছর দিলাম, দুইটা আংটি দিলাম, রক্ত পানি করে তোমার জন্য একটা সুখের জীবন তৈরি করার সংগ্রাম করলাম। জানি না একটা মেয়েকে ধরে রাখতে হলে আর কী করতে হয়।

“অন্যকে জড়িয়ে বাজে কথা না বলা, বিশ্বাস, আর কিছু আন্তরিকতা। তোমরা সব ছেলেরাই এক রকম। তোমাদের সাথে কী করলাম, তারচেয়ে বড় সব সময় অন্যের সাথে কী করলাম সেটা।”

আমরা অনেক বেশি পোজেসিভ নিজেদের নারীর ব্যাপারে, হ্যাঁ। কিন্তু সেটা তো ভালবাসি বলেই।

“পোজেসিভ হওয়া কোন সমস্যা না। আমরাও সেটা পছন্দই করি। কিন্তু সব ছেলেই সন্দেহবাতিকগ্রস্ত। সবাই।”

সাবধানতাকে সন্দেহ বলে ভুল করা কিন্তু খুব সহজ।

“তুমি আমাকে কোনদিন বিশ্বাস করতে পারো নি।”

বিশ্বাস করেছি, পাখি। তবে ভরসা করতে পারি নি। তুমি আমার উপর ভরসা করতে, আমার ভুল ধরে দিলে আমি সাধ্যমত শুধরাবো, এটা জানতে। তবে এই বিশ্বাস কোনদিন করতে পারোনি যে আমি একটা সময় নিজের ভুলগুলো নিজেই বুঝবো। সম্পর্কে বিশ্বাস আর ভরসা দুটোই লাগে। আমরা কেউই একটার বেশি করতে পারি নি।

“আমি আর তোমার পাখি না।”

সেটাই। পাখি ডাকাটাই কাল হয়েছে। পাখি ডেকেছি দেখেই হয়তো উড়ে গেছো। তোমার কথা মত জান ডাকলেই চলতো। সম্বোধনটা আর দশ জনের মত হত। সম্পর্কটাও। ভাঙনের প্রান্তে দাঁড়াতে হত না এভাবে। পাখিরা পাখাদের ছেড়ে চলে যায়, জানরা জানদের ছেড়ে যায় না।

“সেন্টিমেন্টাল কথাবার্তা বলে লাভ নেই। আমার আর ওসবে কোন প্রতিক্রিয়া হয় না। আমিও এখন রিয়ালিস্টিক।”

দেখতেই পারছি। তা বড়লোক বাপের গাড়ি হাঁকানো প্রেমিকটা কেমন আছে?

“তুমি একটা পশুই থেকে যাবে। তোমার বাজে কথা শুনতে বাধ্য না আমি। আমার আরও কাজ আছে।”

আমার মত করে তোমাকে হাসায়?

“তোমার মত করে কাঁদায় না।”

তুমি সুখে থাকলেই খুশি আমি। আমিও মেনে নিয়েছি যে আমাদের জুড়ি লেখা ছিল না কিসমতে। কৌতূহল থেকেই জানতে চেয়েছিলাম।

“নানা কেমন আছেন?”

নেই আর।

“জানাবার প্রয়োজনও বোধ করলে না আমাকে?”

কী করতে? শেষ মূহুর্ত পর্যন্ত আফসোস করে গেছে। তুমি কেন তার কাছে অভিযোগ করলে না। শুধরে দিত আমাকে, শাসন করে দিত।

“আমি খুব খারাপ। এটাই শুনতে চাচ্ছো তো?”

উহু। তেতো কথার জন্য দুঃখিত। আমি তোমাকে দোষ দেই না। তুমি ভাল থাকো, এটাই চাই। আমি তোমাকে চাইতে আসিনি। তোমাকে ভোলাতে, বা কষ্ট দিতেও আসিনি। আই অ্যাম ওভার ইউ। অনেক কষ্টে, অনেক বন্ধুর পথ ধরে। আমি আর তোমাকে আগের মত ভালবাসি না। আমি আর তোমাকে চাই না।

“হাসালে, অন্তু।”

কেন?

“ইউ আর নট ওভার মি।”

ভুল। খুব ভুল। তুমি চেনো না এই আমাকে। এটা নতুন আমি। তোমার প্রত্যাখ্যানের আগুনের ছাই থেকে গড়ে ওঠা নতুন এক আমি।

“তুমি এখনও আমার চোখের দিকে তাকালে নার্ভাস হয়ে যাও। বসো, এক কাপ চা দেই।”

প্রবাসের কথোপকথন ২

“ম্যা এল্প ডা নেস্কিন লা?”

(আমাকে বলল?)

“সা! ইউ অডা অ ন?”

জ্বী, দুঃখিত। একটা বার্গার দেবেন মেহেরবানি করে।

“বাগা হু?”

জ্বী, একটা বিগ ম্যাক বার্গার দেবেন?

“আ নাম্বা ওয়া?”

না না! আমি শুধু বার্গারটা চাই। দুই টাকা চল্লিশ পয়সার বার্গারটুকু হলেই চলবে আমার।

“বাগা? হু ইউ ওয়ান বাগা বাগা?”

(প্রাণপণে ইঙ্গিতে বোঝানোর চেষ্টা)

“ও, শুধু স্যান্ডউইচটা চাই?”

জ্বী, ম্যাডাম। আমার কোক-ফ্রাই লাগবে না।

“এ! গেট ডিস ডগ আ স্যান্ডউইচ।”

(আমাকে বলল?)

“এ ইয়ু গো। ইউ ওয়ান এনিহু এলস?”

আ ট্রে অ্যান্ড সাম সস প্লিজ।

“ইউ ওয়ানা হু?”

(রক্ষা কর মাবুদ! কিসের মধ্যে পরলাম এটা? চাই বার্গার, সাধে মানুষ!)

“এ নিগা! ডিস ডগ টক সো ফানি শি!”

(অগত্যা আবারো ইঙ্গিত।)

“ও, হিয়ার ইজ দেম ট্রে।”

(ভুল শুনলাম নাকি? কী বলে এগুলা?)

“হোয়াই ইউ ইজ স্ট্যান্ডিং ডেয়া স্টিল?”

কিছু সস চেয়েছিলাম, দেবেন?

“সস? বারবিকিউ, হানি, অ রেঞ্চ?”

ওহ, থুক্কু। কেচাপ, কেচাপ।

“ম্যা ইউ ফুল অফ ট্রাবল অ্যান্ড শি। ওয়াচ্চু থিংক ইউ ইজ? লেম্মি গেড্ডেম আডা কাস্টোমা।”

ফিশ আউট অফ ওয়াটার, ম্যাম। ফিশ আউট অফ ওয়াটার।

“হু?”

প্রবাসের কথোপকথন ১

"তোমরা কোন দেশ থেকে? ইন্ডিয়া?"

উহু, বাংলাদেশ।

"ব্যাংলাডেশ? সেটা কোথায়?"

ঐ যে ইন্ডিয়ার পাশের ছোট্ট দেশটা, ওটা।

"তোমাদের ভাষা কী?"

বাংলা।

"?"

বেঙ্গলি।

"আহ! তোমাদের ওদিকের লোকেরা খুব স্মার্ট হয়।"

(কপট লজ্জা!)

"তা তোমরা কি হিন্দুইজম অনুসরণ কর?"

না, আমরা মুসলিম। আমাদের দেশের ৮৫% লোক মুসলিম।

"(ওহ, শিট! ফাইশা গেলাম রে! হেল্প! বম্ব! টেররিস্ট!)"

হাহ হাহ! না, ওরকম করে তাকানোর কিছু নাই। আমরা আরব বেল্টের বাইরের একটা মুসলিম দেশ। আমাদের ওখানে তলোয়ার দিয়ে ইসলাম কায়েম হয় নাই। ইট ওয়াজ এ কনশাস ডিসিশন। আমাদের পশ্চিমে বিশাল একটা হিন্দু রাষ্ট্র, আর পূর্বে দল বেঁধে সব বৌদ্ধ রাষ্ট্র। আমরা ভিন্ন।

"কী জানি রে বাবা। তবে মুসলিমরা খুব ক্রেইজি। খুব অস্থির, অসহিষ্ণু।"

না, আমরা তেমন না। আমরা গান গাই, আমাদের মেয়েরা পেটখোলা কাপড় পরে ঘুরে বেড়ায়...

"ওহ! সসসসাড়ড়ড়ি?"

হ্যা, শাড়ি। আমাদের মধ্যে ভারতীয় সংস্কৃতির প্রভাব অনেক বেশি। ১০০০ বছর আগে আমরা সবাই হিন্দু ছিলাম, তারও ১০০০ বছর আগে ছিলাম বৌদ্ধ। আমাদের মধ্যে তাই ঐ মূল্যবোধগুলো আজও রয়ে গেছে।

"তাহলে তোমরা মুসলিম হলে কীভাবে?"

গানে গানে।

"হোয়াট? ঠাট্টা করো, না?"

মোটেই না। সুফিজম দিয়ে ইসলামের প্রবেশ বাংলায়। ভারতবর্ষ খুব ধর্মনিরপেক্ষ ছিল সবসময়ই। ব্রিটিশগুলো এসে সব নষ্ট করলো। '৪৭-এ জোর করে আমাদের পাকিস্তান বানিয়ে দিয়ে গেলো।

"ওহ, এখন মনে পড়ছে। তোমরাই ইস্ট প্যাকিস্ট্যান ছিলে, তাই না?"

আন্টিল ১৯৭১। তোমরা তো তখন ওদের ইয়ার! ৭ম নৌবহর পাঠিয়ে দিল তোমাদের নিক্সন সাহেব।

"উফফ, নিক্সন!"

হ্যাঁ, কী বুঝে যে এমন একটা প্রেসিডেন্ট বানালা! যাক, হি ইজ নো লঙ্গার দ্য ওয়ার্স্ট!

"(কাষ্ঠ হাসি)"

তোমরা যে কী করছো মুসলমানদের সাথে! এক কাতারে ফেলে সবাইকে মাপছো। খুব আনফেয়ার। আমার মত মডারেটদের দূরে ঠেলে দিচ্ছো দিনদিন।

"বাট ইউ মুসলিমজ আর সো ক্রেইজি!"

অ্যাপারেন্টলি নট ক্রেইজি এনাফ টু বম্ব দ্য রঙ কান্ট্রি! লুক, আমরা টুইন টাওয়ার ধ্বংস করা সমর্থন করি না। তবে টুইন টাওয়ার যেই শোষণের প্রতীক, সেটারও বিরোধী।

"কিন্তু কেন? ওটা তো ফ্রি ট্রেডের প্রতীক!"

ফ্রি ট্রেড মাই অ্যাস! এখন আউটসোর্সিঙ্গে এত গা জ্বলে কেন? আমরা তো আরও জঘন্য শোষণ সয়ে এসেছি। আমাদের দেশে আমরা মাথা কুটে মরছি তালেবানি শক্তি ঠেকাতে, ওদিকে বাইরে এসে এমন ঝামেলায় পড়ছি যেন দাদার গোত্র থেকে আমরা সন্ত্রাসী। ইন ফ্যাক্ট, বিন লাদেনের পরিবার তো ভালই আছে। আমাদের উপর এত ফ্যাকরা কেন রে ভাই?

"তা ঠিক, আমরা কিছু ব্যাপারে একটু বেশি বেশি করে ফেলছি। ইট ইজ অল ভেরি আনফরচুনেট।"

ইউ বেট! সবচেয়ে খারাপ তোমাদের ইমিগ্রেশন।

"কেমন?"

আমি এই দেশে আসার আগে আমাকে স্ট্রিপ সার্চ করা হয়েছে।

"আই এম স্যরি টু হিয়ার দ্যাট, ম্যান!"

জানুয়ারির শীতের সকালে।

"শিট!"

এক প্লেন লোকের সামনে। প্লেনের দরজার বাইরে দাঁড় করিয়ে।

"ওহ নো!"

আমি প্রোফাইলিঙ্গের পক্ষে, আমি ডোমেস্টিক সারভেইলেন্স সমর্থন করি। আমাকে সার্চ করারও পক্ষে আমি। আই নো আই ফিট দ্য সাসপিশাস প্রোফাইল। তবে আমাকে মনে হয় একটা আলাদা রুমে নিয়ে গেলেও পারতো।

"জানি না কী বলবো। আমি খুবই লজ্জিত, দুঃখিত।"

আমি আরো ঝামেলায় পড়েছিলাম ইমিগ্রেশনে। ১১:৩০-এ প্লেন নেমেছিল। আমি লাইনের শেষে ছিলাম। ইমিগ্রেশন অফিসার বলে দিল, দাঁড়িয়ে থাকো আড়াই ঘন্টা। আমি লাঞ্চে যাব। পেছনের অফিসার চোখ বাঁকিয়ে তাকানোর পর ডাকলো। বলে দিলো আমাকে ঢুকতে দেওয়া যাবে না। আবার চোখ বাঁকানো, আবার হুঁশে ফেরা।

"আমরা সবাই ওরকম না। তোমার কপাল খারাপ আসলে।"

হ্যাঁ, শুরুতেই রেডনেকের পাল্লায় পড়েছিলাম আর কি!

"হোহ হোহ হোহ! ওয়েলকাম টু অ্যামেরিকা!"

আমার সবচেয়ে পছন্দের অভিজ্ঞতাও কিন্তু এই দেশেই।

"তাই নাকি?"

আমার বাইসাইকেল চুরি গিয়েছিল একবার। ২০০৪-এর অগাস্ট। ডিপ সাউথে থাকি। ঘেমে শেষ কাজে আসতে আসতে। আমার সাথে আরও ৬ জন কাজ করে। জিজ্ঞেস করে জানল কারণ। পরদিন কাজে গিয়ে দেখি একটা খামে হাতে লেখা কিছু ভাল কথা, আর সাথে ১২৫ ডলার। ওদের আগের দিনের বেতন। আমি যেন আরেকটা বাইক কিনি, তাই।

"খুবই টাচিং ঘটনা।"

খুবই। আরেকটা আছে। একবার বৃষ্টি নামে নামে এক সন্ধ্যায় একটা গাড়ি থামলো পাশে। জানালা নামিয়ে এক মহিলা বললো, এই ছাতাটা তুমি রাখো। বললাম আমি লাইব্রেরিতে বসবো। জোর করে গছিয়ে দিল। ‘আমি গাড়িতে উঠে গেছি, এটা এখন তোমার কাজে লাগবে বেশি’। ছাতাটা আমি রেখে দিয়েছি। কোনদিন পথের কাউকে দেব বলে।

"সি, উই আর নট অল টু ব্যাড।"

জানি। এই দেশটা অনেক বড়। আকারে, মনেও। তবে ইউ কুড ডু বেটার ইন টার্মস অফ চুজিং রেপ্রিসেন্টেটিভস।

"(দীর্ঘশ্বাস)"

আমি লাদেন না, তুমিও বুশ না। অনেকেই ভুলে যাই আমরা এটা। আর, জন যখন গণ হয়ে যায়, তখন তার অনেক স্বাভাবিক বোধও লোপ পায়। আমরা কেউই এই দোষ থেকে মুক্ত না। এটা ভুলে যাওয়া খুব সহজ যে উই অল ব্লিড রেড।

"ইয়া, উই অল ওয়্যার আওয়ার প্যান্টস ওয়ান লেগ অ্যাট এ টাইম।"

হ্যাঁ, পিপল আর জাস্ট পিপল।

Monday, January 29, 2007

"If this is the America, then what is Afghanistan?"

I used to look at the west with amusement. Despite all its flaws, it was post-modern to me. Not any more. Not after this news.

The Federal Way school district (Washington) is restricting students from watching Al Gore's "An Inconvenient Truth" in class. Some nutcase fanatic filed a complaint demanding alternative explanations. The earth is 14,000 years old. It is said in the Bible that everything will "burn up" as Doom's Day nears. They have been expecting it for 3,500 years now. That is what should be taught and the movie should not be viewed at all.

WTF?!

If this is America, then what is Afghanistan?

Such fanatic explanations are understandable when human origin is the issue. It gives me great pride to believe that my fore-father came down all divine and complete from Heaven. Yet, it's hard for me to deny the little tail-bone. Evolution may be a less respectable explanation, but it is the only logical explanation around. However stupid the theory of "Intelligent Theory" may sound, it is somewhat acceptable; but definitely not this kind of nonsense.

What is next? Should the kids be taught that the earth is round, but it is flat too? Should they be told that the solar system is helio-centric, but then again the earth is the center too?